জুলাই আন্দোলনে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি : জুলাই আন্দোলনে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, এ ছাড়া বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি, ছাত্রদল ও যুবদল একটি সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখ্যা করেছে তাছাড়া অন্য কেউ প্রকাশ করেনি। জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিলো তারেক রহমানের।
বুধবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় টুকু আরও বলেন, চরমোনাই পীরকে আওয়ামী লীগ দাঁত ভেঙ্গে ফেলেছিলো। সেও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। এই চরমোনাই পীর পতিত স্বৈরাচার সরকারকে বাতাস করেছে। দেশের বর্তমানে জনপ্রিয় নেতা হচ্ছে তারেক রহমান। আর সেই তারেক রহমানকে যারা কথা বলেন তাদের মাশুল দিতে হবে। যারা এই দেশের মানুষের কাছে ঘৃণ্য রাজাকার তারাও আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলে।
টুকু বলেন, বাংলাদেশকে আগে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর অন্য কিছু। বাংলাদেশর মানুষ বিএনপির সঙ্গে রয়েছে, তারেক রহমান যেমন বলেছে জনগণের সঙ্গে থাকুন বিএনপি জনগণের দল। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দাবি তারেক রহমানের ভুল নয়। আপনারা নির্বাচন দিন দেখেন জনগণ বিএনপিকে বেছে নিবে। শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে ভয় পেত ঠিক আপনারাও নির্বাচন দিতে ভয় পাচ্ছেন।আপনারা জনগণকেও ভয় পান। বিএনপি একমাত্র দল যারা জোড় করে ভোট নেয় নাই। জনগণ যতবার ভোট দেবার সুযোগ পেয়েছে ততবার বিএনপি বিজয়ী হয়েছে।
আজকে গোপালগঞ্জের হামলার ঘটনায় বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম একটি বিবৃতি দিয়েছে আর আমরাও নিন্দা জানাই। প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিবাদ রয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। তাই বলতে চাই আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
স্মরণসভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান লিটন, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও শহিদ মারুফের মা মোর্শেদা বেগম।











