শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দালালদের নিয়ন্ত্রণে ওসমানী বিমানবন্দর

news-image

শত চেষ্টায়ও দালালমুক্ত করা যায়নি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পর এখানে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে  নানা উদ্যোগ নেয়া হয়। বিমানবন্দরের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়। কিন্তু তা মানা হচ্ছে না। টাকার বিনিময়ে দর্শনার্থী প্রতিদিনই ঢুকানো হচ্ছে বিমানবন্দরে। এ নিয়ে প্রতিদিনই হচ্ছে ঝামেলা। বিমানবন্দরের সিকিউরিটিদের একটি অংশ এর সঙ্গে জড়িত। দর্শনার্থী ঢুকানোর নামে আয় করা অর্থ ভাগবাটোয়ারা করে নেয় সিকিউরিটি কর্মকর্তারা। বিমানবন্দর কম্পাউন্ডের ভেতরে প্রবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি দালালচক্র। এই দালালচক্র আর সিকিউরিটি কর্মকর্তারা মিলেমিশে গোটা বিমানবন্দরকে যাত্রী হয়রানির কেন্দ্রে পরিণত করেছে। বিমানবন্দরের অভ্যন্তরে সিভিল এভিয়েশনের কোয়ার্টারে বসবাসকারী রুনু, মোগলীপাড়ের জাহাঙ্গীর, ময়নাল ও মুকুল, বড়শালার সেলিম ও হেলাল, নয়াবাজারের শামীম মিয়া ও লিটন মিয়া, আরিফ, সমছু, টিলাপাড়ার বাবুল, চৌদিদেখির রাসেল নিয়ন্ত্রণ করছে দর্শনার্থী ঢুকানোর ব্যবসা। এদের  তালিকা সরকারের একটি গোয়েন্দা সংস্থার করা।

এ তালিকা নিয়ে মাঝে মাঝে অভিযান চালালেও সিভিল এভিয়েশনের গুটিকয়েক দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিকিউরিটি কর্মকর্তার সহযোগিতায় এরা বিমানবন্দরের দালালিতে ফিরে আসে। দালাল ও সিকিউরিটি কর্মকর্তারা মিলে প্রতিনিয়ত সিলেট ওসমানী বিমানবন্দর এলাকাকে অপরাধ সাম্রাজ্যে পরিণত করেছে। যাত্রীরা তাদের হাতে নাজেহাল হন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, এখন আর টিকিট কেটে ভেতরে প্রবেশের সুযোগ নেই। তাই কয়েকজন সিকিউরিট কর্মকর্তার হাতে টাকা দিয়ে সহজেই ভেতরে প্রবেশ করে যাত্রীর স্বজনরা। আর এসব কাজে মূল ভূমিকা পালন করেন সিকিউরিটি সুপারভাইজার নির্মল ও সিকিউরিটি কর্মকর্তা নজরুল। এরা টাকার বিনিময়ে লোকজনকে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। বিমানবন্দরের বাইরে অপেক্ষারত যাত্রীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন দালালরা। তারা ভেতরে প্রবেশের জন্য বড় অঙ্কের টাকা দাবি করে। টাকার পরিমাণ ৫শ থেকে ১ হাজার পর্যন্ত হয়। দোতলায় লিফটের সামনে যেতে হলে টাকা দিতে হয় আরও বেশি। এসব ক্ষেত্রে নেয়া হয় ২ হাজার টাকার মতো। এই টাকা তুলে দেয়া হয় সিকিউরিটি কর্মকর্তাদের কাছে। পরে সিকিউরিটি কর্মকর্তারা নিজের আত্মীয় পরিচয়ে কম্পাউন্ডের ভেতর নিয়ে আসে স্বজনদের। অভিযোগ আছে, পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করে সিকিউরিটি কর্মকর্তারা। তাদের দাপটের কাছে বিমানবন্দরে দায়িত্ব পালনকারী পুলিশ প্রশাসনের ইমিগ্রেশন ও এপিবিএন সদস্যরাও অসহায় বলে জানিয়েছে সূত্র। নজরুল ও নির্মলসহ কয়েকজন সিকিউরিটি কর্মকর্তার ভয়ে পুরো এয়ারপোর্ট এলাকা তটস্থ থাকে। তাদের কারণেই ওসমানী বিমানবন্দর যেন নানা অপরাধের আখড়া ও যাত্রী হয়রানির কেন্দ্রে পরিণত হয়েছে। সিকিউরিটি কর্মকর্তা নজরুল ও সিকিউরিটি সুপারভাইজার নির্মলরা এয়ারপোর্টের হর্তাকর্তা।

৬ মাস আগে চট্টগ্রাম শাহ আমানত (রহ.) বিমানবন্দর থেকে বদলি হয়ে সিলেটে ওসমানী বিমানবন্দরে আসেন নজরুল। এসেই আঞ্চলিকতার দোহাই দিয়ে পুরো এয়ারপোর্ট এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। গোয়েন্দা সূত্র জানায়, চট্টগ্রাম শাহ আমানত (রহ.) বিমানবন্দরে তিনি স্বর্ণ চোরাচালানচক্রের সদস্যের সঙ্গে জড়িত ছিলেন। সিকিউরিটি সুপারভাইজার নির্মলকে বলা হয় ওসমানী বিমানবন্দরের অপরাধ নেটওয়ার্কের প্রধান। তার মাধ্যমেই দর্শনার্থী প্রবেশের ধান্ধাবাজিসহ এয়ারপোর্ট এলাকার ফ্রিশপের মদ ও পণ্যসামগ্রী বাইরে বিক্রি করা হয়। নানা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সে। অবৈধ কর্মকাণ্ডে যুক্ত থাকায় ৬ মাস আগে তার বদলি করা হয়েছিল ঢাকায়। সিলেটের এক প্রভাবশালীর মাধ্যমে নিজের বদলি কাটাতে সক্ষম হন তিনি। ওসমানী বিমানবন্দরের তিনি একচ্ছত্র অধিপতি। ঢাকায় চলে গেলে এই প্রভাব থাকবে না। এ কারণে নিজের বদলি কাটিয়ে তারই সহকর্মী বিকাশকে ঢাকায় যেতে বাধ্য করেন তিনি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিকিউরিটি সুপারভাইজার নির্মল ও সিকিউরিটি কর্মকর্তা নজরুল ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বিষয়টি নিয়ে বিমানবন্দরের ম্যানেজারের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়া হয়। তারা বলেন, এসব ঘটনায় তারা জড়িত নন।