শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনিদের ফিরিয়ে আনার প্রত্যয়

news-image

ধানমণ্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন     


যথাযথ মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ, বিনম্র শ্রদ্ধা আর শোক শপথে স্মরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেতনায় অমর-অবিনশ্বর, আজও তার আদর্শ সমুজ্জ্বল, সমগ্র জাতি বিশ্ববাসীর সামনে তা আবারও প্রমাণ করলেন। শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশজুড়ে এক ভিন্ন আবহের মধ্যে পালিত হয়েছে নানা কর্মসূচি। ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, বনানী কবরস্থানে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের দৃশ্য ছিল ব্যতিক্রমী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, তিন বাহিনী প্রধানসহ সমাজের সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল এসব স্থানে। মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শ্রমিক-কর্মচারী সংগঠন, নতুন প্রজন্মের বিভিন্ন ফোরাম ও সংগঠনসহ ছেলে-বুড়ো, শিশু-কিশোর, সাধারণ খেটে খাওয়া মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে এসেছিল জাতির জনকের সমাধিতে। যারা টুঙ্গিপাড়া যেতে পারেননি, তারা এসেছিলেন ৩২ নম্বরে। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতার মাজার, বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতির বেদি ও বনানী কবরস্থান। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত স্মরণসভায় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত দণ্ড কার্যকর করার জোর দাবি জানান। দেশবাসী বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে তার স্বপ্ন শোষণহীন, সংস্কারমুক্ত ও অগ্রসর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ছিল সরকারি ছুটি। এদিন বিভাগীয় ও জেলা শহরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা এবং ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। সর্বস্তরের মানুষ শোকের এ দিনে বিভিন্ন কর্মসূচিতে নিজেদের একাত্মতা ঘোষণা করেন। জাতির জনকের শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল ছাড়াও সারা দেশেই কাঙালি ভোজের আয়োজন ছিল। ছিল স্মরণ সভা, রক্তদান কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে যান বনানী কবরস্থানে। তিনি সেখানে ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্য ও স্বজনদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা ৩৫ মিনিটে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বাজিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে ঘাতকদের নারকীয় হত্যাযজ্ঞে শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও ১৪ দলীয় জোটের নেতা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে পৌঁছলে প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সভাপতি ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়াসহ অন্য নেতারা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক প্রদান ও দোয়া মাহফিলে অংশ নেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
ভোর থেকেই স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের রাস্তায় জমায়েত হতে থাকেন। লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি তোলা হয় কালো পতাকা।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ির ভেতরে যান। পঁচাত্তরের ১৫ আগস্টের কালো রাতে ঐতিহাসিক এই বঙ্গবন্ধু ভবনের সিঁড়ির যে স্থানে বঙ্গবন্ধুর লাশ পড়েছিল, সেখানে গোলাপের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরবে অশ্র“সজল চোখে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি ওই ভবনের একটি কক্ষে বসে কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। বিকালে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় ভবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে তার বাবা-মার স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া এ অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেত্রীরা উপস্থিত ছিলেন।
ভোর সাড়ে ৬টার আগেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে ৩২ নম্বর সড়ক। হাতে কালো ব্যানার ও বুকে কালো ব্যাজ ধারণ করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ। সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
মেয়র সাইদ খোকনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশিদের নেতৃত্বে যুবলীগ, পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, সফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির ও সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, অরুন সরকার রানার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল শিশু সংসদ, মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান ফোরাম-৭১, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বঙ্গমাতা পরিষদ, আওয়ামী হকার্স লীগ, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি, মুক্তিযুদ্ধ একাডেমি প্রভৃতি সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
জাতীয় শোক দিবসের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর থানা ও ওয়ার্ড ইউনিটগুলো। ধানমণ্ডি ৩২-এ খাবার বিতরণ ও রক্তদান কর্মসূচির আয়োজন ছিল। বাদ জোহর দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।
শুক্রবার রাত থেকেই রাজধানীসহ সারা দেশে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ, জাতির জনককে নিয়ে গান, কবিতা প্রচারিত হয়েছে। এলিফ্যান্ট রোডসহ রাজধানীর কিছু এলাকায় সারা রাত মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। শনিবার এ প্রচারণা অব্যাহত ছিল। সারা দিন দিবসটি উপলক্ষে সব ক’টি গণমাধ্যমে ছিল বিশেষ আয়োজন। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র বের করে। শিশু-কিশোরদের জন্য বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজপথ থেকে অলিগলি সর্বত্রই বঙ্গবন্ধুর ছবি, শোক প্রকাশ করে বিভিন্ন ব্যানার-ফেস্টুন লাগানো হয়। সব মিলিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বিরাজ করছিল শোকাবহ পরিবেশ।
শহীদ জামিলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল শহীদ জামিল উদ্দিন আহমেদের প্রতি তার ৪০তম শাহাদত দিবসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন শনিবার সকালে বনানী কবরস্থানে শহীদ জামিল উদ্দিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতার জীবন বাঁচাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার পথে সোবহানবাগ মসজিদের কাছে বঙ্গবন্ধুর সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদকে বিপথগামী সৈন্যরা হত্যা করে। সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সকালে বনানী কবরস্থানে শহীদ জামিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।
বঙ্গবন্ধুর আদর্শের পথেই সোনার বাংলা গড়তে হবে- সুরঞ্জিত সেনগুপ্ত : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের পথেই সোনার বাংলা গড়তে হবে। তার আদর্শ থেকে এক ইঞ্চি নড়চড় হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা’য় প্রধান অতিথি ছিলেন তিনি।
মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ডা. সামন্ত লাল সেন, ডা. নিম চন্দ্র ভৌমিক, দুর্গাদাশ ভট্টাচার্য, কাজল দেবনাথ, জেএ ভৌমিক, কানুতোষ মজুমদার, জয়ন্ত কুমার দেব, বাবুল দেবনাথ প্রমুখ। প্রার্থনা সভাটি পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনির।
খালেদা জিয়া কি নামাজ পড়েন? -হানিফ : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনও নামাজ পড়েন কিনা এমন প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম আলোচনা সভা ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর ইসলামের সোল এজেন্সি বলে দাবিদার জিয়াউর রহমান ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু যে হাউজি খেলা বন্ধ করেছিলেন তা চালু করেন। মদের দোকানের লাইসেন্স দেন। অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বিএসএমএমইউতে সাড়ে ৬ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা : জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬ হাজার ৩৮৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ সেবা কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানসহ সব অনুসদের ডিন ও বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং চিকিৎসকবৃন্দ।


