স্বাধীনতা দিবসে উন্নয়নে সামিল হওয়ার ডাক মোদির
ভারতজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৬৯তম স্বাধীনতাদিবস৷ শনিবার সকালে দেশটির রাজধানী দিল্লীর লালকেল্লায় পতাকা উত্তোলন শেষে জাতির উদ্দেশে ভাষন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যগুলিতেও বিভিন্ন্ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচেছ স্বতন্ত্রতার এই দিনটি৷
এদিকে শনিবার সকালেই টুইটারে দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এদিন সকাল সওয়া সাতটা নাগাদ রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। লালকেল্লায় পতাকা উত্তোলনের পর নিজের বক্তব্যে অবশ্য সরকারের সাফল্য এবং বিগত ইউপিএ সরকারের সমালোচনাই করলেন তিনি। দাবি করলেন, তার ১৫ মাসের সরকারে কোনও রকম দুর্নীতি হয়নি।
এদিন সকাল আটটায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ কোনও সাধারণ সকাল নয়৷ এই সকাল স্বপ্ন, আশা এবং ১২৫ কোটি ভারতবাসীর আকাঙ্খার সকাল৷ এই দিনে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে আমি স্যালুট করি যাঁরা দেশের জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন৷ মোদি বলেন, গোটা দেশ একটা টিম৷ আর এই টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্য একসঙ্গেই দেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে৷ আশ্বাস দিয়েছেন, দেশে জাতপাত এবং সাম্প্রদায়িকতার কোনও স্হান নেই৷ কোনও অবস্থাতে, কোনও মূল্যেই তা বরদাস্ত করা হবে না৷
তিনি বলেন, গোটা দেশের উন্নয়নের পথে জনগণের সঙ্গ, জনগণের পরিপূর্ণ সহযোগিতা, ‘জন ভাগিদারি'-র প্রয়োজন৷ এই কারণেই প্রধানমন্ত্রী দফতরের ওয়েবপোর্টাল, রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত', সাধারণ মানুষের সঙ্গে চিঠিতে যোগাযোগের উপর তিনি বিশেষভাবে জোর দেন বলে জানিয়েছেন তিনি৷
ভারতের সকল মানুষকে এই সমস্ত মাধ্যমে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত দিতেও আহ্বান জানিয়েছেন মোদি৷ প্রতিদিন তাকে বহু মানুষ তাঁদের মূল্যবান পরামর্শ দেন জানিয়ে তিনি বলেন, দেশের দরিদ্র জনতা তাঁদের আর্থিক অবস্থা কাটিয়ে মুক্তি পেতে, এগিয়ে যেতে চান৷ তাই দেশের সমস্ত প্রকল্পই দারিদ্র মুক্তির লক্ষ্যে হবে৷ এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেজে উঠে জাতীয় সঙ্গীত৷ হেলিকপ্টারে করে আকাশ থেকে করা হয় পুষ্প বৃষ্টি৷ নীল-সাদা বেলুন উড়িয়ে ছড়িয়ে দেয়া হয় শান্তির বার্তা৷
হাল্কা বৃষ্টির মধ্যেও ১৫ আগস্ট সকাল থেকেই রেড রোডে ছিল উত্সাহী জনতার ভিড়৷ সকাল ৯টার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০টার দিকে জাতীয় পতাকা তোলেন মুখ্যমন্ত্রী৷ স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই সাহসিকতার জন্য বেশ কয়েকজন পুলিশ আধিকারিকদের হাতে মেডেল তুলে দেয়া হয়৷ এর পর শুরু হয় কুচকাওয়াজ।











