শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান অব্যহত থাকায় ফিট গাড়িও বসা, যাত্রী ভোগান্তি চরমে

news-image

ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকায় ফিট গাড়িও বসিয়ে রেখেছেন পরিবহন মালিক শ্রমিকরা। যার ফলে নগরীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। তবে এ সমস্যা একদিনের নয়, গত কয়েক বছর ধরেই এ সঙ্কট তীব্র আকার ধারণ করে আছে।

এমনিতেই রাজধানীর দেড় কোটি মানুষের চাহিদা মেটাতে অন্তত সাড়ে ৭ হাজার বাস-মিনিবাসের প্রয়োজন। রাস্তায় চলাচল করছে প্রায় সোয়া ৪ হাজার বাস-মিনিবাস। এসব কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

বিশেষ করে নিম্নবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের পক্ষে রাজধানীতে স্বল্প খরচে চলাফেরার কোনো উপায় নেই বললেই চলে। স্বাচ্ছন্দ্যে চলাচলের আশা তো দুরাশার শামিল। পরিবহন অব্যবস্থাপনা রাজধানীবাসীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়ালেও তা দেখার কোনো কর্তৃপক্ষ দেশে নেই বললেও অত্যুক্তি হবে না। রাজধানীর দেড় কোটি মানুষের স্বার্থে এই অববস্থার অবসান হওয়া উচিৎ বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে, যেসব যাত্রী বাসে উঠতে পারছেন না, তাদের বেশিরভাগ সিএনজিচালিত অটোরিকশায় যেতে হচ্ছে লাগাম ছাড়া ভাড়া দিয়ে। আর রিক্সা ভাড়ারও কোনো নিয়ন্ত্রণ নেই। ২০ টাকার কমে কোনো রিক্সাওয়ালাও যেতে চাইছেন না। তাই বাধ্য হয়ে অনেকেই পায়ে হেটে অফিসে গমন ও বাসায় ফিরতে হচ্ছে। সব মিলে পরিবহন সেক্টরে এক নৈরাজ্য শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে একটি সূত্র জানায়, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত আজকের নয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের জন্য মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, নসিমন-করিমন, ভটভটি ইত্যাদি যান চলাচল বন্ধ করার জন্য ২০১১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২০তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়। যা চার বছর পর বাস্তবায়ন করা হচ্ছে। দফায় দফায় বাস মালিক ও শ্রমিকদেও জানানো হয়েছে গাড়ি ফিট করার জন্য। কিন্তু তারা কোনো অবস্থারই পরিবর্তন আনেননি। যার ফলে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।

অপরদিকে গত ৩ আগস্ট থেকে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযানের খবরে অনেক গাড়ির মালিক ফিট গাড়িও বের করছেন না। কোন মালিকের বাস রয়েছে ৩৫টি। এর মধ্যে ৫ থেকে ১০টি গাড়ির ফিটনেস সমস্যা রয়েছে। এসব সমস্য নিয়েই গাড়িগুলো যাত্রী বহন করতো।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির ( বিআরটিএ) এক তথ্যে জানা গেছে, বর্তমানে সারাদেশে ফিটনেস গাড়ির সংখ্যা প্রায় ৩ লাখ। জনগণের ভোগান্তি বাড়াতেই ফিট গাড়ি চলাচল বন্ধ রেখেছেন তারা। এক্ষেত্রে এক পরিবহনের মালিক অন্য মালিকের সঙ্গে যোগাযোগ করে ফিটনেস ঠিক রয়েছে এমন গাড়িও বন্ধ রেখেছেন।

গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত দুপুর সাড়ে ১২টায় অভিযান শুরু হতে না হতেই ব্যস্ত এই রাজপথ থেকে উধাও হয়ে যায় যাত্রীবাহী বাস। আজ মঙ্গলবারও অনেক গাড়ির মালিক ফিটনেস সমস্যা নেই এমন গাড়িও বসিয়ে রেখেছেন।

দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ও মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে দেড় ঘণ্টার এই অভিযানে আটক করা হয় ১৫টি বাস, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় ১০ জন বাসচালককে। দুর্ভোগে পড়েন অভিযানে আটক বাসগুলোর শত শত যাত্রী।

অন্যদিকে অভিযানের খবর পেয়ে আগারগাঁও মোড় ও তালতলা মোড় থেকে ঘুরে যেতে থাকে একের পর যাত্রীবাহী বাস। তাই অভিযান শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে কমে যায় বাসের সংখ্যা। আটক বাস থেকে নামিয়ে আনা হয় চালকদের। বাসের ফিটনেসের কাগজ থাকলেও লাইসেন্স না থাকার কারণ দেখিয়ে চালকদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে গণপরিবহণ সঙ্কটের কারণে সিএনজি চালিত অটোরিক্সায় ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুন, তিগুনেরও বেশি। কোনো সিএনজিই মিটারে চলছে না। বাধ্য হয়েই সাধারণ মানুষ বিকল্প হিসেবে সিএনজি গাড়িতে গন্তব্যে যেতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আজ মঙ্গলবার ডিএমপি’র ভ্রাম্যমান আদালতন না থাকলেও অনেক বাস মালিক বাস নামায়নি। ফলে মঙ্গলবার ঘণ্টার পর ঘণ্টা নগরীর বিভিন্ন স্ট্যান্ডে ঘরমুখো মানুষের দাঁড়িয়ে থাকতে হয়েছে। এছাড়া কাকরাইল, শান্তিনগর, মৌচাক, রামপুরা, বাড্ডা, গুলিস্তান, নয়া পল্টন, যাত্রাবাড়ী, শাহবাগ, ফার্মগেইট, পান্থপথ, মগবাজার, মহাখালী, গুলশান, ধানমন্ডি এলাকার রাস্তায় সকালে অফিসগামী মানুষ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার অনেকে বাস না পেয়ে পায়ে হেঁটেও চলতে দেখা গেছে।

