শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোমেনের প্রভাবে বৃষ্টি জোয়ার, জলাবদ্ধতা উপকূলের বহু এলাকা প্লাবিত, পানিবন্দি কয়েক লাখ মানুষ

news-image

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। কক্সবাজারের রামু হাইটুপী ভূতপাড়া-জাদিপাড়া সড়কের ভাঙন দিয়ে বাঁকখালী নদীর পানি প্রবল বেগে ঢুকছে লোকালয়ে।   
 

স্থল নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় 'কোমেন'-এর প্রভাবে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উপকূলের অনেক এলাকা। পানিতে তলিয়ে আছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের খামার। পানিবন্দি কয়েক লাখ মানুষ। অনাহারে-অর্ধাহারে কোনো রকমে তাদের দিন কাটছে। অন্যদিকে কোমেনের শঙ্কা কেটে যাওয়ায় উপকূলের অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সব নৌপথে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ক্রমেই দুর্বল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আরো দু-এক দিন দেশের কোনো কোনো অঞ্চলে ঝোড়ো বা দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। কোমেনের প্রভাবে চলমান মৌসুমি বায়ুর স্বাভাবিক দাপট অনেকাংশে বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় জানায়, 'কোমেন' গতকাল সকাল ৬টায় সন্দ্বীপ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বর্তমানে ফরিদপুরের কাছে স্থল নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটি আরো পশ্চিম, উত্তর পশ্চিম স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এদিকে গত দুই দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে এলেও গতকাল তা নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টি, জোয়ার, বন্যা, পানিবন্দি : বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানি বেড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জেলার বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট জলোচ্ছ্বাস ও নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বানভাসি মানুষ চরম দুর্ভোগে পড়েছে। উপজেলাগুলোয় বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, 'উপকূলীয় উপজেলা বাঁশখালী, সন্দ্বীপ ও আনোয়ারা (আংশিক) তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় ইউএনওদের মাধ্যমে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।' টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বহদ্দারহাট, চান্দগাঁও, অক্সিজেন, মুরাদপুর, ২ নম্বর গেট, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বেপাড়ীপাড়া, হালিশহর, পতেঙ্গা, কাঠগড়, বন্দরটিলাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় চট্টগ্রামের উপকূলীয় পাঁচ উপজেলার প্রায় অর্ধলাখ মানুষ গতকাল সকাল থেকে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছে। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, 'ঘূর্ণিঝড়ের শঙ্কায় লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল। সিগন্যাল কমার পর বাড়ি ফিরতে শুরু করেছে।' সাতকানিয়া উপজেলার বেশির ভাগ ইউনিয়ন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শঙ্খ ও ডলু নদীর গর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় মৎস্য খামারগুলো পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকায় বানভাসি লোকজন সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছে। বাঁশখালী উপজেলার ছনুয়া, চাম্বল, শেখেরখিল, গণ্ডামারা, পুঁইছড়ি, বাহারছড়া, খানখানাবাদ, গুনাগরি, কাথারিয়া, বৈলছড়িসহ ১৪টি ইউনিয়ন ও পৌরসভার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে মাঠঘাট, পুকুর ও মৎস্য খামার। লোহাগাড়া উপজেলার চুনতি, পদুয়া, পশ্চিম আমিরাবাদ, বড়হাতিয়া, সুখছড়ি, জলিলনগর এলাকায় বিভিন্ন খালে পানি বেড়ে গিয়ে আশপাশ এলাকা প্লাবিত হয়েছে। চন্দনাইশ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পটিয়া উপজেলার বেশির ভাগ ইউনিয়নে মানুষজন পানিবন্দি রয়েছে। ফটিকছড়ি উপজেলার অনেক এলাকাও প্লাবিত হচ্ছে। একইভাবে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকাও পানিতে ডুবে আছে।

কক্সবাজার উপকূলে বর্ষণ এবং দমকা হাওয়া অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সামুদ্রিক জোয়ারে পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। গতকালও জোয়ারের পানিতে উপকূলীয় অনেক এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটায় আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে। ছয় দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে টেকনাফের মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। একদিকে পূর্ণিমা তিথি, অন্যদিকে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিন ধরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। জোয়ারের পানির তীব্রতায় টেকনাফের শাহপরীর দ্বীপ, নাফ নদীসংলগ্ন টেকনাফ ও উখিয়া উপজেলার চিংড়ি ঘেরের বাঁধ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়ার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়নের লোকজন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

