দারিদ্রতা ! খাদ্য কষ্টে ৩ নবজাতক : মায়ের আকুতি
মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : নাম কাজল রানী সরকার (২৫)। স্বামী থেকেও নেই। পিতা দিন মজুর দেবেন্দ্র চন্দ্র সরকারই (৬০) এখন ভরসা কাজলের। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ঘোষ পাড়ায় ছোট একটি কুটিরে গিজাগিজি করে বাস করছে দরিদ্র ওই পরিবারের ১১ সদস্য। ভিটি মাটি ছাড়া আর কোন জায়গা জমি নেই তার। বৃদ্ধ দেবেন্দ্রের শ্রম বিক্রির টাকায় চলে পরিবারটি। কাজ না পেলে অর্ধাহার অনাহার থাকতে হয় পরিবারের সকলের। কাজলের তিন নবজাতক ও আগের ছেলে বিশ্বাস (০৪) সহ পাঁচ জনের ভরন পোষণের দায়িত্ব এখন বৃদ্ধ দেবেন্দ্রের উপর। দিশেহারা দেবেন্দ্র। সুদে টাকা এনে কাজলের সন্তান প্রসবের চিকিৎসার ব্যয়ভার মিটিয়েছেন। এখন আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। তিন নবজাতক সহ কাজল চিকিৎসা ও আহারের অভাবে অসুস্থ্য হয়ে পড়ছেন। খাদ্যের জন্য ঠোট নেড়ে ছটফট করছে তিন নবজাতক। আর পাশে বসে কষ্টে কাঁদছে মা কাজল রানী। তাদের জীবন বাঁচানোর জন্য বারবার সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানাচ্ছেন। ইতিমধ্যে সরাইল প্রেস ক্লাব কাজলকে ৫ হাজার টাকা দিয়েছে। কাজলের বাবার পরিবার সূত্রে জানা যায়, শ্রম বিক্রি করেই সংসারের ঘানি টানছেন দেবেন্দ্র। ৫ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক তিনি। স্ত্রী সহ পরিবারের ৮ সদস্যের দিন কাটছে অনেক কষ্টে। সন্তানদের সামান্য পড়িয়েছেনও তিনি। সকলের ছোট ছেলে জয় (১৫) বর্তমানে কালিকচ্ছ পাঠশালায় দশম শ্রেণীতে পড়ছে। বড় সন্তান কাজল রানী। নয় বছর আগে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মাত্র ১৬ বছর বয়সে কাজলের বিয়ে হয়। স্বামী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামের আকিল সরকারের ছেলে প্রান্তুষ সরকার। ওই সময়ে তাকে নগদ ১৫ হাজার টাকা আট আনা স্বর্ণ যৌতুক দেওয়া হয়। তাদের ঘরে ১টি ছেলে জন্ম নেয়। নাম বিশ্বাস। ৪ বছরের বিশ্বাস সহ অন্ত:সত্তা স্ত্রী কাজলকে বাবার বাড়িতে ফেলে প্রান্তুষ চলে যায়। স্ত্রী সন্তানের কোন খোঁজ নেয়নি আদৌ। মরার উপর খারার ঘা। গত ২৫ জুন কাজল সরাইল ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে এক সাথে তিনটি ছেলে সন্তান প্রসব করে। হাসপাতালে বিল হয় ১৯ হাজার টাকা। ৫ টাকা হারে সুদে ১৫ হাজার টাকা এনে বিল দেন দেবেন্দ্র। একদিকে সুদ অন্যদিকে কাজলের ঔষধ ও তিন বাচ্চার আহার যোগাড়। প্রতিদিন কাজও জুটে না। বয়সের ভারে নতজানু দেবেন্দ্র চোখে সরষে ফুল দেখছেন। খেয়ে না খেয়ে চলছে জীবন। তারপর চড়া দামে তিন বাচ্চার দুধ ক্রয় এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেবেন্দ্রের চোখে শুধু জল। চিন্তায় ভেঙ্গে পড়েছেন তিনি। দেবেন্দ্র কান্না জড়িত কন্ঠে বলেন, পরের কাজ করে জীবন কাটিয়ে দিলাম। এখন বৃদ্ধ তাই মানুষ কাজ দিতে চাই না। ছেলে মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। অভাবের কারনে তিন মেয়ে মনেষা, মালতি ও রিনাকে বিয়ে দিতে পারছি না। চোখের সামনে দেড় মাস বয়সের তিন নাতী তৃশাল, বিকাশ ও তিতাস উপোষ থাকবে তা আমি কিভাবে সহ্য করব? অসুস্থ্য মেয়েটাও যন্ত্রনায় ছটফট করছে। কি করব ভেবে পাচ্ছি না। কাজল রানী সরকার বলেন, বাবা বৃদ্ধ। এখন বিশ্রামে থাকার কথা। বড় ভাইও নেই। অথচ আমাদের ভাতের জন্য বাবাকে অন্যের কাজ করতে হয়। স্বামী চলে যাওয়ায় আমার সন্তানদের বোঝাও এখন বাবার উপর। চিন্তায় তিনি বাঁচবেন না। ৭শ টাকার দুধে তিন বাচ্চার ৭দিন চলে। টাকার অভাবে বাচ্চাদের আহারই যোগাড় করতে পারছি না। আমি হতভাগিনী মা। দুনিয়াতে এসেই আমার তিন সন্তানকে অনাহার থাকতে হবে এমনটা ভেবে আত্মহত্যা করতে ইচ্ছে করে। আমি সন্তান সহ বাঁচতে চাই। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ বৃদ্ধ বাবা সন্তান ও আমাকে আপনারা বাঁচান। আমি আর পারছি না। কাজলের চাচী লক্ষী রানী সরকার বলেন, চিকিৎসা ও আহারের অভাবে বাচ্চাসহ কাজল দূর্বল হয়ে যাচ্ছে। কারো সহায়তা না পেলে এদের বেঁচে থাকা কঠিন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার তাদের আকুতিতে এগিয়ে আসছে না। চেয়ারম্যান মোঃ তকদির হোসেন বলেন, আমি বিষয়টি জানি না। তাদেরকে সহায়তা করার চেষ্টা করব।











