শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে আদালতের ফর্মুলায় সাড়া নেই রাজনৈতিক দলের

news-image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সংসদ সদস্যের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের পূর্ণাঙ্গ রায় দেওয়া হয়েছে। রায়ে নির্বাচনকালিন সরকারের কাঠামো দিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ যে ফর্মুলা দিয়েছে তা রাজনৈতিক দলগুলো মানতে নারাজ।
সম্প্রতি বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য দুইটি ফর্মুলা দিয়েছেন। এক্ষেত্রে প্রথম ফর্মুলায় বলা হয়েছে, অন্তবর্তীকালিন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী। নতুন ৫০ জন মন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করবেন। সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো থেকে ভোটের হারের অনুপাতে মন্ত্রী নেয়া হবে। আর দ্বিতীয় ফর্মুলায় রাষ্ট্রক্ষমতা ভাগাভাগির তত্ত্ব দেয়া হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ দল প্রথম চার বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করবে। আর সংসদের প্রধান বিরোধী দল সর্বশেষ এক বছর ক্ষমতা থেকে রাষ্ট্রপরিচালনা করবেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ হাইকোর্টের এ ফর্মুলাকে এখতিয়ার বর্হিভূত আখ্যা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ফর্মুলাকে বলেছে অবাস্তব আর অন্য রাজনৈতিক দলগুলোও হাইকোর্টের এ ফর্মুলাকে আমলে নেয়নি। রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নির্বাচনকালিন সংকট নিয়ে জাতীয় আলোচনার কথা বলেছেন।

বর্তমান ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচনকালিন সরকারের মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবে এটি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী, হাইকোর্ট নয়। সরকারের প্রধান হিসেবে তিনি এ সিদ্ধান্ত নেবেন হাইকোর্ট নয়।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, হাইকোর্টের ফর্মুলা অবাস্তব কারণ বিএনপির কোন প্রতিনিধি বর্তমান সংসদে নেই।
বিএনপিসহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ সাধারণ নির্বাচন বয়কট করেছিল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল ও সুষ্ঠু হয়নি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, নীল নকশার ফাঁদ পেতে আরো একটি নির্বাচন দিতে চায় এ ফর্মুলার মাধ্যমে যা সরকারের অসাধুতার সামিল।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হাইকোর্টের নতুন এ ফর্মুলা শুধু বৃহত্তম রাজনৈতিক দলকে বিবেচনা করে দেওয়া হয়েছে। আর এ রাজনৈতিক দলগুলোই দেশের সকল সংকট তৈরি করছে। এ সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সকল রাজনৈতিক দলের সংলাপ।

বাংলাদেশ সোস্যালিষ্ট পার্টির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সংসদের বাইরে সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে সমাধান করতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। সংবিধানের একটি সংশোধনী এ সংকট থেকে জাতিকে উত্তরণ করতে পারে।

গণ ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া দুটি প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে বিবেচনা করা যেতে পারে কারণ এধরনের প্রস্তাব আলোচনার মধ্যে দিয়ে সংকট নিরসনের একটি সমাধানের পথ তৈরি হতে পারে। তবে দ্বিতীয় ফর্মুলা সম্পর্কে তিনি মনে করেন সংবিধানের সংশোধ প্রয়োজন আছে।