স্মরণীয় করে রাখতে মোমবাতি-প্রদীপ প্রজ্জ্বলন
বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল অনুসরণের মাধ্যমে উভয় দেশের স্থল সীমানা চুক্তি শুক্রবার চূড়ান্ত বাস্তবায়ন হচ্ছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মোমবাতি, প্রদীপ আর মশালের আলোয় ছিটমহল দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ-ভারতের ছিটমহলের বাসিন্দারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা সংক্রান্ত সমস্যাসমূহ সমাধানকল্পে ১৯৭৪ সালের ১৬ মে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ১৯৭৪ (মুজিব-ইন্দিরা চুক্তি) এবং পরবর্তীতে ২০১১ সালে স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রটোকলের আলোকে আগামিকাল ৩১ জুলাই মধ্য রাতে ভূমি বিনিময় সম্পন্ন বলে গন্য হবে।
অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্য রাত থেকে বাংলাদেশের মূল ভূখন্ডে অবস্থিত সকল ভারতীয় ছিটমহল বাংলাদেশের ভূখন্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে। একইভাবে ভারতের অভ্যন্তরে অবস্থিত সকল বাংলাদেশী ছিটমহল ভারতের ভূখন্ড হিসেবে অন্তর্ভূক্ত হবে। একই সাথে উভয় দেশের অপদখলীয় জমি সে দেশের অন্তর্ভুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নতুন ভাবে অন্তর্ভুক্ত জমি সংযুক্ত করে এবং বহির্ভূত জমি বাদ দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে গেজেট নোটিফিকেশন জারী করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় বাংলাদেশের ভূখন্ড হিসেবে অন্তর্ভুক্ত ১১১টি ছিটমহলে বসবাসরত ভারতীয় নাগরিক হিসেবে থাকার অপশন প্রদানকারীগন ব্যতীত অন্যান্য বাসিন্দাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হবে। ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহল ৩১ জুলাই মধ্য রাত থেকে ভারতীয় ভূখন্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং এদের নাগরিকরা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন। আগামী ১ আগস্ট ভোরে বাংলাদেশের ভূখন্ডে নতুনভাবে অন্তর্ভুক্ত ভারতের পূর্ববর্তী ১১১ টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছিটমহল হস্তান্তরের দিনটিকে স্মরণীয় করে রাখতে মোমবাতি, প্রদীপ আর মশালের আলোয় আলোকিত করতে চায় বাংলাদেশ-ভারতের ছিটমহলের বাসিন্দারা। এ উপলক্ষে ছিটমহলবাসী এবং ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বর্ণাঢ্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। দীর্ঘ ৬৮ বছর অবরুদ্ধ জীবনের অবসানে এ দিন ছিটমহলের প্রত্যেকটি মুসলিম পরিবারে জ্বলবে ৬৮টি মোমবাতি আর হিন্দু পরিবারগুলো জ্বালাবে ৬৮টি প্রদীপ। ছিটমহলের সড়কগুলোকে আলোকিত করা হবে। পঞ্চগড় থেকে সংবাদদাতা জানান, দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটবে সেই লক্ষ্যে আগামীকাল মধ্যরাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ছিটমহলবাসী। আনন্দ উৎসবের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। ভারতের পক্ষে কুচবিহার জেলা প্রশাসক এবং বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং পঞ্চগড়ের জেলা প্রশাসকদের মধ্যে এই হস্তান্তর অনুষ্ঠিত হবে।
পঞ্চগড়-নীলফামারী অঞ্চলের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান জানান, দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ৩১ জুলাই সারাদিন সারারাত ব্যাপী আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম জানান, ৩১ জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশী এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অধিবাসীরা ভারতীয় হয়ে যাবে। যারা নাগরীকত্ব বদলের আবেদন করেছেন তাদের বিষয়গুলো ৩০ নভেম্বরের মধ্যে সুরাহা হবে।
কুড়িগ্রাম থেকে সংবাদদাতা জানান, বিজয় উৎসব পালনের জন্য ছিটমহলে এখন চলছে ব্যাপক প্রস্ততি। বাংলাদেশী নাগরিক হবার আনন্দে মাতোয়ারা এখন ছিটমহলবাসী। আগামীকাল মধ্যরাতে ছিটমহল বিনিময় হবার সাথে সাথে উৎসবে মেতে উঠবে ছিটমহলবাসী। পরদিন দিনভর চলবে সেই উৎসব। আলোকসজ্জা, মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন, সমাবেশ, মিছিল, মিষ্টি বিতরণ, সাংষ্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, নৌকা বাইচসহ নানা আয়োজনে সাজানো হয়েছে উৎসব। নতুন পতাকা তৈরী, মশাল তৈরী, মোমবাতি ক্রয়সহ নানা প্রস্ততিতে ব্যস্ত এখন ছিটমহলবাসী। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানিয়েছেন, ছিটমহলবাসীদের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ছিটমহল হেডকাউন্টিং পঞ্চগড় জেলা প্রশাসনের তত্তাবধানে জেলার ৩৬টি ছিটমহলে ১৮টি ক্যাম্পের মাধ্যমে ৬ জুলাই থেকে জনগণনা কাজ শুরু হয়ে ১৬ জুলাই শেষ হয়। এর মধ্যে ভারতে যাওয়ার জন্য ৪৬৭ জন আবেদন করে। হেডকাউন্টিং এর শেষ দিনে আরো ১৬টি পরিবারের ৫৯ জন ভারতে যাওয়ার জন্য পঞ্চগড় জেলা প্রশাসক এর বরাবর আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে অবস্থিত কোটভাজনী ছিটমহলের নতুন হাজীর হাট অস্থায়ী ক্যাম্পে ভারতে যাওয়ার জন্য নতুনভাবে যারা আবেদন করেছিলেন তাদের যাচাই বাছাইসহ মতামত নেয়া হয়।











