শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে গৃহকর্মীর ধর্ষন মামলা নথিভূক্ত : ইজ্জতের মূল্য বৃদ্ধি করেও শেষ রক্ষা হয়নি

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : অবশেষে সরাইলের গৃহকর্মীকে ধর্ষনের পর বিষ পান করিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি নথিভূক্ত হয়েছে। গত শুক্রবার মানবজমিনে এ বিষয়ে রিপোর্ট প্রকাশের পরই নথিভূক্ত হয় মামলাটি। ইজ্জতের মূল্য ৪০ থেকে ১ লাখ টাকা করার পরও শেষ রক্ষা হয়নি আসামীর। গত তিন ধরে বিষয়টি ছিল ‘টক অব দি সরাইল।’ স্থানীয় লোকজন জানায়, গত ১৪ আগষ্ট উপজেলার নোয়াহাটি গ্রামের গৃহকর্তা সেদী প্রবাসী স্বপন কর্তৃক গৃহকর্মী ধর্ষন ও বিষ পানে হত্যার চেষ্টার বিষয়ে সরাইল থানায় ১৯ আগষ্ট লিখিত অভিযোগ দায়ের করে গৃহকর্মী নিজে। মামলাটি থামিয়ে বিষয়টিকে কোন রকমে মাটিচাপা দিতে উঠে পড়ে লেগে যায় কিছু গ্রাম্য সর্দার ও মাতব্বর। সর্দারিতে অংশ নেন স্থানীয় মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমিনুল হক। মামলাটি প্রত্যাহারের জন্য করা হয় একাধিক সালিস নাটক। গৃহকর্মীর ইজ্জতের মূল্য নির্ধারন করা হয় ৪০ হাজার টাকা। বাদীকে টাকা বুঝিয়ে দেয়ার দায়িত্ব নেন সহকারি স্কুল শিক্ষক। বাদ রাখেননি হুমকি ধামকি ও ভয়ভিতি। গত শুক্রবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম  “সরাইলে গৃহকর্মীকে ধর্ষনের পর বিষ পানে হত্যার চেষ্টার অভিযোগে মামলা” শিরোনামে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। সাবধানে পথ চলতে শুরু করেন পুলিশ। কিছুটা পিছু হটেন সর্দার ও মধ্যস্থতাকারীরা। শুরু করেন গোপন বৈঠক। শুক্রবার দিনভর দফায় দফায় গৃহকর্মীর বাড়িতে হানা দেন গ্রাম্য মাতব্বররা। অনেক টানা পোড়েনের পর শুক্রবার ২১ আগষ্ট মামলাটি নথিভূক্ত করেন পুলিশ। ফের সালিসে বসে গৃহকর্মীর ইজ্জতের মূল্য বৃদ্ধি করা হয়। ৪০ হাজার থেকে করা হয় ১ লাখ টাকা। ৮০ হাজার টাকা পাবে গৃহকর্মী। আর ২০ হাজার টাকা খরচের। ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকী ৪০ হাজার দেয়া হবে আগামী মঙ্গলবারে। শুক্রবার রাত ৯টার পর অনেক বুঝিয়ে গৃহকর্মীকে সাথে নিয়ে শিক্ষক মমিনুল হকের নেতৃত্বে থানায় যান ওই গ্রামের মাতব্বররা। সেখানে গিয়ে জানতে পারেন মামলাটি নথিভূক্ত হয়ে গেছে। হতাশ হন তারা। আপোসকারীদের মন খারাপ হলেও খুশি হন সাধারন সচেতন লোকজন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মুজিবুর রহমান বলেন, মামলাটি নথিভূক্ত হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।