শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগের মত ছাত্রদের ওপর আস্থা ও বিশ্বাস নেই’

news-image

ছাত্র ও যুবসমাজকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন ছাত্রদের ওপর সাধারণ মানুষের আস্থা ছিল। কিন্তু দুঃখের বিষয় সেই আস্থা ও বিশ্বাস এখন যেকোন কারণবশত সাধারণ মানুষের মধ্যে নেই।

সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেনজির আহমেদের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, আহমদ হোসেন, আব্দুল মান্নান খান, আসাদুজ্জামান খান কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নসরুল হামিদ, মিসেস হাসিনা-দৌলা, আব্দুল মালেক প্রমুখ।

সৈয়দ আশরাফ বলেন, এখন দেশের সাধারণ মানুষ ছাত্রসমাজকে বিশ্বাস করে কি না সেটার উত্তর আমার জানা নাই। কিন্তু তৎকালীন সময়ে ছাত্রদের কথার মানুষ প্রচুর দাম দিত। তাদের কথা বিশ্বাস করত। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ বলেন, এখন আমাদের ছাত্র ও যুবসমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তাদেরকে গঠনমূলক কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমরা কথায় কথায় বলি, ছাত্র ও যুবসামজ আমাদের ভবিষ্যৎ। এজন্য এখন যারা যুবক ও ছাত্রসমাজ, তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত হবে অন্ধকার। একারণে তাদেরকে বঙ্গববন্ধুর ত্যাগ তিতিক্ষায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সাথে পরিচয় করে দিতে হবে।

বঙ্গবন্ধুর সান্নিধ্যপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, সত্তরের নির্বাচনের সময় বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসলেন। আমি তখন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। বঙ্গবন্ধু আমায় ডেকে বললেন, কালকে আমি ঢাকায় যাব। আর আগে একটা ছাত্র সমাবেশ করতে চাই। আমরা তার নির্দেশে পরের দিন ছাত্র সমাবেশ করি। তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, আমার এক শক্তিশালী হাত হল আওয়ামী লীগ। আরেক শক্তিশালী হাত হল ছাত্রলীগ। এরপর আমরা বঙ্গবন্ধুর নির্দেশে দিনের পর দিন ময়মনসিংহে প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে গেলাম এবং নৌকার দাওয়াত পৌঁছে দিলাম।