ভূমি নিয়ে বিরোধ শুরু হয়ে গেছে
নীলকুমর নদের বাঁশের সাঁকোর সামনে গিয়ে দাঁড়াতেই আহত কয়েকজন মানুষের দেখা মিলল। তখন দুপুর দেড়টা। নীলকুমর পাড়ি দিয়েই দ্রুততম সময়ে সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহল থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে পেঁৗছা যায়। তাই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গতকাল রোববার দুপুরে এ পথটিই ব্যবহার করছিলেন স্থানীয় লোকজন। একটুক্ষণের জন্য দাঁড়িয়ে বিষয়টি কী জানতে চাওয়া হলে আহতদের সঙ্গীরা জানালেন, জমি নিয়ে বিরোধের কারণে দু'পক্ষে মারামারি হয়েছে। আহতদের দাঁড় করিয়ে কথা বলার ফুরসত ছিল না বলে এগিয়ে ঘটনাস্থলে পেঁৗছাই। জানা গেল, আউয়াল খন্দকারের ছেলেদের সঙ্গে মারামারি হয়েছে সিরাজুদ্দীন ও তার ছেলেদের। দাসিয়ারছড়ার যেখানটায় মাত্র একদিন আগে জাতীয় পতাকা উত্তোলনের বেদি বানানো হয়েছে, বেদিসংলগ্ন ১৫ শতাংশ জমি নিয়ে দু'পক্ষে বিরোধ রয়েছে। সিরাজুদ্দীনের দাবি, তিনি মুক্তিযুদ্ধের আগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে এসে দাসিয়ারছড়ায় বসবাস শুরু করেন। এই ছিটমহলেই বিয়ে করে এখানে থিতু হয়েছেন। উলিপুর থেকে নিয়ে আসেন তার প্রথম স্ত্রীকেও। দুই স্ত্রীর সন্তানসন্ততি মিলে তার এখন আট ছেলে। শুরু থেকে ছিটের আদি বাসিন্দা আউয়ালের সঙ্গে সিরাজের ছিল গভীর সম্পর্ক।
বছর তিরিশেক আগে আউয়াল তার কাছে জমিটি বিক্রি করবেন বলে টাকা নেন। কিন্তু কোনো কাগজপত্র করে দেওয়ার আগেই মারা যান আউয়াল। পরে আউয়ালের চার ছেলের মধ্যে দুই ছেলে ওবায়দুল ও মোকসেদুল তাকে জমির কাগজ করে দিয়েছেন। কিন্তু এখন জমির দাম বাড়তে শুরু করায় তারা বিক্রি করে দেওয়া জমি দখল করতে এসে ঝগড়া বাধিয়েছেন। অবশ্য ওবায়দুল বললেন, তার বাবা আউয়াল খন্দকার কোনো জমি বিক্রি করেননি সিরাজের কাছে। সিরাজ উলিপুর থেকে এসে তার বাবা আউয়ালের কাছে আশ্রয় নিয়েছিলেন, তাদের জমিজমায় কাজ করতেন। আউয়াল এক পর্যায়ে সিরাজকে বসবাসের জন্য কিছু জায়গা দান করেন। পরে আউয়ালের মৃত্যুর পর সিরাজের বারবার অনুরোধে তিনি বসবাসের জায়গাটুকু সিরাজকে লিখে দিয়েছেন। অন্য ভাইরা এই লিখে দেওয়ার মধ্যে ছিলেন না। এখনও তারা সিরাজকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে চান না। তাদের দাবি, সংলগ্ন জমিটুকুর ওপর।
দু'পক্ষের পরস্পরবিরোধী দাবি নিয়ে ছিটমহলের বাসিন্দারাও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। তারা জানেন না কোনোটা কার জমি। কেউ তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। তবে সদ্য মুক্ত হওয়া মানুষগুলো দেখলেন ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার একদিন না যেতেই জমি নিয়ে বিরোধের ঘটনায় আহত হলেন ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন তিনজন।
জমি নিয়ে সংঘাতের পর দাসিয়ারছড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্বে নিযুক্ত ওসি (তদন্ত) বদরুদ্দোজা বলেন, তারা যত দ্রুত সম্ভব দাসিয়াছড়ায় একটি পুলিশ ফাঁড়ি করার কথাও ভাবছেন।
