শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত ১৫ আগস্টের শহীদরা

news-image

৪০তম শাহাদত বার্ষিকীতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদরা। জাতি ফুলেল শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করলো তাদের।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাজনৈতিক নেতাকর্মী, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
 
দিনের শুরুতে সকাল ৬টা ৩৩ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শ্রদ্ধা নিবেদন শেষে তারা প্রতিকৃতির সামনে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় সূরা বাকারার ১৭৮ নম্বর আয়াত। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
 
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬টা ৪২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
 
পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আধা ঘন্টা অবস্থান করেন। প্রধানমন্ত্রী প্রতিবারই ১৫ আগস্টে বঙ্গবন্ধু ভবনে যান। এখানে পুরনো স্মৃতি তাকে তাড়া করে। এদিন তিনি খুবই কষ্টমাখা আবেগঘন সময় কাটান।
 
সেখান থেকে সকাল ৭টার দিকে বনানী কবরস্থানের দিকে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্টের অন্যান্য শহীদের প্রতি শ্রদ্ধা জানান।  এখানে তিনি শহীদদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন এবং প্রতিটি কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর পরে ধানমণ্ডি ৩২ নম্বরে ১৪ দলের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইফ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
 
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ, চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে যুবলীগ, সভাপতি মোল্লা আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ এবং সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ শ্রদ্ধা জানায়। এছাড়া কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, হকার্স লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
 
সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি এবং সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
 
সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী ধানমণ্ডি ৩২ এলাকা ছেড়ে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন রাস্তায় অপেক্ষমান হাজারো মানুষের ঢল নামে বঙ্গবন্ধুর প্রতিকৃতির দিকে। মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে যায় বঙ্গবন্ধু ভবনের সামনে।
 
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ফুলে ফুলে একাকার হয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
 
বনানী কবরস্থানেও ছিলো একই চিত্র। এখানেও আওয়ামী লীগ, এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
 
সকাল দশটার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে যান। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন, বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাসহ ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী পরে আবার দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
 
দলের শীর্ষ নেতাদের মধ্যে দলের সাধারণ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী ‍আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
 
এদিন বাদ আছর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১৫ আগস্টের ইতিহাসের এই কালরাতে বঙ্গবন্ধুসহ বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপুত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু, পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান এবং বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল নিহত হন।