শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে লন্ডনে প্রতিহত করার ঘোষণা…

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।  ১১ই আগস্ট মঙ্গলবার ব্রিক লেইনের বন্ধুখান রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। খালেদা জিয়ার লন্ডন সফরের প্রতিবাদ জানাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আগমণ করছেন। আমরা তার যুক্তরাজ্য আগমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  বেগম খালেদা জিয়া আপনি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে লন্ডনে আসবেন- এখানকার প্রবাসী বাঙালিরা আপনাকে স্বাগত জানাবে  না ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা বাংলাদেশের পাশে ছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিলো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলো। এই বিলেতে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করতে প্রবাসী বাঙালিদের ভুমিকা ছিলো অনন্য। যুক্তরাজ্যের মাটিতে বেগম খালেদা জিয়ার সফর সুখকর হবে না। প্রবাসী বাঙালিরা বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে প্রতিহত করবে ।