বন্দিজীবনের অবসান হলেও পুলিশের উপস্থিতিতে মানুষের মনে এখন নতুন আতঙ্কের জন্ম হয়েছে। বিশেষ করে জমির মালিকানা নিয়েই আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। জনগণনার সঙ্গে সঙ্গে ছিটমহলবাসীর দখলে থাকা জমির মালিকানার বিষয়টি স্পষ্ট না করায় উদ্বিগ্নতা আরও বেড়ে গেছে। বাংলাদেশ বা ভারত কোনো দেশেরই বিধি মেনে ছিটমহলে জমি বেচাকেনা হয়নি। ফলে বেশিরভাগ জমিরই আইনসম্মতভাবে কোনো দলিল বা নিবন্ধন নেই। সাদা কাগজে সিল-ছাপ্পরের চুক্তিতে হয়েছে কেনাবেচা। ১৯৯৬ সালের ২৪ নভেম্বর প্রকাশিত ছিটমহলের তালিকায় এসব ছিটমহলে জমির পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৭ হাজার ১৫৮ দশমিক ০২ একর। এর মধ্যে পঞ্চগড় জেলায় ৩৬টি ছিটমহলে ছয় হাজার ১৯০ দশমিক ৭৮ একর, লালমনিরহাটের ৫৮টি ছিটমহলে আট হাজার ৯৭৮ দশমিক ১১ একর, কুড়িগ্রামের ১২টি ছিটমহলে জমির পরিমাণ ১ হাজার ৮৮০ দশমিক ৬৫ একর ও নীলফামারীতে চারটি ছিটমহলে ১০৮ দশমিক ৪৮ একর জমি রয়েছে। ৬৮ বছর পর বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ভারতীয় ছিটমহলের প্রায় ৩৯ হাজার বাসিন্দা শুক্রবার মধ্যরাতের পর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃত হয়েছেন। সর্বশেষ ১৯১২-১৯২৪ সালের মধ্যে ছিটমহলগুলোতে সরকারিভাবে ভূমি জরিপ হয়। উত্তরাধিকার সূত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রয়সূত্রে জমির মালিকানা ভোগ করছেন বিলুপ্ত ছিটের বাসিন্দারা। অনেকের রয়েছে পুরনো দলিলপত্র। ছিটমহলে গতকাল দুপুরে জমি নিয়ে ঘটে যাওয়া মারামারি ঘটনাটি অবহিত করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, বিরোধপূর্ণ এসব জমির ক্ষেত্রে সর্বাগ্রে দেখা দখলিস্বত্ব। বিলুপ্ত ছিটমহলে দখলিস্বত্বেই জমির মালিকানা নির্ধারণ করা হলেও প্রতিবেশীর সাক্ষ্য, সাদা কাগজ এবং পুরনো দলিলপত্রও বিবেচনায় নেওয়া হবে। দখলিস্বত্বের বিষয়টি স্পষ্ট করতে বললে মোহাম্মদ শফিউল আলম বলেন, মালিকানা নিয়ে কারও কোনো অভিযোগ না, বর্তমানে যে জমি যার দখলে আছে, তিনিই ওই জমির মালিক বলে গণ্য হবেন। তবে কোনো জমির মালিকানা নিয়ে অভিযোগ পাওয়া গেলে সে বিষয়টিও স্থানীয় প্রশাসন খতিয়ে দেখবে। এটি মূলত হবে জেলা প্রশাসকদের দায়িত্বে। তারা যদি দেখেন কেউ জমির দালিলিক প্রমাণ দাখিল করতে পারছেন, তাহলে কথিত দখলদারের দাবি বাতিল করতে পারবেন।
তিনি জানান, আগামী বুধবার দু'দেশের ১৬২ ছিটমহলের জমির সব সরকারি রেকর্ডপত্র হস্তান্তর করা হবে। ভূমি জরিপ কবে শুরু হবে জানতে চাইলে তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল জানান, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসের অধীনে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস এ জরিপ পরিচালনা করবে। ছিটমহলগুলোর জমির মালিকানা নির্ধারণ ও জরিপ পরিচালনায় স্থানীয় পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। ওই কমিটির সদস্যরা হবেন স্থানীয় লোকজন। ভূমি অফিসের লোকজন ওই কমিটিকে সহযোগিতা করবেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ৩১ জুলাই পর্যন্ত ছিটমহলের জমি কেনাবেচা বন্ধ রাখার যে সরকারি নির্দেশনা