বান্দরবানে গতকাল ভোর থেকে ভারি বর্ষণের ফলে বিস্তীর্ণ অঞ্চল আবারও বন্যাকবলিত হয়ে পড়েছে। গত সপ্তাহের টানা বর্ষণে এক পাশ দেবে যাওয়া বান্দরবান-চট্টগ্রাম সড়কের সুয়ালক-মাঝেরপাড়া পাকা সেতুর ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার কারণে গত শনিবার থেকে জেলা সদরের প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাগেরহাটের চিতলমারীতে চিত্রা নদীর বাঁধ ভেঙে ডুমুরিয়া গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়েছে। চিতলামারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ জানান, গতকাল দুপুরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে স্লুইস গেটের কাছে প্রায় ৪০ ফুট এলাকা নিয়ে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। জোয়ারের পানি ওই গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে ঢুকে পড়েছে। গ্রামটির প্রায় ২০০ পরিবার এখন পানিবন্দি রয়েছে।flood1

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দীন জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের একটি টিম গতকাল বিকেলে ঘটনাস্থলে পৌঁছেছে। টানা বৃষ্টি এবং প্রচণ্ড পানির চাপে দুই সপ্তাহে বাগেরহাট সদর উপজেলা, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় ৯টি পয়েন্টে প্রায় ৭০০ মিটার ভেঙে গেছে।

সাতক্ষীরায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও কপোতাক্ষসহ বেতনা নদীর উপচেপড়া পানিতে নতুন করে আরো কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভাসহ তালা ও কলারোয়া উপজেলার ১৭ ইউনিয়নে অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবড়ি ছেড়ে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া বন্যার্তদের মধ্যে গতকাল সরকারিভাবে ত্রাণ (চাল) বিতরণ শুরু হয়েছে। বন্যার্তদের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মেঘনার ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। জোয়ারের পানিতে জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নে দেড় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা ইউনিয়নে প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও নোয়াখালীতে গতকালও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতায় জনজীবন অচল হয়ে পড়েছে। জেলার হাতিয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে সুখচর, নলচিরা ও তমরদ্দি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব সোনাদিয়া আশ্রয়কেন্দ্রে আসা আট দিনের নবজাতক ঠাণ্ডাজনিত কারণে মারা যায়। জেলার সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলা এখনো জলমগ্ন। বরগুনায় বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে বিষখালী ও বুড়িশ্বর নদীর পানি বইছে। জোয়ারের পানিতে জেলার তিন উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে।

কুমিল্লার দক্ষিণাঞ্চলের মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায় বন্যায় প্লাবিত প্রায় দুই শতাধিক গ্রাম থেকে ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। তবে এসব গ্রামের কয়েক লাখ মানুষ এখনো মানবেতর জীবন যাপন করছে। বন্যাকবলিত এসব এলাকায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। দূষিত পানি পান করে অনেকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নৌযান চলাচল শুরু : ঝড় কেটে যাওয়ায় আবহাওয়া অধিদপ্তর বিপদসংকেত কমিয়ে আনার পর বিআইডাব্লিউটিএ নৌযান চলাচলে সতর্কতা তুলে নিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এক দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকাল থেকে সব নৌপথে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে। ঢাকা সদরঘাটে বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান মাহফুজ বলেন, 'খারাপ আবহাওয়ায় নদী উত্তাল থাকায় গতকাল (বৃহস্পতিবার) সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। আজ (শুক্রবার) সকাল ৮টায় ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।' মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া (মাওয়া) ও মাদারীপুরের কাওড়াকান্দির মধ্যে গতকাল সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটি সচল : গতকাল থেকে পুরোদমে সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা ও ডেলিভারি কার্যক্রম। ঘূর্ণিঝড়ের কারণে গত বুধবার রাত ১২টা থেকে রেড অ্যালার্ট-৩ জারি থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ ছিল। তবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাগরে পণ্য স্থানান্তর (লাইটারিং) কার্যক্রম গতকালও শুরু হয়নি। এর ফলে আমদানি পণ্যবাহী প্রচুর জাহাজ অলস বসে ছিল। (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন : নিজস্ব প্রতিবেদক ঢাকা, কক্সবাজার ও বান্দরবান; চট্টগ্রাম ও বরিশাল অফিস; রাজবাড়ী, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, নোয়াখালী, বরগুনা ও কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি)