শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অদ্ভুত ঘটনার সাক্ষী হলো মিরপুর!

news-image

স্ট্যাম্পে বল লাগার পরও বেল না পড়ার ঘটনা আছে অনেক। বেল উড়েও আবার জায়গামতো পড়ে থিতু হওয়ার ঘটনাও আছে। এমনকি দুই স্টাম্পের ভিতর দিয়ে বল গলে বেরিয়ে যাওয়ার ঘটনাও আছে টেস্টে। এই ঘটনাগুলো নিতান্তই অদ্ভুত।


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার সাক্ষী হলো তেমনি এক অদ্ভুত ঘটনার। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্টে দ্বিতীয় সেশনের মধ্যাহ্ন ভোজনের বিরতির পর দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের করা একটি বল তার স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। নিশ্চিত আউট হওয়া থেকে একরকম বেঁচেই গেলেন মুশফিকুর রহিম।


ম্যাচে তখন বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৯ তম ওভারের খেলা চলছে। বোলিংয়ে ডেল স্টেইন, যার বলে গতির সাথে সুইং মিশিয়ে এক বিচ্ছুরণ সৃষ্টি হয়। ব্যাটিংয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। স্টেইন নিজের অষ্টম ওভারের শেষ বলটি করলেন । রিভার্স সুইং করে ভেতরে ঢোকা বলটি বুঝতেই পারেননি মুশফিকুর রহিম।


বাজে শট খেলেছিলেন তবে ভাগ্য ভালো ব্যাটের কানা ছোঁয়নি বল। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা গেল, ভাগ্য মুশফিকের আসলেই সুপ্রসন্ন ছিল। কারণ, ব্যাটের কানা না ছুঁলেও স্টাম্পের কানা ঠিকই স্পর্শ করেছিলো বল। কিন্তু বেলস নড়েইনি। ভাগ্যের জোরে ১০ রানে বেঁচে যান মুশফিক।


নিয়মিত ১৪০ কিলোমিটারের আশেপাশে গতিতে বল করে থাকেন স্টেইন। অথচ এই গতি-তারকার বল স্ট্যাম্পে চুমু দিলেও বেল না পড়ায় নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন মুশফিকুর রহিম। অন্যদিকে ৪০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েও তাই হতাশায় পুড়তে পারেন স্টেইন।


সূত্র : প্রিয়.কম