ছিল, তা আর নেই। এখন কেউ চাইলে ১৯৪০ সালের সিএস রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সদ্য বাংলাদেশে যুক্ত হওয়া ভারতীয় ছিটমহলের বাসিন্দারা জমি বেচাকেনা করতে পারবেন। এজন্য বিক্রেতাকে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদনের পর সংশ্লিষ্ট জেলা প্রশাসক মালিকানা যাচাই-বাছাইয়ের পর বিক্রির সিদ্ধান্ত দেবেন। বাংলাদেশে যুক্ত হওয়া ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের যারা ভারতে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, তারাও নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে জমি বিক্রি করে যেতে পারবেন। কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আকতার হোসেন বলেন, এপার-ওপার দু'পারেরই বিলুপ্ত ছিটমহলের জমির মালিকানা নির্ধারণ নিয়ে ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বারবার বৈঠক হয়েছে। আগামী বুধবার আবারও বৈঠক হবে এবং ওই দিন দু'দেশের ছিটমহলগুলোর জমির সব সরকারি রেকর্ডপত্র হস্তান্তর করা হবে। মো. আকতার হোসেন আজাদ আরও বলেন, যারা নাগরিকত্ব নিয়ে ভারতে যাচ্ছেন, জমি বিক্রির জন্য তাদের জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর আমরা এক সপ্তাহ সময় নেব। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে মালিকানা যাচাই-বাছাইপূর্বক জমি বিক্রির ব্যবস্থা করা হবে।
কুড়িগ্রামে এখন পর্যন্ত জমি বিক্রি সংক্রান্ত কোনো আবেদনই জমা পড়েনি বলে জানালেন এই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে তিনি জানান, বিলুপ্ত ছিটমহলের যে বাসিন্দারা নাগরিকত্ব নিয়ে ভারতে যাচ্ছেন, তারা চাইলে জমির প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে রেখে যেতে পারবেন। পরে বিক্রি হলে তাদের কাছে জমি বিক্রির টাকা পেঁৗছে দেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশের ৯৭৯ নাগরিক ভারতের নাগরিকত্ব নেওয়ার পক্ষে মত দিয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের ভারতে চলে যেতে হবে।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, যারা ভারতে যাচ্ছেন, তাদের জমি কীভাবে বিক্রি করা হবে, এটা মোটামুটি মীমাংসিত হয়ে গেছে। তবে যারা রয়ে গেছেন সরকার তাদের জমির মালিকানা নির্ধারণে কী কী ব্যবস্থা নেবে তা জানা থাকায় সবার মধ্যে কমবেশি আতঙ্ক রয়েছে। তাই অবিলম্বে ছিটমহলগুলোতে সরকারিভাবে জরিপ শুরু করা দরকার। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা আব্রাহাম লিঙ্কন অবশ্য মনে করেন জরিপ শুরুর আগে নীতিনির্ধারণী বিষয়গুলো মীমাংসা করা দরকার। তিনি যতক্ষণ পর্যন্ত জরিপ শুরু না হচ্ছে, ততক্ষণ ছিটমহলগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো এবং বড় ছিটমহলগুলোতে পুলিশ ফাঁড়ি রাখার পরামর্শ দেন। ছিটমহলগুলোর জমির মালিকানা নির্ধারণের মূল কাজটি করবে রংপুর জোনাল সেটেলমেন্ট অফিস। জোনাল সেটেলমেন্ট অফিসার আবদুল মান্নান বলেন, তারা জরিপের জন্য প্রস্তুত হয়ে আছেন। তবে সবার আগে ছিটমহলগুলোর জমিবিষয়ক একটি গেজেট প্রকাশ করতে হবে এবং তার পরই জরিপ করা যাবে।











