শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলো কোথায়…কোথায় আলো

news-image

অজস্র অন্ধকার বুকে পুঞ্জিভূত করে

এক বিন্দু আলোর প্রত্যাশায় দৌড়ে চলেছি

আলো কোথায়…কোথায় আলো…আলো কোথায়?

পিছন থেকে ছুরি বসায় ঘাতকের হাত

চাপাতির ধারালো মুখ শুষে নেয় সমস্ত রক্ত

তাক করা নল উড়িয়ে দেয় মুক্ত খুলি

উবু হয়ে পড়ে থাকে সত্য সৈনিক- পথের ধুলায়…

ভয়ংকার সুন্দর সকাল ওই তো হারিয়ে যাচ্ছে

কাকের মিছিলে

রোদেলা দুপুর ওই তো মৃয়মান হয়ে যাচ্ছে

জোনাক পোকার ভিড়ে

সন্ধ্যার প্রদীপ ওই তো নিভে যাচ্ছে

মেঘলা আকাশে

কে তাকে ফেরাবে…ফেরাবে কে…কে ফেরাবে তাকে?

একজন বাপি লিখে সাদা সাদা বকের গান,

বাপির পিঠে বসে ছোরার তীক্ষ্ণ ডগা!

চোখের জলে ভেসে যায় শুদ্ধ বিবেক

পতাকাটা মৌন হাঁটে এদ্বার ওদ্বার

রক্ষীরা দেখো শোনায়- আজগবি বয়ান!

চাপাতিওয়ালারা ওই দেখো চা খায়

মোড়ের দোকানে

এ মাটি ফাঁক খোঁজে লজ্জা ঢাকার…

আর আমার স্বরে বিওগল বেজেই যায় বেজেই যায়-

আলো কোথায়…কোথায় আলো…আলো কোথায়

মাতৃভূমির জন্য রক্তক্ষরণ

নীরবতা দুই কারণে হয়

প্রচন্ড ভয়ে, অফুরাণ সুখে

আমাদের নীরবতা আজ কোন কারণে

তার জন্য একজন গবেষক প্রয়োজন।

সাপ দেখলে জোরে চিৎকার করি না

হয়ত ছোবলের ভয় উবে গেছে

না হয় সহ্য হয়ে গেছ; কিছু একটা হবে

আঘাত পেলে আমরা মা’গো মা’গো করতাম

এখন এদিক ওদিক তাকিয়ে নিজেই নিজের ক্ষতে

হাত বুলিয়ে নিজেকে শান্তনা দিই!

সুখের সংবাদে কতই না আয়োজন হতো

ঢাক ঢোল, মিষ্টি মালাই, নাচ গান কত উল্লাস

এখন নিজেই নিজেকে মিষ্টিমুখ করাই

নিজেই নিজের গায়ে নরম চাপর দিয়ে ঢোল বাজাই

নিচু স্বরে গাই দু’একটা রবীন্দ্রনাথ

শব্দ করতে- ভয় হয়!

এখন আর কেউ কারো জন্য সময় নষ্ট করে না

নিজের জন্য সঞ্চয় করে

প্রচন্ড ভয়ে, না হয় সুখে

এটাই কথা ছিল

অনেক দিন মেশার পরে

অনেকগুলো রাত ভোর হবার পরে

শয্যা ছেড়ে উঠে যাবার সময়

ভ্রমরী ভ্রমরকে বলল, তোমাকে, চেনা চেনা লাগছে?

…এটাই কথা ছিল!

ভ্রমরী বাঁধবে না ঘর ভ্রমরের সাথে

রাতের পর রাত কাটাবে হৃদয় লগ্নিহীন

ভোরে ছুঁড়ে দেবে শুধু মাংসের গন্ধ, ঠোঁটের পচা বিষ্ঠা।

বরুণারা কোনদিন সোনার মোহরহীন রাত কাটায় না-

পুরুষের সাথে

কোনদিন ভাগাভাগী করে না আতড়ের গন্ধ,

রুমাল তাকেই দেয়-

যে জমি ফসলের বদলে রাত দিন শুধু আচড়ায়।

বরুণা কথা রাখবে, বরুণা ঘর বাঁধবে-

এটা মিথ্যা;

বরুণারা কোনদিন সোনার মোহরহীন রাত কাটায় না-

পুরুষের সাথে;

বরুণা উড়ে যাবে সোনার নেকলেস মোহে কোন এক সন্ধ্যায়

…এটাই কথা ছিল!