মালয়েশিয়ার নিখোঁজ বিমান নিয়ে আশার আলো
মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে। ভারত মহাসাগরের একটি ফরাসি দ্বীপ-রিইউনিয়নে পাওয়া গেছে বিমানের একটি ধ্বংসাবশেষ। ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ ওই বিমানের ধ্বংসাবশেষ। যদি তা নিশ্চিত করা যায় তাহলে এ থেকে অনেক অজানা প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। সরকার দেখছে আশার আলো। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন, এটি মালয়েশিয়ার হারিয়ে যাওয়া এমএইচ-৩৭০ বিমানটির ধ্বংসাবশেষ কিনা। কেননা, মালয়েশিয়ার ওই বিমানটি ছিল বোয়িং-৭৭৭ মডেলের। আর রিইউনিয়ন দ্বীপে পাওয়া ওই ধ্বংসাবশেষটি কোন বোয়িং-৭৭৭ বিমানেরই হবে বলে বিশেষজ্ঞদের জোরালো মত। তবে সমস্যা হলো, এর আগে এ বিমানটি উদ্ধারে যেখানে অনুসন্ধান প্রচেষ্টা চালানো হয়েছে, তা থেকে রিইউনিয়ন দ্বীপ ৬ হাজার কিলোমিটার দূরে! আবার আশার কথা হলো, দ্বীপটির এমন দূরত্বের মধ্যে অতীতে বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হলেও, সে তালিকায় বোয়িং-৭৭৭ মডেলের বিমান একটিই ছিল। সেটি হলো, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটিই! মালয়েশিয়াও নিজেদের বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রিইউনিয়ন দ্বীপে। তবে এখনই তারা নিশ্চিত হতে রাজি নয়। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। প্রসঙ্গত, গত বছরের মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে বেইজিং-এর উদ্দেশে কুয়ালালামপুর থেকে উড়াল দেয় বোয়িং-৭৭৭ বিমানটি। কিন্তু কোন চিহ্ন না রেখেই তা একরকম হারিয়ে যায়। অনেক অনুসন্ধান অভিযান চালানো হলেও কোন খোঁজই পাওয়া যায়নি বিমানটির। তবে রিইউনিয়ন দ্বীপপুঞ্জে বিমানের যে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, তা দেখতে বোয়িং-৭৭৭ মডেলের বিমানের মতো। এটি মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ এরই ধ্বংসাবশেষ কিনা, তা এখনই অনুমান করতে চায় না দেশটি। হারিয়ে যাওয়ার সময় বিমানটিতে যাত্রী ছিলেন ২২৭ জন। এদের ১৫৩ জনই চীনা নাগরিক। ছিলেন ৩৮ জন মালয়েশিয়ানও।
ফরাসি পরিবহন কর্মকর্তারা বলছেন, তারাও বিষয়টি তদন্ত করে দেখছেন। প্রায় ৬ ফুট লম্বা এ ধ্বংসাবশেষ সমুদ্র থেকে ভেসে দ্বীপে এসেছে। কিন্তু অস্ট্রেলিয়ার নেতৃত্বে বিমানটি অনুসন্ধানে যেখানে বড় ধরনের অভিযান চালানো হয়েছিল, সেখান থেকে রিইউনিয়ন দ্বীপ প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে। রিইউনিয়ন দ্বীপের আরও কম দূরত্বে বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হয়েছে। কিন্তু মালয়েশিয়ান এমএইচ-৩৭০ ছাড়া এদের কোনোটিই বোয়িং-৭৭৭ মডেলের নয়। এক মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেন, প্রাপ্ত ধ্বংসাবশেষের ছবি দেখে বিশেষজ্ঞরা খুবই আত্মবিশ্বাসী যে, এটি কোন বোয়িং-৭৭৭ বিমানেরই।











