শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার হত্যার নির্দেশনা আসে কারাগার থেকে

news-image

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় ও সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার নির্দেশনা আসে কারাগার থেকে। নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রতিষ্ঠাতা মুফতি জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে এ নির্দেশনা পাঠান। মাঠপর্যায়ে পরিকল্পনা ও অর্থ জোগান দেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় এবিটি স্লিপার সেলের ৫ সদস্য। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর এবিটির অর্থদাতা তৌহিদুর রহমান, স্লিপার সেলের সদস্য সাদেক আলী মিঠু ও সক্রিয় সদস্য আমিনুল ইসলাম মল্লিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছে বলে র‌্যাব জানিয়েছে। সোমবার রাতে নীলক্ষেত ও ধানমণ্ডি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

ব্লগার হত্যার সঙ্গে জড়িত ব্রিটিশ নাগরিকের বিচার কার্যক্রম দ্রুত শুরু করার দাবি করেছে ব্রিটিশ মানবাধিকার অ্যাসোসিয়েশন। তারা যুক্তরাজ্য সরকারের কাছেও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ কামনা করেছে। বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, ডেইলি মেইল, নিউইয়র্ক টাইমস, সিএনএন, আলজাজিরাসহ সব আন্তর্জাতিক গণমাধ্যমই তাদের অনলাইন সংস্করণে মঙ্গলবার বিশেষ গুরুত্ব দিয়ে এদের গ্রেফতারের খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে তার ভাই এবিটির বর্তমান সংগঠন আবুল বাশার ও এবিটি সদস্য সাদেক আলী মিঠুর মাধ্যমে অভিজিৎকে কারাগার থেকে হত্যার নির্দেশনা পাঠায়। হত্যাকাণ্ডের তিন ঘণ্টা আগে খুনিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে বৈঠক করে। হত্যাকাণ্ড ঘটানোর দেড় ঘণ্টা আগে মেলায় যায় এবং অভিজিৎকে অনুসরণ করে। গ্রেফতার হওয়া সাদেক আলী ওরফে মিঠু ছাড়াও খুনে সরাসরি অংশ নেয় রমজান ওরফে সিয়াম, নাঈম, জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান। তারা পলাতক।


২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করা হয়। ওই সময় তার স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যাও গুরুতর জখম হন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার দায় স্বীকার করে পোস্ট দেয় আনসার বাংলা-৭ নামের একটি জঙ্গি সংগঠন। ওই ঘটনায় নিহত অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ১২ মে সিলেট মহানগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার চৌরাস্তায় ব্লগার লেখক ও ব্যাংকার অনন্ত বিজয় দাসকে বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর আনসার বাংলা-৮ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
র‌্যাব জানায়, র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দা অনুসন্ধানে জানতে পারে, এবিটির কয়েকজন সক্রিয় সদস্য অভিজিৎ ও অনন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবিটিরি সংগঠক জসিম উদ্দিন রহমানীর স্বাস্থ্য উপদেষ্টা ও এবিটির অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সাদেক আলী মিঠুকে (২৮) সোমবার রাতে নীলক্ষেত থেকে গ্রেফতার করা হয়। মিঠুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাছুমপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী।


সাদেক আলী মিঠুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল ব্লগার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এবিটির অর্থ সরবরাহকারী তৌহিদুর রহমান (৫৮) ও সক্রিয় সদস্য আমিনুল মল্লিককে (৩৫) ধানমণ্ডির স্টার কাবাবের কাছ থেকে গ্রেফতার করে। তৌহিদের গ্রামের বাড়ি যশোর সদরের খরকী গ্রামে। তার বাবার নাম রশিদুর রহমান। আমিনুল মল্লিক শরীয়তপুর সদরের সন্তোষপুর গ্রামের আবদুল জব্বার মল্লিকের ছেলে।
র‌্যাব আরও জানায়, সাদেক আলী মিঠু ও তৌহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদে অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনা ও কিলিং মিশনে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তৌহিদুর রহমান মূলত জসিম উদ্দিন রাহমানীর অনুপস্থিতিতে এবিটির আর্থিক বিষয় দেখাশোনা করত। সেসব হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। তৌহিদুর রহমান যুক্তরাজ্য প্রবাসী এবং একজন আইটি বিশেষজ্ঞ। ৯০-এর দশকে তিনি লন্ডন যান এবং আইটি বিষয়ে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। পরে জসিম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এবিটিতে যোগ দেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অভিজিৎ ও অনন্ত বিজয়ের সব কার্যক্রম পর্যবেক্ষণ ও তাদের গতিবিধির ওপর নজর রাখতেন। গ্রেফতার হওয়া অপর আসামি সাদেক আলীর সঙ্গে জসিম উদ্দিন রাহমানীর পরিচয় হয় ২০০৭ সালে। তিনি একটি প্রেসের কর্মচারী। রাহমানী তার কাছে বিভিন্ন প্রকাশনার কাজে যেতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে সাদেক এবিটিতে যোগ দেয়। ২০১২ সাল পর্যন্ত সাদেক এবিটির স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে। সাদেক বিভিন্ন সময়ে সে কাশিমপুর কারাগারে গিয়ে জসিম উদ্দিন রাহমানীর সঙ্গে সাক্ষাৎ করে। রাহমানী তাকে বিভিন্ন কার্যক্রমের দিকনির্দেশনা দিত। আমিনুল মল্লিকও এবিটির সক্রিয় সদস্য। সে মূলত পাসপোর্ট অফিসে দালালি করত। এবিটির যেসব সদস্য অপরাধ সংগঠনের পর আত্মগোপনের জন্য দেশের বাইরে যেতে চায় তাদের বিভিন্ন নামে পাসপোর্ট তৈরি করে দিত আমিনুল।


আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, জসিম উদ্দিন রাহমানী জেলে অবস্থানের সময় সাদেক আলী মিঠু ও তার আপন ছোট ভাই আবুল বাশার (২০১৩ সালে জসিম উদ্দিন রাহমানী গ্রেফতারের পর সংগঠনের পরিচালনার দায়িত্ব পায়) মাধ্যমে বিভিন্ন হত্যাকাণ্ডের দিকনির্দেশনা নিয়ে আসত। নির্দেশনা মোতাবেক তৌহিদুর রহমান সব হত্যাকাণ্ডের পরিকল্পনা করত। অভিজিৎ ও অনন্ত হত্যাকাণ্ডের সঙ্গে এবিটির ৫ জন সক্রিয় সদস্য সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। তাদের মধ্যে সাদেককে গ্রেফতার করা হয়েছে। ব্লগার হত্যাকাণ্ডে অংশ নেয়া অপর সদস্যরা হচ্ছে রমজান ওরফে সিয়াম, নাঈম, জুলহাস বিশ্বাস, জাফরান আল হাসান। তারা এবিটির স্লিপার সেলের সদস্য এবং বর্তমানে পলাতক আছে। সাদেক ও তৌহিদ জিজ্ঞাসাবাদে আরও জানিয়েছে, পলাতক রমজান ও নাঈম ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। তারা ধারালো অস্ত্রের মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটায়। পলাতক রমজান ওরফে সিয়াম পেশায় কালোজিরা এবং মধু বিক্রেতা। এটি তার ছদ্মবেশ। পাশাপাশি রমজান বাংলাদেশের আল কায়দার সদস্য রিক্রুটের দাওয়াতি কাজ করে। রমজানের সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছে নাঈম। কিলিং মিশনে অংশ নেয়া ৫ জন অভিজিৎকে হত্যার বিষয়ে বেশ কিছুদিন আগে থেকেই পরিকল্পনা করে। হত্যাকাণ্ডের মাত্র তিন ঘণ্টা আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে বৈঠক করে। অভিজিৎকে হত্যার দেড় ঘণ্টা আগে ৫ জন একুশের বইমেলায় অবস্থান নেয় এবং অভিজিৎকে অনুসরণ করে। তাদের টার্গেটকৃত স্থানে অভিজিৎ ও তার স্ত্রী পৌঁছার পর কুপিয়ে হত্যা করে। একই গ্র“প সিলেটে অনন্তকে হত্যায় অংশ নেয়। হত্যাকাণ্ডের পর তৌহিদুর রহমানের নির্দেশে সাদেক, জুলহাস ও জাফরানের দায়িত্ব ছিল অনলাইনের মাধ্যমে হত্যাকাণ্ডের দায় স্বীকার করা। মুফতি মাহমুদ খান বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার বিষয়ে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। তারা আরও জানায়, হত্যার পর আতংক ছড়াতেই তারা চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ, অপর উপপরিচালক মেজর মাকসুদুল আলম।


দ্রুত বিচার দাবি করেছে এএইচএ : ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমানসহ তিন সন্দেহভাজনের দ্রুত বিচার শুরুর দাবি করেছে ব্রিটিশ মানবাধিকার অ্যাসোসিয়শেন (বিএইচএ)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রধান নির্বাহী এনড্র কপসন জানান, আইনশৃংখলা বাহিনী ব্লগার অভিজিৎ রায় ও অন্তত বিজয় দাশ হত্যার সঙ্গে ব্রিটিশ নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিচার কার্যক্রম শুরুর ক্ষেত্রে যাতে দেরি না হয়। তিনি বলেন, বাংলাদেশ সরকার তার নাগরিকদের সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা দেবে। বিবৃতিতে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ হলেও সরকার ইসলামী জঙ্গিগোষ্ঠীর এসব হত্যাকাণ্ড বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে সমালোচনা করা হয়েছে।
 

page/2015/08/19/310039#sthash.fZTMS9sA.dpuf