শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের জামায়াতবরণ নিয়ে ক্ষোভ

news-image

সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের পূর্ব নির্ধারিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রসঙ্গের অবতারণা করে ক্ষোভ  ও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে কি পদক্ষেপ নেয়া হবে সে সম্পর্কে জানতে চান। জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ১৪ দলের নেতাদের আশ্বস্থ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগে জামায়াতের নেতাকর্মীদের যোগ দেয়ার বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে, দলের শীর্ষ পর্যায় থেকে দলে জামায়াত নেতাকর্মীদের প্রবেশে কঠোর নির্দেশনা রয়েছে। বিষয়টি  খতিয়ে দেখা হবে বলে জানান তারা। 
বৈঠক সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আওয়ামী লীগে জামায়াতের নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে ১৪ দলের নেতারা এ বিষয়ে জানতে চান। পাশাপাশি কেন এ রকম হচ্ছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তারা। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে ১৪ দলের শরীক দলের কয়েকজন নেতা অভিযোগের সুরে বলেন, জামায়াতের যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। রায়ও কার্যকর হচ্ছে। ঠিক এই সময়ে জামায়াতের নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান খুবই উদ্বেগজনক। আওয়ামী লীগে প্রবেশ করে তারা ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হবে। তাই এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ১৪ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে পত্রপত্রিকায় পড়ে এ বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে, আওয়ামী লীগে জামায়াতের নেতাকর্মীদের যোগদান না করার বিষয়ে দলের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জামায়াতের কেউ যাতে আওয়ামী লীগে যোগদান না করতে পারে সে বিষয়ে নেতাদের সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্থ করে বলেন, আওয়ামী লীগে জামায়াতের নেতা কর্মীদের যোগদানের বিষয়টি আড়াল করার বিষয় নয়। আমরা পত্রপত্রিকার মাধ্যমে এ সম্পর্কে অবগত হয়েছি। কেন এরকম হচ্ছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বৈঠকে উপস্থিত ওয়ার্কার্স পার্টির পলিট বুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। বিচারের রায়ও কার্যকর হচ্ছে। দেশের অনেক এলাকায় জামায়াতের নেতারা আওয়ামী লীগে যোগ দিচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টিও ঝুলে আছে। এতে করে বাকি যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের রায় কার্যকরের বিষয়টি নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছি। গতকাল অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ১৪ দলের এমন একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগে জামায়াতের নেতাকর্মীরা যোগদান করছে, বিষয়টি নিয়ে ১৪ দলের নেতাদের সবাই উদ্বেগ জানিয়েছেন। আওয়ামী লীগের মতো দলে জামায়াতের নেতাকর্মীরা কেন যোগদান করবে সে বিষয়টি সম্পর্কে আমরা নেতাদের কাছে জানতে চেয়েছি।  আওয়ামী লীগে প্রবেশ করে একাত্তরের এই পরাজিত শক্তি ও ঘাতকরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে বলেও তাদেরকে সতর্ক করেছি। ১৪ দলের ওই নেতা বলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও জাহাঙ্গীর কবির নানক বিস্তারিত শুনে এ বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। দলের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়টি নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানিয়েছেন তারা। গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম বলেন, আজকের (গতকাল) বৈঠকে আওয়ামী লীগে জামায়াতের নেতাকর্মীদের যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছি, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতসহ বিগত সময়ে আন্দোলনের নামে সহিংসতা, পেট্রল বোমা নিক্ষেপের আসামিরা আওয়ামী লীগে যোগদান করছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ জন্য তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি আমরা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। দলের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে নির্দেশনা রয়েছে, নাশকতা মামলার আসামিরা যাতে কোনমতেই আওয়ামী লীগে যোগদান না করতে পারে সে বিষয়ে তারা সতর্ক। এ জন্য তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তারা আমাদের আশ্বস্থ করেছেন। 
এদিকে গতকাল দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক কোন চাপ নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ১২ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ১৩ই আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা এবং ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া সীমান্ত চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানানোসহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় উদ্বেগ জানানোর মহাসড়কগুলোতে গ্যাসচালিত অটোরিকশা চলাচল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে সরকারের প্রতি আহ্বান জানান ১৪ দলের নেতা মোহাম্মদ নাসিম। এর আগে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল, সুজিত রায় নন্দি, দলের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু। ১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন, সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার প্রমুখ।