এর আগে নগরীতে গণপরিবহনের সঙ্কটের প্রভাবও পরেছে যানজটে। বর্ধিত জনসংখ্যা তথা যাত্রীর চাহিদা মেটাতে যখন বৃদ্ধি পাওয়া উচিত গণপরিবহন তখন হু হু করে বাড়ছে ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত ছোট গাড়ির ভিড়ে প্রতিটি সড়কে যানজট অনিবার্য হয়ে উঠছে। এর পাশাপাশি বাস-মিনিবাসের সংখ্যাও কমছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ওসমান আলী বলেন, ‘প্রাইভেট গাড়ির আধিক্য রাজপথে যানজট সৃষ্টির প্রধান কারণ হয়ে দাঁড়ালেও চলতি বছরের প্রথম তিন মাসে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হয়েছে ৩ হাজার ১৫০টি। এ সময়ে মাত্র ১৬টি মিনিবাসের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। এর আগে ২০১৪ সালজুড়ে রাজধানীতে প্রাইভেট কার রেজিস্ট্রেশন দেয়া হয়েছিল ১২ হাজার ৯৭২টি- প্রতিদিন গড়ে ৩৬টি করে। এ সময় মিনিবাস রেজিস্ট্রেশন দেয়া হয়েছে মাত্র ১৩৫টি।’

রাজধানীতে বর্তমানে ব্যক্তিগত ছোট গাড়ি রয়েছে ২ লাখ ৮ হাজারের বেশি। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কিন্তু বাড়তি যাত্রী চাহিদার বিপরীতে গণপরিবহন না বেড়ে বরং হ্রাস পাচ্ছে।

তিনি আরো বলেন, ‘গত ঈদে চাঁদাবাজি-হয়রানির কারণেও পরিবহন ব্যবসা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকে। রাজধানীর সড়কগুলোয় অনুমোদিত ৯৮টি পরিবহন কোম্পানির মধ্যে পর্যায়ক্রমে ২৪টি কোম্পানিই তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনায় গত কয়েক বছরে নগরীর বিভিন্ন রুটে প্রায় তিন হাজার বাস-মিনিবাস বন্ধ হয়ে গেছে। রাজধানীতে চাহিদার তুলনায় গণপরিবহন বিশেষত বাস ও মিনিবাসের সংখ্যা হ্রাস পাওয়ায় সাধারণ যাত্রীদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।

গণপরিবহন সঙ্কটের কারণে গত এক মাস ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ, বাংলামটর, ফারমগেট, মহাখালী, মতিঝিলসহ বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের প্রচণ্ড ভিড়।

এ ব্যাপারে শাহবাগ মোড়ে কথা হয় এনজিও কর্মী আশা লতা বৈদ্যের সঙ্গে। তিনি বলেন, ‘রাজধানীর গণপরিবহনে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে রাজধানীতে বেশ কয়েকটি নতুন রুট এবং কিছু নতুন বাস চালু হলেও রাস্তা থেকে উঠে গেছে অনেক গাড়ি। প্রায় দেড় কোটি মানুষের এই নগরীতে এখন অনেক রুটেই পর্যাপ্ত পাবলিক বাস নেই।’

গার্মেন্টসকর্মী আসমা বেগম ও রোকেয়া আক্তার। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৭টায় বাসের অপেক্ষায় রাজধানীর খিলগাঁও বাসস্টপেজে দাঁড়িয়ে আছেন। যাবেন রামপুরা বাজার। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও বাসের দেখা পেলেন না তিনি।

অবশেষে পৌনে এক ঘণ্টা পর বাস মিললেও ভাড়া রাখা হয়েছে বেশি। তিনি প্রতিদিন খিলগাঁও থেকে ১০ টাকা ভাড়া দিয়ে রামপুরা বাজারে নামেন। সেখানে রাখা হচ্ছে ১৫ টাকা। তারপরও ১৫ মিনিট লেটে কর্মস্থলে ঢুকতে হয়েছে নাজমা আক্তারকে। এমন চিত্রটি ছিল সরকারি ছুটির দিন শুক্রবারের।

এদের মত শত শত নারীশ্রমিককে মালিবাগ রেলগেটে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

ঢাকা পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহ বলেন, ‘রাজধানীতে গণপরিবহন হ্রাস পাওয়ার একটি কারণ পুরনো যানবাহন অকেজো হওয়ার পর নতুন যানবাহন রাস্তায় না নামানো। তাছাড়া হরতালে ও রাজনৈতিক সহিংসতায় নির্বিচারে বাস ভাংচুর ও পোড়ানোর ফলেও রাজধানী থেকে অনেক যানবাহন উধাও হয়ে গেছে। অন্যদিকে গণপরিবহনের বেহাল দশার কারণে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। রাজধানীতে গনপরিবহন অন্যতম কারণও এটি।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সারাদেশে সড়ক দুর্ঘটনা রোধে আমরা ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি বছর জুড়েই চলবে।’

তিনি বলেন, ‘আগে জীবন, পরে জীবিকা। জীবন যদি না থাকে তাহলে জীবিকার ব্যাপরটা ভাববো কীভাবে? মানুষের জীবনে নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। তারপর জীবিকা দেখা যাবে।