শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বন্ধু!

news-image

কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালিয়েছেন দুজন। নেইমার-সুয়ারেস আসার আগে বার্সেলোনার আক্রমণভাগে মেসির সঙ্গে পেদ্রোর জুটিটাও তো ছিল দারুণ। ২০১০-১১ মৌমুমে দাভিদ ভিয়ার সঙ্গে মিলে গোলের সেঞ্চুরির (৯৮) দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এই দুজন। সেই পেদ্রো বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন চেলসিতে। প্রিয় সতীর্থের বিদায় বেলায় মেসি শুভকামনার বার্তা পাঠিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০৮ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক পেদ্রোর। সেই থেকে তাঁর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন মেসি। একই সঙ্গে মেতে উঠেছেন শিরোপা জয়ের উল্লাসে, ভাগাভাগি করেছেন হারের দুঃখ। সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক পেদ্রো সম্পর্কে বলেছিলেন, 'এই জয়টা প্রাপ্য ছিল পেদ্রোর।' সেই সতীর্থের বিদায়ে ফেসবুকে শুভকামনার বার্তা পাঠিয়েছেন তিনি এই লিখে, 'গত কয়েক বছর আমরা ভাগাভাগি করেছি অসাধারণ সব মুহূর্ত। শুভকামনা রইল তোমার নতুন অধ্যায়ের জন্য পেদ্রো!' অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগই আপাতত হয়ে রইল পেদ্রোর সঙ্গে খেলা মেসির শেষ ম্যাচ।

চেলসি নয়, স্প্যানিশ ফরোয়ার্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথাই শোনা যাচ্ছিল জোরেশোরে। কিন্তু মাঝখান থেকে ছোঁ মেরে ৩০ মিলিয়ন ইউরোতে ব্লুরা তুলে নিয়ে গেছে পেদ্রোকে। ম্যানইউকে বাদ দিয়ে চেলসিকে বেছে নেওয়ার প্রধান কারণ হিসেবে সাবেক বার্সেলোনা তারকা চিহ্নিত করেছেন হোসে মরিনহোকে। পর্তুগিজ কোচের তাঁর প্রতি প্রচণ্ড আগ্রহ স্ট্যামফোর্ড ব্রিজ বেছে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি, 'এখানে আসার কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ ছিলেন তিনি (মরিনহো)। তিনি বেশ কয়েকবার ফোন করেছিলেন আমাকে, বলেছিলেন দলকে শক্তিশালী করতে আমাকে তাঁর খুব দরকার। যেখানেই গেছেন তিনি শিরোপা জিতেছিলেন। তাঁর অধীনে কাজ করতে মুখিয়ে আছি।' আরেকটি কারণ তিনি না বললেও জানা ছিল তাঁর, সেটি হলো সেস্ক ফাব্রেগাস। স্প্যানিশ জাতীয় দলের সতীর্থের বিষয়টি তিনি ব্যাখ্যা করলেন এভাবে, 'সেস্কের সঙ্গে কথা হয়েছিল আমার, ও আমার খুব ভালো বন্ধু। জানি এখানে বাড়ির মতোই অনুভব করব আমি, এটাও একটা বড় কারণ এখানে আসার পেছনে।' সঙ্গে যোগ করলেন, 'সেস্ক ছাড়াও ডিয়েগো কোস্তা ও চেসার আজপিলিকুয়েতার সঙ্গেও আমি এর আগে খেলেছি জাতীয় দলে। তাই এখানে আমার ভালোই কাটবে।' এএফপি