শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে অর্থের নিশ্চয়তা পরে ফ্র্যাঞ্চাইজি

news-image

আর ভুল নয়, এবার বিপিএল’র ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে আগেই সাড়ে পাঁচ কোটি টাকার নিশ্চয়তা নিয়ে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেন ক্রিকেটাররা মাঠে নামতে পারেন নিশ্চিন্ত মনে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এমনই সিদ্ধান্ত নেন। পরে তিনি তা সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম, আজ (গতকাল) আসলাম বিপিএল নিয়ে খোঁজ-খবর নিতে এবং  পরের করণীয় নিয়ে কথা বললাম। পুরনোদের মধ্যে রংপুর তাদের পুরো বকেয়া পরিশোধ করেছে। এখন আমাদের কাছে বিবেচনাধীন আছে নতুন ১১টিসহ ১২টি প্রতিষ্ঠানের আবেদন। ৩০ বা ১ তারিখের দিকে ওদের (ফ্র্যাঞ্চাইজি) চিঠি দেবো, এক কোটি টাকার পে অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আমাদের কাছে জমা দেয়ার জন্য। ব্যাংক গ্যারান্টির টাকা প্লেয়ার্স পেমেন্টের। এক কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি। এই সাড়ে ৫ কোটি টাকা পেলে আমাদের আর কোন রিস্ক থাকে না, সব খরচ কাভার হয়ে যায়। আগের ২ বারের মতো সমস্যা হওয়ার সুযোগ নেই। এটা দেয়ার পর আমরা স্ক্রুটিনি (বাছাই) করে দেখবো কাকে  ফ্র্যাঞ্চাইজি দেয়া যায়।’ এছাড়াও ক্রিকেটারদের কোটা ও পুরনো ফ্র্যাঞ্চাইজিদের নিয়েও তিনি বিসিবির সিদ্ধান্ত তুলে ধরেন। 
দেশী-বিদেশী ক্রিকেটারদের কোটা
বিপিএল-এ এবার ক্রিকেটার নেয়া হবে প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে। এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘আরেকটা জিনিস আলাপ হয়েছে তাহলো দেশী-বিদেশী ক্রিকেটারদের কোটা তৈরি। যে অবস্থা হয়েছে আমাদের তাতে প্লেয়ার্স বাই চয়েসেই যেতে হবে। দেশের ক্রিকেটারদের ক্যাটাগরি করে সিলেক্ট করতে হবে। নজর দিতে হবে একটা টিম খুব বেশি শক্তিশালী এবং আরেকটা বেশি দুর্বল যাতে না হয়। বিদেশী ক্রিকেটারদেরও বিরাট লিস্ট আমরা দিয়ে দেব। প্রতি দল এখান থেকে ৪ জন করে ক্রিকেটার নিতে পারবে। এতে ৭ কোটি টাকার মধ্যে ভাল দল করা সম্ভব। এর বাইরেও কেউ বিদেশী আনতে পারে। তবে তাদের পেমেন্টের দায়ভার বিসিবি’র থাকবে না। 
৫ ফ্র্যাঞ্চাইজির শেষ সময় ২৭শে আগস্ট


পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রংপুর ছাড়া ৫টি দলের কাছে বিসিবি এখন ক্রিকেটারদের পাওনা বাবদ প্রায় ৩৬ কোটি টাকা পাবে বলেও জানান নাজমুল হাসান। নতুন ১১টি প্রতিষ্ঠানের পাশাপাশি পুরনোদেরও সুযোগ দিতে চায় বিসিবি। তবে সেই সুযোগ ২৭ আগস্ট পর্যন্ত। বিসিবি সভাপতি বলেন, ‘২৭ তারিখ পর্যন্ত পুরনোদের সময় আছে। সেদিন পর্যন্ত শেষ দেখবো। প্রায় ৩৬ কোটি ৮১ লাখ টাকা পাওনা ৫টি ফ্র্যাঞ্চাইজির কাছে। সিলেটের কাছে বাকি আছে দুই আসরে, প্রায় সাড়ে ৮ কোটি টাকা, বরিশাল সাড়ে ছয়  কোটি, খুলনা ৮  কোটি ১৯ লাখের মতো, রাজশাহী ৬ কোটি ৯ লাখ এবং চিটাগং ৭ কোটি ৪৫ লাখ। ২-১ লাখ টাকা এদিক-সেদিক হতে পারে। সব দেনা মিটিয়েই এখনও এ পরিমাণ টাকাই পাবো তাদের কাছে। তারা পাওনা পরিশোধ করে নতুন আসরের জন্য যদি সাড়ে পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয় তাহলেই তাদের সুযোগের কথা বিবেচনা করা হবে। রংপুর ছাড়া কেউ পেমেন্ট দেয়নি। আমি তো ওদের নামও শুনতে চাই না। সব শর্ত পূরণের পরই আমরা বুঝতে পারবো কাকে দেয়া যায়। তবে তাদের নেয়াটা এথিক্যাল হবে কিনা জানি না। কিন্তু যেহেতু এবার কোন রিস্ক থাকছে না তাই তাদের নেয়াই যায়।’ 


এবার বাড়তে পারে দল
নতুনদের পাশাপাশি পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে অনেকেই বিপিএল-এ থাকার আগ্রহ প্রকাশ করেছে। তাই শেষ পর্যন্ত বেড়ে যেতে পারে এবারের দলের সংখ্যাটাও। বিসিবি সভাপতি বলেন, ‘এখনও আমাদের বিবেচনায় আছে ১২টি দল, পুরনো কেউ এলে আরও বাড়বে। তখন ওখান  থেকে আমাদের বাছতে হবে। আমরা এবার দেখব যাদের ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভাল, স্পোর্টসে আগ্রহ আছে, আগেও বিভিন্ন টুর্নামেন্টে পয়সা খরচ করেছে বা স্পন্সর করেছে, ক্রিকেটের স্বার্থে বিনিয়োগ করতে চায়, তাদেরই রাখবো।
এখনই বলা মুশকিল। তবে সাড়ে ৫ কোটি টাকা চাওয়ার পর যদি দেখি জমা দিয়েছে ৫টি কোম্পানি, তখন আমরা কি করবো? কাজেই তখনই আমরা বলতে পারবো কাকে দেবো, কাকে  দেবো না। ৭ দলের  বেশিও হতে পারে। এমন যদি হয় আমরা মনে করি যে বেশ কয়েকজন ভাল উদ্যোক্তা আছে, তাহলে আমরা দল বাড়াতেও পারি।