জিএসপি পেল না বাংলাদেশ
অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ফিরে পেতে তিন ইস্যুতে আটকে আছে বাংলাদেশের জিএসপি। এরকমই মনে করছেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল পজ. ডিলানি। তিনি মনে করছেন, নিরাপত্তা, শ্রমিক আইন ও পরিদর্শন কাজ বাস্তবায়নের ওপর নির্ভর করছে জিএসপি ফিরে পাওয়া। গত ২০১৪ সালের ২৮ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে টিকফা চুক্তি বাস্তবায়নে গঠিত ফোরামের বৈঠক সূত্রে জানা গেছে, পোশাক শিল্প কারখানায় নিরাপদ কর্মপরিবেশ প্রদানে ব্যর্থতা, কারখানা ভবনের মান ও এর কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদারের ক্ষেত্রে ব্যর্থতা এবং শ্রমিকদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার অক্ষমতা ও সঠিক পরিদর্শনে কার্যকর ব্যবস্থা যতদিন নেওয়া হবে না, ততদিন জিএসপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৯ জুন এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করার পর ২৯ জুলাই থেকে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চল যুক্তরাষ্ট্রের এই সুবিধা পাচ্ছে। ফলে ওই সব দেশ ও অঞ্চল থেকে ৫০০০ ধরণের পণ্য যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে রপ্তানি করা যাবে। জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সার্কভুক্ত দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান থাকলেও বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে।
২০১৪ সালের ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী বলেন, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস বা জিএসপি সুবিধা পুনর্বহাল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি করছে। তাই বাংলাদেশ আর জিএসপি সুবিধা চাইবে না। তারা (আমেরিকা) যদি মনে করে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে, তাহলে দেবে। প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টসে কাজ করেন না এমন ব্যক্তিদের শ্রমিক নেতা বানানোর সুযোগ নিয়ে বিদেশিরা তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে আরো উন্নয়ন হবে। তাৎক্ষণিকভাবে বিদেশিরা যা চাইবে তা হবে না। তারাও (উন্নত দেশ) রাতারাতি উন্নতি করতে পারেনি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। সেটা তাদের মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের মাত্র আট শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন থাকার বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়।
বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় এখনও শ্রমিক অসন্তোষ রয়েছে। পাশাপাশি জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসম্যান ও জিএসপি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজের বক্তব্য অনাকাঙ্খিত ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১৪ সালের ২৫ মার্চ তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে তৈরি পোশাক শিল্প মালিকদের সমিতি(বিজিএমইএ) একটি বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় এখনও শ্রমিক অসন্তোষ রয়েছে। শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশও নেই। মালিকরা শ্রমিক নেতা ও কর্মীদের হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে বিজেএমইএ’র সভাপতিকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন। তা না হলে বাংলাদেশের জিএসপি পুনর্বহাল প্রক্রিয়ায় সমর্থন দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন রবার্ট মেনেন্দেজের।
রানা প্লাজা দুর্ঘটনার পরে বাংলাদেশে এখনো পর্যন্ত বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক শিল্পখাতে যখন স্থিতাবস্থা বিরাজ করছে, সেই মুহূর্তে এই খাত নিয়ে রবার্ট মেনেন্দেজের এমন বক্তব্য সরকারের বোধগম্য নয়। এ ধরনের বক্তব্যের সঙ্গে বাংলাদেশের বাস্তবতার কোন মিল নেই।
শ্রমিকস্বার্থ পুরোপুরি সুরক্ষাসহ শ্রমমানের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অগ্রগতি না হওয়ায় মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশকে সে দেশে জিএসপি ফিরিয়ে দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সুপারিশ করবে না।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পর ইউএসটিআর এ অবস্থান নিয়েছে। এ অবস্থান বাংলাদেশকে ইতিমধ্যে জানানোর বিষয়টি ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
এদিকে জিএসপি ফিরে পেতে শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী মাইকেল ফ্রোমেন। ওয়াশিংটনে দেওয়া বিবৃতিতে তিনি ২০১২ ও ২০১৩ সালের মতো বিয়োগান্তক দুর্ঘটনা এড়াতে যত দ্রুত সম্ভব অবশিষ্ট তৈরি পোশাক কারখানায় পরিদর্শন শেষ করার আহ্বান জানান। এ ছাড়া নিজেদের অধিকার চর্চার সময় শ্রমিকদের ওপর নিপীড়নের অভিযোগ বন্ধে জোরালো পদক্ষেপ নিতে তিনি অনুরোধ জানান।
ওয়াশিংটন থেকে জানা গেছে, তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমমানের সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে অগ্রগতি নিয়ে এখনো সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। বিশেষ করে কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সব কারখানা পরিদর্শন শেষ করতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। নিজেদের অধিকার চর্চা করতে গিয়ে শ্রমিকদের নির্যাতিত হওয়ার খবর যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। এ ব্যাপারে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শ্রম আইন সংস্কার করা হলেও এটি কার্যকর করতে এখনো বিধিমালা চালু হয়নি। তাই অবিলম্বে নতুন শ্রম আইন কার্যকর করতে বিধিমালা দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শ্রমিক অধিকার দিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ব্যাপারে জানতে চাইলে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উচ্চপর্যায়ের এক সরকারি কর্মকর্তা গতকাল শনিবার হতাশা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন বাংলাদেশের পদক্ষেপ নিয়ে তাদের সন্তোষের কথা জানিয়েছিল। এখন আবার বলা হচ্ছে, শ্রমমানের উন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অবস্থানের কারণ স্পষ্ট নয়। তা ছাড়া বাংলাদেশ ১৫ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছিল। দেশে রাজনৈতিক অস্থিরতা চলার মধ্যবর্তী সময়ে এ ধরনের অবস্থান কেন তুলে ধরা হলো, তা নিয়েও ভাবার আছে।
বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যেভাবে ইপিজেডে শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চায়, সেভাবে করা সম্ভব নয়। বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার পর শ্রম আইনের বিধিমালা প্রায় দেড় মাস ধরে আটকে আছে শ্রম মন্ত্রণালয়ে। আর শ্রমিকদের নিপীড়নের যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করার আছে। কারণ, এই অভিযোগের সবগুলোর যে বাস্তব ভিত্তি আছে, তা ঠিক নয়।
পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ নিয়ে উদ্বেগ থাকায় মার্কিন প্রেসিডেন্ট ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। জিএসপি পুনর্বহালের জন্য ইউএসটিআর বাংলাদেশের জন্য ১৬ দফা কর্মপরিকল্পনা দেয়। কর্মপরিকল্পনায় কাজের পরিবেশ ও শ্রমিকস্বার্থ সুরক্ষায় উন্নতির জন্য সরকারকে আট মাসের সময় দেওয়া হয়। ২০১৪ সালের জুলাইতে কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিবেদন মূল্যায়ন শেষে বাংলাদেশকে আরও পদক্ষেপ নিতে বলা হয়। এরপর পরবর্তী ছয় মাসের অগ্রগতি জানাতে গত বছরের ১৫ নভেম্বর অগ্রগতি প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ। সেটি মূল্যায়ন করে এখন ইউএসটিআর বলছে, কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় তারা মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের জিএসপি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করতে পারছে না।











