সামরিক পদক্ষেপের সুযোগ থাকবে
পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করলে সামরিক পদক্ষেপসহ যুক্তরাষ্ট্রের হাতে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে। ডেমোক্র্যাট দলীয় এক আইনপ্রণেতার কাছে লেখা একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। মার্কিন কংগ্রেসে ইরানের পরমাণু চুক্তিটি অনুমোদনে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের লক্ষ্যে গত বুধবার ওবামা নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি জেরল্ড নাডলারকে চিঠিটি লেখেন। ওবামা চিঠিতে লিখেছেন, 'পরমাণু বোমা বানানোর লক্ষ্যে ইরান বাড়াবাড়ি করলে সামরিক পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। শুধু চুক্তির মেয়াদ পর্যন্তই নয়; বরং মেয়াদ পার হওয়ার পরও এসব সুযোগ খোলা থাকবে।' চিঠিটি নিউইয়র্ক টাইমস প্রথম প্রকাশ করে। গার্ডিয়ানও চিঠিটি দেখার সুযোগ পেয়েছে।
বেশ কয়েক সপ্তাহ ধরে ইরানের চুক্তিটির পক্ষে মার্কিন পার্লামেন্টের আইনজীবীদের সমর্থন আদায়ের লক্ষ্যে যেসব কথা বলে আসছেন ওবামা, ওই চিঠিতেও সেসব কথাই উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত এই পরমাণু চুক্তিটি বেশ ভালো। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি। পরমাণু তৎপরতার বাইরে যেমন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন যে কোনো কাজের জন্য ইরানকে শায়েস্তা করার সুযোগও যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে চিঠিতে লিখেছেন ওবাম। ইরানের পরমাণু চুক্তিটির পক্ষে হোয়াইট হাউস সম্প্রতি ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। রিপাবলিকান আইনপ্রণেতারা ছাড়াও কিছুসংখ্যাক ডেমোক্র্যাট আইনপ্রণেতাও এই চুক্তির বিপক্ষে পার্লামেন্টে ভেটো দিতে পারেন। এই ভেটো ঠেকাতেই ওবামার পক্ষে প্রচার চালাচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, 'প্রেসিডেন্ট ওবামা এবং প্রতিনিধি নাডলারসহ তার টিমের জ্যেষ্ঠ সদস্যরা নিয়মিতভাবে কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চুক্তির সুযোগসুবিধা বিবেচনা করতে প্রয়োজনীয় তথ্য যাতে তারা হাতের কাছেই পায়, সে বিষয়টি নিশ্চিত করাই এর লক্ষ্য।'











