ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ কিলোমিটারে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ
মেহেদী হাসান মিলন : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার ভোর রাত থেকে যান চলাচল শুরু হওয়ার পর বেইলি সেতুতে ত্রুটি দেখা দিলে সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সরাইল উপজেলার শাহবাজপুরে সেতু মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শনিবার ভোর রাত থেকে যান চলাচল শুরু হলেও বেইলি সেতুতে কিছু ত্রুটি দেখা দেওয়ায় আবারো তীব্র যারজটের দেখা দেয়। এর ফলে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে সরাইল উপজেলার বেড়তলা পর্যন্ত মহাসড়কের দুপাশে বহু যানবাহন আটকে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।











