রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি রোহিঙ্গা শিবিরে বসবাসরত নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চলায় বাংলাদেশকে নানা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি এ সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করেছে।
তিনি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আন্তর্জাতিক মহলে এই মানবিক সংকটের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে ডাচেস অব এডিনবার্গকে স্বাগত জানিয়ে নারীর ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণদের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তিন দিনের বাংলাদেশ সফরে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বিপসটসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সফরের অভিজ্ঞতা তিনি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
বাংলাদেশের নারীদের অগ্রগতি, ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসাও করেন ডাচেস অব এডিনবার্গ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান