শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের খোলাবাজার থেকে বিদ্যুৎ কিনবে সরকার

news-image

ভারতের খোলাবাজার থেকে দৈনিক ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে প্রস্তাব দু’টি অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিল্ড-অউন-অপারেট (বিওও) পদ্ধতিতে সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হচ্ছে ২২ বছর। সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘সেম্বকর্প ইউটিলিটিজ পিটিই লিমিটেড’ ও বাংলাদেশী প্রতিষ্ঠান ‘নওপাজেকো লিমিটেড’ যৌথভাবে এটি নির্মাণ করবে। জানা গেছে, দুই বছরে এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ এবং তিন বছর পূর্ণ হলে এখান থেকে পুরো ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সিরাজগঞ্জের এ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে ২২ বছরে সরকারকে ৫৬ হাজার ৩৪২ কোটি টাকা দিতে হবে। এর মধ্যে জ্বালানি গ্যাস ব্যবহারে উৎপাদিত বিদ্যুতের জন্য (ন্যূনতম ৮৪.৬% প্লান্ট ফ্যাক্টরে) ২১ হাজার ৫০৭ কোটি টাকা এবং এইচএসডি ব্যবহারে উৎপাদিত বিদ্যুতের জন্য (ন্যূনতম ৪০% প্লান্ট ফ্যাক্টরে) ৩৪ হাজার ৮৩৫ কোটি টাকা ব্যয় হবে।অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎকেন্দ্রটিতে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ মূল্য হচ্ছে ৩ টাকা ১৯ পয়সা। এইচএসডি ব্যবহারে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ মূল্য হচ্ছে ১৩ টাকা ৫৭ পয়সা।সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল আইপিপি বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য ইতিপূর্বে ভারতীয় প্রতিষ্ঠান ‘ল্যানকো পাওয়ার’কে মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাসময়ে ল্যানকো চুক্তি সম্পাদনে ব্যর্থ হওয়ায় গত ৯ জানুয়ারি তাদের ‘লেটার অব ইন্টেন্ট’ বাতিল করা হয়। পরবর্তী সময়ে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘সেম্বকর্প ইউটিলিটিজ পিটিই লিমিটেড’ ও বাংলাদেশী প্রতিষ্ঠান ‘নওপাজেকো লিমিটেড’ যৌথভাবে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করে।অতিরিক্ত সচিব জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের খোলাবাজার থেকে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাবের আগে গত ১৪ জানুয়ারি ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন দেয়া হয়েছিল। বৈঠকে সেটা বাতিল করে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাটি অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, বাতিলকৃত প্রস্তাবটি ছিল ভারতের খোলাবাজার থেকে এনভিভিএন-এর কাছ থেকে ‘ডে এহেড সিডিউল’-এর মাধ্যমে ভারতের সিইআরসি-এর বিধিমালা অনুযায়ী ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের মূল্য নির্ধারণ পদ্ধতিতে ১ বছরের জন্য দৈনিক ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়। ভারতের সিইআরসি-এর নীতিমালা অনুযায়ী ‘ডে এহেড সিডিউল’-এর মাধ্যমে ‘ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ’-এর মূল্য নির্ধারণ পদ্ধতিতে ভারতের বাইরে বিদ্যুৎ সরবরাহের বিধান নেই। এ কারণে প্রস্তাবটি বাতিল করতে হয়েছে।বর্তমান প্রস্তাবে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের খোলাবাজার থেকে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের জন্য ‘লিমিটেড টেন্ডারিং পদ্ধতির মাধ্যমে ভারতের দু’টি কোম্পানি এনভিভিএন ও পিটিসি-এর কাছ থেকে দরপত্র আহ্বানের অনুমতি দেয়া হয়েছে। পূর্বের প্রস্তাবে এজেন্ট চার্জসহ বিদ্যুতের মোট মূল্য ধরা হয়েছিল ৫৭ কোটি ৪৫ লাখ টাকা থেকে ২৩১ কোটি ৮ লাখ টাকা।এ ছাড়া বৈঠকে আরও দু’টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৭৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ‘অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায় : ২৪টি নৌপথ)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাটার সাকশন ড্রেজার দ্বারা গাগলাগড়-মোহনগঞ্জ অংশের নাব্য উন্নয়ন কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে এএমডিএল-এডিএল।অতিরিক্ত সচিব জানান, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সংযোগ সড়ক উন্নয়নের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা (ঢাকা-টাঙ্গাইল) অংশের ৭০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ ধীরগতি যানবাহনের জন্য পৃথক লেন, ৫টি উড়াল সড়ক, ২৬টি ব্রিজ, ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে। তিনটি লটে বিভক্ত এ কাজটি সম্পন্ন করতে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৫০ কোটি টাকা।