ছুটির দিনেও তেলের পাম্পে দীর্ঘ লাইন
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের কারণে দেশে জ্বালানিসংকটের প্রভাব কিছুতেই কমছে না। ছুটির দিন গতকাল শুক্রবারও রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইক ও গাড়িচালকদের তেল সংগ্রহ করতে দেখা গেছে। অনেকে অভিযোগ করেছেন, চৈত্রের তীব্র গরমে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষার পর তেল সংগ্রহ করতে হয়েছে। এর মধ্যেও বেশির ভাগ পাম্পে তেল নেই।
তবে যেসব পাম্পে তেল রয়েছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও চালকরা চাহিদামতো তেল পাচ্ছেন না। এতে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ করা গেছে। আবার পাম্প মালিকরাও বলছেন, চাহিদা অনুযায়ী তাঁরাও ডিপো থেকে তেল পাচ্ছেন না।
গতকাল সরেজমিনে রাজধানীর আসাদ গেটসংলগ্ন সোনার বাংলা পেট্রল পাম্প, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, কুড়িলে পিনাক্যাল পেট্রল পাম্পসহ গাবতলী ও মিরপুর এলাকার বিভিন্ন পাম্পে দেখা গেছে তেলের জন্য বাইক ও গাড়ির দীর্ঘ লাইন।
আসাদ গেটে সোনার বাংলা পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করতে আসা চালক বেলাল আহমেদ বলেন, ‘পাম্পে সব মেশিন চালু না রাখায় তেল সরবরাহ ধীরগতিতে হচ্ছে। এতে লাইনের দৈর্ঘ্য বাড়ছে আর তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি নিয়ে আমাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে। সামনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বুঝতে পারছি না।’
একই পাম্পে আব্দুর রহমান নামের এক বাইক চালক বলেন, ‘প্রতিদিন তেল সংগ্রহ করতে লাইনেই চলে যাচ্ছে তিন-চার ঘণ্টা। আর আজ পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেলাম মাত্র ৫০০ টাকার তেল। এতে কোনোভাবেই পুষিয়ে নিতে পারছি না।’ সোনার বাংলা পেট্রল পাম্পের বিক্রয়কর্মী তানভীর কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পাম্পে পর্যাপ্ত তেল নেই, এ কারণে লম্বা লাইন হচ্ছে।’
একই পাম্পে কথা হয় কয়েকজন কার চালকের সঙ্গে।
তাঁরা জানান, ছুটির দিনে অন্য কোনো কাজ না থাকায় তাঁরা এসেছেন তেল সংগ্রহ করতে। গাড়ির পুরো ট্যাংক লোড করতে পারলে পুরো সপ্তাহ চলে যাবে। কারণ অন্যদিন তেল সংগ্রহে এত দীর্ঘ সময় পাওয়া যায় না।
গতকাল রাজধানীর বেশ কিছু তেলের পাম্প পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। আসাদ গেট এলাকায় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মানুষ আতঙ্কের জায়গা থেকে তেল সংগ্রহ করছে, যে কারণে প্রতিটি পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। আমরা কয়েকটি গাড়ি চেক করে দেখলাম সেখানে অলরেডি পর্যাপ্ত তেল রয়েছে। জিজ্ঞেস করলাম, তার পরও কেন আপনারা আবার তেল নিচ্ছেন? তাঁরা বলেছেন, তাঁরা ঢাকার বাইরে যাবেন, এ জন্য আরো তেল লাগবে। কিন্তু বাড়তি তেল সংগ্রহ না করলে আরো দুই-তিন দিন ঢাকায় গাড়ি চালাতে পারবেন। তার পরও আতঙ্কের জায়গা থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। এভাবে দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।’
বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে সরকারের নানা উদ্যোগ :
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে নতুন কর্মকৌশল গ্রহণ করেছে সরকার। এর আওতায় প্রতিদিন প্রায় তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের প্রণীত সমন্বিত কর্মকৌশলে প্রতিদিন প্রায় তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনার লক্ষ্য কৃষিজমিতে সেচ সুবিধা প্রদান, সারের উৎপাদন, মজুদ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিতকরণ এবং শিল্প উৎপাদন ও প্রবৃদ্ধি বজায় রেখে শিল্প খাতে প্রয়োজনীয় জ্বালানির জোগান দেওয়া।
ভোলায় দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২ : গতকাল ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় দুই হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের একটি দল ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি স্টিল বডির বোটে করে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরে এই তেল ‘এ রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে’ বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়। আর আটক দুই ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয়।










