দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (১১ নভেম্বর) আগের দিনের দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় জ্বালানি পণ্যটির বাজারদর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি করলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।
বাজারের তথ্য অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৬ দশমিক ৭১ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ও কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহের মতে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করতে পারে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই দিন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী দুটি ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লাগার দাবি করেছে।
এলএসইজি অয়েল রিসার্চের বিশ্লেষণে বলা হয়েছে, কূটনৈতিক সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সমুদ্রপথ থেকে মাইন অপসারণ, বিমা ব্যয় এবং নিরাপত্তাঝুঁকি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
এর আগে মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করলে তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারের বেশি কমে যায়। পরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে না—ইরানের এক নিরাপত্তা কর্মকর্তার এমন বক্তব্যের পর বাজারে আবার দাম বাড়তে শুরু করে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং বৈশ্বিক তেলের সরবরাহের ওপর নির্ভর করছে আগামী দিনে জ্বালানি তেলের বাজারের গতিপথ।











