তালিকায় নেই বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) আবার চালু করা হলেও বাংলাদেশের নাম নেই নতুন তালিকায়। অথচ দুই বছরের জন্য মেয়াদোত্তীর্ণ স্কিম জেনারেলাইজ সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা ১২২টি দেশ ও অঞ্চলকে নতুনভাবে প্রদান করা হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই থেকে মার্কিন বাজারে এই সুবিধা কার্যকরও করা হয়েছে। কিন্তু নতুনভাবে চালু হওয়া জিএসপি স্কিমে নাম নেই এ সুবিধার ওপর ইতিপূর্বে স্থগিতাদেশ পাওয়া বাংলাদেশের। জিএসপি পুনর্বহাল সংক্রান্ত এই তথ্য দেশটির বাণিজ্য দফতর অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০১৩ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে ১২শ’র বেশি শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে কারখানার কর্মপরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তবে এর কিছুদিন পর অর্থাৎ ওই বছরের ৩১ জুলাই মার্কিন বাজারের জিএসপি স্কিমের নির্ধারিত মেয়াদ ফুরিয়ে যায়। তারপর থেকে সেটি দীর্ঘদিন বন্ধ থাকে, যা সম্প্রতি নবায়ন করা হয়।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের অতি দরিদ্র ও দরিদ্র এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে চলতি বছরের ২৯ জুন মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা এই স্কিমে পুনর্বহাল সম্পর্কিত আইনে (এইচআর ১২৯৫) স্বাক্ষর করেন। ইউএসটিআরের ওয়েবসাইটে নতুনভাবে সুবিধা পাওয়া দেশগুলো হচ্ছে- ক্যারিবিয়ান কমিউনিটি, পশ্চিম আমেরিকা এনামিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসডিসি) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওন্যাল কো-অপারেশনে (এসএএআরসি) রয়েছে আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা। আর আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডও রয়েছে।
তবে নবায়নকৃত স্কিমে বাংলাদেশের নাম না থাকা প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন যুগান্তরকে জানান, জিএসপি স্থগিতাদেশ জারির পর সেটি প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় যোগাযোগ রাখছে। এর ধারাবাহিকতায় অ্যাকশন প্ল্যান অনুযায়ী যেসব শর্ত ছিল, তার সবই বাংলাদেশ পূরণ করতে সক্ষম হয়েছে। তবে এতদিন দেশটির বাজারে এ সুবিধা বন্ধ থাকায় জিএসপি প্রক্রিয়ায় দীর্ঘ সময় অতিবাহিত হয়। এখন তারা জিএসপি স্কিম পুনর্বহাল করেছে। আমরাও তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। এ বিষয়ে খুব শিগগিরই আমরা তাদের সঙ্গে কথা বলব। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, স্থগিতাদেশের আগে সচল স্কিমেও বাংলাদেশ জিএসপি থেকে খুব বেশি সুবিধা পায়নি। কারণ আমাদের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাককে তখনও উচ্চ হারের শুল্ক দিয়েই মার্কিন বাজারে প্রবেশ করতে হতো, যা এখনও বহাল রয়েছে।
তবে আগে যেসব পণ্য এই সুবিধা পেত, কেবল ওই পণ্যগুলো প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। কারণ নতুন করে জিএসপি পাওয়ায় সুবিধা ভোগকারী দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বেড়ে যাবে। ফলে ওই সব দেশ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে। বিশ্লেষকরা আরও দাবি করেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রান্স এশিয়ান প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে বাংলাদেশে তৈরি পোশাকের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো অনেক দেশ অন্তর্ভুক্ত হচ্ছে। তারা মনে করেন, এই টিপিপি কার্যকর হলে মার্কিন বাজারে অনেক দেশ শুল্কমুক্ত তৈরি পোশাক রফতানির সুযোগ পাবে। তখন এই বাজারে বাংলাদেশ পোশাক রফতানিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে। এমনকি বাজার হারানোর আশংকাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাই সময় থাকতেই এসব বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম যুগান্তরকে বলেন, মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে এ মুহূর্তে সরকার দুটি করণীয় পদক্ষেপ নিতে পারে। প্রথমত, শর্তানুযায়ী ওবামা প্রশাসনের অ্যাকশন প্ল্যান কিংবা শর্ত পুংখানুপংখভাবে বাস্তবায়ন। দ্বিতীয়ত দেশটির সঙ্গে টিকফা অনুযায়ী টিকফার প্রাটফর্মের কার্যকর ব্যবহার করা। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রান্স এশিয়ান প্যাসিফিক পার্টিসিপেশনে (টিপিপি) শামিল হওয়া যায় কিনা সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন।
জিএসপি না পাওয়ায় রফতানিতে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে জানতে চাইলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম যুগান্তরকে বলেন, জিএসপি বিষয়টিকে তিনি আর্থিক ক্ষয়ক্ষতির সঙ্গে তুলনা করতে নারাজ। তিনি বলেন, জিএসপি মিললে আর্থিক সুবিধার চেয়ে বেশি লাভবান হওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের ভাবমূর্তি উন্নতির বিষয়ে। এর বেশি কিছু তিনি বলতে রাজি নয় বলেও জানান।
পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, দেশটির সঙ্গে সচল জিএসপি স্কিমে রফতানি অবদান ছিল মাত্র ২৩ মিলিয়ন ডলারের সমপরিমাণ। শতাংশ হারে এর অবদান ০.২৫ শতাংশেরও কম। যদিও বর্তমানে দেশে ৩ হাজার ১২০ কোটি ডলারের পণ্য রফতানি হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্রের একক বাজার রয়েছে ৫০০ কোটি ডলারের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্য রফতানি হয়, আর্থিক মূল্যে তার ৯৯ শতাংশই যাচ্ছে তৈরি পোশাক। ‘জিএসপি স্কিম’ বহাল থাকা অবস্থায় এই বিপুল পরিমাণ পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে ন্যূনতম ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এর ফলে পোশাক রফতানির বিপরীতে প্রতি বছর বাংলাদেশের কাছ থেকে ৮৩২ মিলিয়ন ডলার শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র।











