রাজশাহীতে ট্রাকচাপায় এক পরিবারের ছয় জনসহ নিহত ৭
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় একই পরিবারের ছয়জন ও অটোরিকশার চালকসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের মালিপাড়া তেববাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নিহতদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে। ভ্যানের সাতজনের মধ্যে ছয়জনই ঘটনাস্থলেই নিহত হন। অপর এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকের চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ক্ষুব্ধ লোকজনের রোষানলে জ্বলন্ত ট্রাকটির কাছে সহজে পৌঁছাতে পারেনি। প্রায় আধা ঘন্টাপর তাহেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ট্রাকের অধিকাংশ পুড়ে যায়।
পুঠিয়া সংবাদদাতা জানান, নিহতদের ছয়জন একই পরিবারের সদস্য। অপর ব্যক্তিটি ভ্যানচালক। তারা দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। এরা হলেন, পুঠিয়ার দাসমাড়িয়া এলাকার বিমল ঠাকুরের স্ত্রী সুমি (২৮), ছেলে রুদ্র (৫), নিহত সুমির ভাইয়ের মেয়ে পুজা (১০), বিদ্যুত্ (৩৫), বিদ্যুতের স্ত্রী বৃষ্টি (২৫)। রামেক হাসপাতালে আনা শিশু এবং ভ্যান চালকের নাম জানা যায়নি। বিমলের পরিবারের সদস্যরা ওই ব্যক্তির ভ্যানে চড়েই দাওয়াত খেতে গিয়েছিলেন। পুঠিয়া থানার ওসি তদন্ত হাফিজুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।’ তবে চালক পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে বলে স্থানীয়রা ওই বাড়িটি ঘিরে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বালুবাহী ট্রাকটি তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ট্রাকটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ভ্যানের ছয়জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তাদের লাশ রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত ট্রাকটি ধাওয়া করে সেটি আটক করে আগুন ধরিয়ে দেয়।
গুরুতর আহত এক শিশুকে প্রথমে তাহেরপুর বাজারের গ্রাম্য চিকিত্সকের কাছে নেয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহীতে পাঠানো হয়। রামেক হাসপাতলে আনার পর চিকিত্সকরা ওই শিশুটিকেও মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পরে আশেপাশের হাজার হাজার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তাদের মাঝে ক্ষোভ ছড়িয়েও পড়ে।











