এমপি পদ বাতিলে ইসিকে চিঠি আওয়ামী লীগের
সিদ্ধান্ত ভুল বললেন লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিলের পক্ষে নির্বাচন কমিশনে মতামত পাঠিয়েছে আওয়ামী লীগ। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আওয়ামী লীগের ভুল ছিল দাবি করে লতিফ সিদ্দিকী বিষয়টি স্পিকারের কাছে পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন। এমপি পদে থাকা না থাকার বিষয়ে আওয়ামী লীগ ও লফিত সিদ্দিকীর পৃথক জবাব গতকাল নির্বাচন কমিশনে পৌঁছেছে। নির্বাচন কমিশনের চিঠির জবাবে গতকাল দুপুরে জাতীয় সংসদের প্যাডে লতিফ সিদ্দিকীর স্বাক্ষরিত ওই চিঠি তার ব্যক্তিগত সহকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের কার্যালয়ে জমা দিয়ে যান। চিঠিতে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার বানোয়াট ও ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে তা আলোচনার স্বার্থে যদি ধরেও নেয়া হয় যে আমি ওই বক্তব্য দিয়েছি, তাহলেও আওয়ামী লীগ থেকে সদস্যপদ বাতিলের এখতিয়ার কেন্দ্রীয় সংসদের নেই। জনপ্রতিনিধি হিসেবে আমি বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগের সদস্য হিসেবে বক্তব্য দিয়েছি বলে বিবেচনার সুযোগ নেই। আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে নেয়া হয়েছে। চিঠিতে লতিফ সিদ্দিকী দাবি করেছেন, সংবিধানের ৬৬ (৪) অনুচ্ছেদ অনুসারে বিতর্ক নিষ্পত্তির বিষয়টি তার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ নয়। এই যুক্তিতে ভবিষ্যতের কথা বিবেচনা করে শুনানিতে না গিয়ে স্পিকারকে চিঠি পাঠাতে অনুরোধ করেছেন লতিফ সিদ্দিকী।
অন্যদিকে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার লিখিত জবাবও প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছেন। চিঠিতে লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিলের জন্য ইসির কাছে অনুরোধ করা হয়েছে। দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস নির্বাচন কমিশনে গিয়ে দলের সাধারণ সম্পাদকের চিঠিটি পৌঁছে দেন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম চিঠিটি গ্রহণ করেন। এ সময় মৃণাল কান্তি দাসের সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম রিয়াজুল কবীর কাওসার।
কমিশন থেকে বেরিয়ে যাওয়ার আগে মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকী আর আওয়ামী লীগের কেউ নন। তিনি আইনগতভাবেই ওই অধিকার হারিয়েছেন। দলের সাধারণ সম্পাদকের চিঠির বিষয়বস্তু সম্পর্কে মৃণাল কান্তি দাস বলেন, ওই চিঠিতে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৬-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীকে কোন নির্বাচিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী বা একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। যেহেতু আবদুল লতিফ সিদ্দিকী উক্ত ধারা ও অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়েছেন এবং বর্তমান আওয়ামী লীগের গঠনতন্ত্রের নির্দিষ্ট ধারামতে সর্বসম্মতিক্রমে দলের সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সেহেতু আর আওয়ামী লীগের কেউ নন বিধায় তিনি জাতীয় সংসদের সদস্য থাকার আইনগত অধিকার হারিয়েছেন।
চিঠির সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সর্বশেষ নামের তালিকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার কার্যবিবরণী সংযুক্ত করা হয়েছে। লতিফ সিদ্দিকীর চিঠির বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেন, যেহেতু লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য বাতিল হয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তাই আমরা আইনগুলো ভালভাবে খতিয়ে দেখবো। দরকার হলে আইনজ্ঞদের পরামর্শ নেব। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের কারণে বিভিন্ন মহলের দাবির মুখে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে থাকতে হয় টাঙ্গাইলের এই এমপিকে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ই জুলাই স্পিকার ড. শিরীন শারমিনের হাতে পৌঁছায়। এ অবস্থায় লতিফের এমপি পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য (বিরোধ নিষ্পত্তি) আইন অনুযায়ী নির্বাচন কমিশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লতিফ সিদ্দিকীর বক্তব্য জানতে চেয়ে চিঠি দেয়।











