শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্টু টোনাটুনি

news-image


 দুষ্টু টোনাটুনি
     শাহনেওয়াজ চৌধুরী


এক বনে বাস করত এক চড়–ই। সে খুব ভালো বাসা বুনতে পারত। বনের অন্যান্য পাখিরা তখনো বাসা বুনতে শেখেনি। বনের পাখিরা খড়কুটো নিয়ে চড়–ইর কাছে হাজির হত। চড়–ই বাসা বুনে দিত। মজুরি হিসেবে চড়–ইকে দিতে হত একটা বাসা বুনতে যেটুকু খড়কুটো লাগে তার অর্ধেক। সবাই এই নিয়মে বাসা বানিয়ে নিত। তাই বনের সব পাখিদের কাছে চড়–ই প্রিয়।
কিন্তু এক জোড়া টোনাটুনির এত খড়কুটো জোগাড় করার সাধ্য ছিল না। টোনাটুনি একদিন চড়–ইর কাছে এসে বলল, ‘ভাই, আমাদের একটা বাসা বানিয়ে দিতে হবে।’
চড়–ই বলল, ‘ভালো কথা। বাসা বানিয়ে দেব। কিন্তু কেমন বাসা চাও, খড়কুটো এনেছ কিনা সেসব তো বলতে হবে।’
টোনা বলল, ‘না, খড়কুটো আনিনি। তুমি বললে আনব।’
‘ঠিক আছে, নিয়ে এসো তাহলে। কিন্তু নিয়ম জানো তো?’
টুনি বলল, ‘হ্যাঁ, জানি।’
দু’দিন পর টোনাটুনি কিছু খড়কুটো এনে চড়–ইকে বলল, ‘এই নাও খড়কুটো এনেছি। এবার বাসা বুনে দাও।’
চড়–ই বলল, ‘এই সামান্য খড়কুটোয় তোমাদের বাসা তো বোনাই তো হবে না। আমাকে কী দেবে? তারও আগে বলো ক’জনের বাসা বানাতে হবে।’
টুনি বলল, ‘দু’জনের। টোনা আর আমি থাকব। আমার ডিম দেয়ার সময় হয়ে এসেছে। তুমি ভাই আমাকে একটা ভালো বাসা বানিয়ে দাও।’
‘তা দেব। তোমরা আরো খড়কুটো জোগাড় করে আনো।’
চড়–ইর কথায় সায় দিয়ে টোনাটুনি বলল, ‘ঠিক আছে। আনছি।’
দু’দিন গেলৃ তিনদিন গেলৃ চারদিনের দিন টোনাটুনি আরো কিছু খড়কুটো নিয়ে চড়–ইর কাছে এলোÑ ‘এই নাও ভায়া, এর বেশি খড় জোগাড় করা সম্ভব নয়। তাছাড়া দেশে এবার আকাল। ফসলাদিও ভালো হয়নি যে মাঠঘাটে খড়কুটো পাওয়া যাবে।’
চড়–ই বলল ‘তোমরা ছোট, সে কারণে এতটুকু খড়কুটো এনেই তোমাদের মনে হচ্ছে এতেই বাসা তৈরি হয়ে যাবে। কিন্তু এ পর্যন্ত যতটুকু খড়কুটো তোমরা এনেছ তাতে একজনের বাসাই বোনা যাবে না।’
টোনা বলল, ‘তাহলে এত খড়কুটো আমরা কোথায় পাব?‘
‘সেটা তোমরা ভালো জানো। আমি ভাই এইটুকু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে দিতে পারব না। চেষ্টা করে দেখো, আরো খড়কুটো জোগাড় করতে পারো কিনা।’
চড়–ইর কথা মেনে নিয়ে টোনাটুনি বেরোলো আরো খড়কুটোর খোঁজে। আবারো যতটা সম্ভব খড়কুটো নিয়ে চড়–ইর কাছে এলো।
চড়–ই টোনাটুনির এবারের সংগ্রহ দেখে বলল, ‘এতে কি মজবুত বাসা বোনা যাবে?’
টুনি, টোনার কানে কানে বলল, ‘চড়–ই বোধহয় আমাদের সঙ্গে চালাকি করছে! তার মতলব ভালো ঠেকছে না।’
টুনি চড়–ইকে বলল, ‘এতে যেমন হয় তেমন বাসাই বানিয়ে দাও।’
চড়–ই তাই করল। টোনাটুনির জোগাড় করা খড়কুটো দিয়েই কোনোমতে একটা বাসা তৈরি করে দিল।
তিনদিন পর টোনাটুনি বাসা নিতে এলো। বাসা তৈরি হয়ে গেছে দেখে তাদের আনন্দ আর ধরে না। বাসা সামনে রেখে টুনি স্বপ্নে বিভোর। যাক, তাদের আর রোদে পুড়তে হবে না। বৃষ্টিতে ভিজতে হবে না। রাতে কষ্ট করে ঘুমাতে হবে না।
চড়–ইকে ধন্যবাদ জানিয়ে বাসা নিয়ে বিদেয় হলো টোনাটুনি। পছন্দসই একটা গাছে বাসাটা খুব ভালোভাবে রেখে দু’জনে খাবারের সন্ধানে বেরোলো।