শোক দিবসে ৯৯টি কক্ষে ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৬ হাজার ৩৮৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এরমধ্যে মেডিসিন অনুষদে ৩ হাজার ৭৮৫, সার্জারি অনুষদে ২ হাজার ৩৮৩ এবং দন্ত অনুষদে ২১৯ জন রোগেীকে সেবা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ সেবার উদ্বোধন, সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে ‘কবিতা ও গানে বঙ্গবন্ধ’-এর উদ্বোধন, সন্ধ্যা ৬টায় বটতলা কেন্দ্রিক ও ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্বলন করা হয়।
ঢাকা শিশু হাসপাতাল : জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে বিনামূল্যে বহির্বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মনজুর হোসেনের ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিনামূল্যে বহির্বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় ১৯৭ জন শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয় হাসপাতালের পক্ষ থেকে। এ কর্মসূচিতে উপ-পরিচালক (হাসপাতাল) ডা. এইচএসকে আলমসহ কয়েকজন সহকারী অধ্যাপক, আবাসিক চিকিৎসক, আবাসিক সার্জনসহ মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন।


কৃষি মার্কেটে অনুষ্ঠিত শোকসভায় অংশ নেন জাহাঙ্গীর কবির নানক।
ভাটারাতেও যথাযথভাবে শোক দিবস পালিত : রাজধানীর কুড়িলেও যথাযথ মর্যাদার সঙ্গে শোক দিবস পালন করা হয়। দিনটি পালনের অংশ হিসেবে কুড়িল হাকিম প্লাজা ও কুড়িল বড় বাড়িতে শোকসভার আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। হাকিম প্লাজার শোক সভাটি ভাটারা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুলতান মাহমুদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। বড় বাড়ির অনুষ্ঠানের প্রথমেই ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ মাহফিলের পর আলোচনা অনুষ্ঠান শেষে গরিব-দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়।


বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইসরাফিল আশরাফের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী, একই ওয়ার্ডের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেদ আলী, ভাটারা থানা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আবদুল লতিফ ময়না, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মোড়ল, কোষাধ্যক্ষ আজগড় আলী মোড়ল, ওয়ার্ডের সহ-সম্পাদক সালাউদ্দিন মোল্লা, ওয়ার্ড যুবলীগের সভাপতি লাইজ উদ্দিন, সুলতান আহমেদ মৃধা, আসাদ মৃধা, ফারুক আহমেদ, আবদুল হাকিম মোড়ল, আবদুল লতিফ মোল্লা, হাজী শরাফত আলী প্রমুখ।
বেরাইদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম সাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বেরাইদ ইউনিয়ন পরিষদ, বেরাইদ গণপাঠাগার, একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ মুসলিম হাইস্কুল, রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়, বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরাইদ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, আলহাজ রহিমউল্লাহ দাখিল মাদ্রাসা পৃথক আলোচনা সভা, বক্তৃতা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, কাঙালি ভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। জাতীয় সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ বেরাইদসহ ঢাকা-১১ নির্বাচনী এলাকায় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন।
বিদেশে বিভিন্ন দূতাবাসে শোক দিবস পালিত : উজবেকিস্তানের তাসখন্দ, শ্রীলংকার কলম্বো, থাইল্যান্ডের ব্যাংকক এবং পাকিস্তানের করাচি উপ-হাইকমিশন এবং দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল প্রভৃতি।
বঙ্গবন্ধু কোনো দলীয় সম্পত্তি নয়- বাবলা : জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বঙ্গবন্ধু কোনো দলের সম্পত্তি নয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এ ঐক্য প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। শনিবার রাজধানীর ধোলাইপাড়ে তেজগাঁও উন্নয়ন সার্কেল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শোকসভায় সভাপতিত্ব করেন সার্কেল অফিসার শাকিল আহমেদ। বক্তব্য রাখেন সনজীদা খানম এমপি, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সদস্য সচিব শেখ মাসুক রহমান, কৃষি কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমিন, সুজন দে প্রমুখ।
মুক্তিযোদ্ধার সন্তানদের আলোর মিছিল : যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির পিতাকে হত্যা করেছে সে পথে শুক্রবার রাতে ৪০টি মশাল নিয়ে আলোর মিছিল করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ও নেতৃত্বে রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিএন্ডটি মাঠের সামনে থেকে জাতির জনকের বাসভবন ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন এবং শপথবাক্য পাঠ করার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেওক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির অধ্যাপক ড. মোহা. আলী নূর, নীল দলের সভাপতি অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামান, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ আলম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীেগের সভাপতি এফএম শরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া শনিবার বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল, দিনব্যাপী মুক্তিযুদ্ধের ও দেশাÍবোধক গান পরিবেশন, পুরনো ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৫’র প্রথম পর্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়।