তারা কোন ধর্মের রক্ষক, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড, মসজিদে বোমা মেরে মুসলমান হত্যা কিংবা ব্লগার হত্যার মতো ঘটনা ঘটিয়ে কোন ধর্ম রক্ষা করতে চায়? সন্ত্রাসী ও জঙ্গিদের কাছে সে প্রশ্নটিই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে ধর্মের নামে বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।শনিবার (৮ আগস্ট’২০১৫) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সারা বিশ্বে জঙ্গিবাদী কর্মকাণ্ড ও বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্য হলো বিশ্বের বিভিন্ন জায়গা আজকে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড, বা জঙ্গিবাদ কর্মকাণ্ড চলছে তার ধাক্কাতো মাঝে মধ্যে এখানে এসেও লাগে। আমরা কঠোর হাতে তা দূর করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘দুঃখ লাগে যখন দেখি সৌদি আরবে মসজিদে জুময়ার নামাজের দিন সুইসাইড স্কোয়াড দিয়ে বোমা ফাটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। … আবার ধর্মের বিরুদ্ধে লেখলো কারা সেজন্য ব্লগারদের হত্যা করা হচ্ছে, তাহলে কোন সত্য, কোনটা বাস্তব, কোন পথে মানুষ যাবে? এই হানাহানি, রক্তারক্তি এটা কিসের জন্য, কার জন্য, কার স্বার্থে? এসব কোন ধর্মের মর্যাদা রক্ষার জন্য? চাইলে এসব প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে পারবে?’
‘এরা কি মুসলমান নাকি? এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে, আত্মহননের পথ বেছে নেয় তারা কিভাবে মুসলমান হয়। কোন ধর্ম তারা রক্ষা করে?’
সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে বহু চেষ্টা, নানা ভাবে, জঙ্গিবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে যার যার ধর্ম পালন করে। সেভাবেই বাংলাদেশকে জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। সেভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলছি। ’
‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজেই সেই স্বাধীনতার চেতনাটা আমাদের সমুন্নত রাখতে হবে।”
তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। সেই ধর্মকেও কলুষিত করে যাচ্ছে যারা, তারা কোন ধর্মেই বিশ্বাস করতে পারে না। তারা নিজেদের মুসলমান বলে ঘোষণা করে কিভাবে? মুসলমান হয়ে মুসলমানকে মারা। আবার একদিকে নিজেরাই খুন করবে, আবার ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করবে। অন্তত বাংলাদেশে এটা চলতে দেয়া যাবে না।’
অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নিয়ে স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য রেবেকা মমিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।











