শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই

news-image

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও তার স্ট্যাটাসের ব্যাপারে সরকারের কাছে আনুষ্ঠানিক কোন তথ্য নেই। সরকার এই তথ্য জানার চেষ্টা করার পরও তা জানতে পারেনি। এই কারণে তার ব্যাপারে আদালতের কাছেও সুনির্দিষ্ট করে তথ্য দিতে পারেনি।

সূত্র জানায়, তার ব্যাপারে যুক্তরাজ্যের সরকারের সংশ্লিষ্টদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায়। সেখানে তার তার অবস্থান, ঠিকানা, তার পাসপোর্টের ধরন, এখন তিনি কিভাবে সেখানে আছেন এসব তথ্য সব বিভিন্ন বিষয় জানতে চান। কিন্তু যুক্তরাজ্যের তথ্য নিরাপত্তা আইন-১৯৯৮ অনুযায়ী  কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য তৃতীয় কাউকে জানানোর সুযোগ না থাকায় তারা তা দেয়নি। ফলে সরকার এতোদিন ধরে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন এটা বলা হলেও এর স্বপক্ষে কোন প্রমাণ যোগার করতে পারেনি।

হাইকোর্টের আদেশের  প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব শহীদুল হক সম্প্রতি আদালতকে জানান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩১ জানুয়ারি ২০১৫ এর মধ্যে তারেক রহমানের বর্তমান অবস্থান এবং ঠিকানা জানানোর জন্য যুক্তরাজ্য পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তরকে ই-মেইলে অনুরোধ জানানো হয়।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি সেখানে বসে সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনেক কথা বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন ও  মিথ্যে তথ্য দিয়েছেন। এরপর আদালত তার বক্তব্য প্রচারে নিষেজ্ঞাধা দিয়েছে। আর এটা ওই দেশের সরকারকেও জানানো হয়েছে। যে কারণে তিনি ওই দেশে বসে এখন আর ওই ধরনের বক্তব্য দিতে পারছেন না।

তাকে ওই দেশের সরকারকে এই ব্যাপারে বিরত থাকতে বলেছে কিংবা আপনি সেই ব্যাপারে লন্ডনে গিয়ে ওই দেশের সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আর কথা বলতে পারবেন না। এদিকে সূত্র জানায়, তারেক রহমানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে আদালত আদেশ দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন যুক্তরাষ্ট্র সরকারের কাছে তার ব্যক্তিগতসহ সব ধরনের তথ্য জানতে চাওয়া হয়। তখন তারা সেই সব তথ্য দিতে অস্বীকৃতি জানায়। এই কারণে তার ব্যাপারে আদালতে তথ্য জানানোর আদেশ থাকলেও সেটা জানানো সম্ভব হয়নি। বরং যুক্তরাজ্য সরকার যেটা জানিয়েছে সেটাই বলা হয়েছে আদালতে। সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে যুক্তরাজ্য পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর জানায়, যুক্তরাজ্যের তথ্য নিরাপত্তা আইন-১৯৯৮ অনুযায়ী  কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য তৃতীয় কাউকে জানানোর সুযোগ নেই।

এই কারণে পররাষ্ট্রসচিব এফিডেভিটের মাধ্যমে বিচারপতি কাজী  রেজাউল হক ও বিচারপতি আবু তাহের  মো. সাইফুর রহমানের হাইকোর্ট  বেঞ্চকে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি এটাও জানান যে, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে তারেক রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক  কোনো তথ্য নেই। তা না থাকলেও হাইকমিশন নিজ উদ্যোগে জানতে পেরেছে তিনি লন্ডনের কিংস্টনে অবস্থান করছেন।

এই ব্যাপারে তারেক রহমানের ঘনিষ্ট সূত্রের কাছে জানতে চাইলে তিনি জানান, তারেক রহমানের ব্যাপারে সরকার নানাভাবে তথ্য বের করার চেষ্টা করেছে। ইন্টারপোলের কাছে চিঠি দিয়ে নোটিশ ইস্যু করিয়েছে। কিন্তু তেমন কোন কাজ হয়নি। কারণ সরকার ও দুদক তাকে পলাতক বললেও আসলে তা নন। কারণ ওয়ান ইলেভেনের সময়ে তিনি যখন যুক্তরাজ্যে আসেন এর কারণ হিসাবে দেখান তিনি আদালতের আদেশে চিকিৎসার জন্য এসেছেন। গত সরকার ক্ষমতাসীন হয়ে তার বিরুদ্ধে একের পর এক মামলায় ব্যবস্থা নিলেও তিনি আর ফিরে যাননি। তিনি এখনও চিকিৎসাধীন আছেন। তার দীর্ঘমেয়াদে চিকিৎসা চলছে। সুস্থ না হওয়া পর্যন্ত চলবে। তার দেশে যাওয়ার ব্যাপারে চিকিৎসকদের কোন অনুমতি পত্র নেই।

তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন জানতে চাইলে তিনি বলেন, স্ট্যাটাসতো একটা আছেই। তিনি কি বৃটিশ পাসপোর্ট নাকি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছেন তিনি বলেন, সেটা এখন বলতে চাইছি না। আচ্ছা সৌদি আরবে যেতে পারলেন না বৃটিশ সরকার তাকে সৌদি আরবে যাওয়ার ট্রাভেল পাস না দেওয়ার কারণে এটা কি ঠিক, তিনি বলেন, রমজানে যাননি তবে আগামীতে যাবেন না এমন নয়। কারণ সৌদি বাদশার দাওয়াটিতে সেখানে যাওয়ার জন্য কোন তারিখ উল্লেখ করেনি। এই কারণে আগামীতে যখন ইচ্ছে করবেন যেতে পারবেন। তার দাবি সরকার তারেক রহমানের ব্যাপারে বিভিন্ন ভাবেই তথ্য বের করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এটা আসলে তারা দিবে না। উল্লেখ্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চিকিৎসার জন্য ২০০৮ সালের ১২  সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান। ২০১৩ সালের ৩  সেপ্টেম্বর তার পাসপোর্টের  মেয়াদ শেষ হয়।