খাবার-দাবার নিয়ে সন্ধ্যাবেলায় ফিরে যখনই দু’জন বাসায় বসল অমনি হুড়মুড় করে বাসা ভেঙে মাটিতে পড়ে গেল। টুনির কোমর ভেঙে গেল আর টোনার একটা পাখা। ব্যথায় কঁকাতে কঁকাতে দু’জনই চড়–ইর ওপর ভীষণ ক্ষেপে গেল। নিশ্চয়ই আমাদের সঙ্গে শত্র“তা করেছে চড়–ই। এর শাস্তি চড়–ইকে পেতেই হবে। কিন্তু সে তো পরের কথা। এখন এই ব্যথা ঘোচাতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। সুস্থ্য হয়ে তবেই প্রতিশোধ।
টোনাটুনি শিয়ালের হাসপাতালে এলো। শিয়াল তাদের হাসপাতালে ভর্তি করে নিল। টোনাটুনির জন্য কেবিনের ব্যবস্থা হলো।
টোনাটুনির অভিযোগ শুনে শিয়াল বলল, ‘আমার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আগে সুস্থ হ। পরে প্রতিশোধ নিবি।’
টোনাটুনি শিয়ালের কথা মেনে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে থাকল। এদিকে শিয়াল ফন্দি আঁটলো টোনাটুনিকে খাবে। কচিপাখির মাংস খেতে খুব মজা হবে। কিন্তু দুটোকে তো একসঙ্গে খাওয়া যাবে না। শিয়াল ভাবলÑ ডানাভাঙা টোনাকে ডানা জোড়া লাগানোর ছুঁতোয় আলাদা কেবিনে সরিয়ে টুনিকে খেয়ে নেবে।
ফন্দিমতো কাজ করল শিয়াল। প্রথমে গেল টুনিকে খেতে। দেখে-টেখে চিকিৎসা করার ভান করে আস্ত টুনটুনিকে মুখে পুরলো। শিয়ালের গলার ভেতরে ঢুকে ডানা ঝাঁপটাতে শুরু করল টুনি। শিয়াল আর টুনটুনিকে হজম করতে পারল না। গলার ভেতর থেকে বের করে দিল। বেরিয়েই শিয়ালের নাকের ডগা থেকে চশমাটা নিয়ে টুনি ফুড়–ৎ। চশমাটা নিল এই ভেবে শিয়াল যাতে টুনির পিছু নিতে না পারে। শিয়াল আবার চশমা ছাড়া কিছুই দেখতে পায় না!
এবার টোনাটুনি মিলে ফন্দি করলÑ চড়–ইকে কীভাবে জব্দ করা যায়। চড়–ইর কারণেই তাদের আজ এই দশা।
অনেক ভেবে একটা পথ পেল টোনাটুনি। ফন্দি মতো কিছু বুনো ফলমূল জোগাড় করে চড়–ইর বাড়িতে হাজির হলো তারা।
চড়–ই অতিথি সেবায় লেগে গেল। অতিথিদের কিছু খেতে দিয়ে কাজ ফেলে চড়–ই বনে গেল খাবার জোগাড় করতে। বাড়িতে অতিথি এসেছে, ভালো-মন্দ খাবার প্রয়োজন।
খাবার নিয়ে ফিরে এসে চড়–ই দেখেÑ তার বাসাটিও নেই অতিথিরাও নেই! চড়–ইর খুব দুঃখ হলো। এত কষ্টে গড়া তার বাসাটা এভাবে উধাও হলো! চড়–ইর মনে সন্দেহ জাগল এ নিশ্চয় টোনাটুনির কাজ!
এদিকে চড়–ইর বাসাটা ঠোঁটে নিয়ে উড়ে চলল টোনাটুনি। কিন্তু বাসাটা আর ঠোঁটে ধরে রাখতে পারছিল না। বাসাটা ঠোঁট থেকে নিচে পড়ে গেল। ঠিক সেই সময় সিংহ খাবার খাচ্ছিল। বাসাটি এসে পড়ল সিংহের খাবারের মধ্যে। সিংহ বেখয়াল বসে খাবারের সঙ্গে বাসাটিও খেয়ে ফেলল। খেয়ে সিংহের অবস্থা খরাপ। তার পেটব্যথা শুরু হলো। বনেররাজার এমন অবস্থায় সবাই ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত ছুটে গেল শিয়ালের কাছে। পরিক্ষা-নিরীক্ষার পর সিংহের পেট থেকে পাখির বাসাটা বের করল শিয়াল। ভালো ডাক্তার বলে শিয়ালকে সবাই বাহবা দিল।
শিয়াল ডাক্তারি ফলাতে সিংহকে বলল, ‘ভাগ্নে, যা পাও তাই গিলে ফেলো কেন? খাওয়া-দাওয়াও সাবধানে খেতে হয়।’
স্বস্তি ফিরে পেয়ে সিংহ হুকুম দিল তার খাবারে যারা ঝুটা ফেলেছে তাদেকে যে ধরে এনে দেবে তাকে পুরস্কৃত করা হবে।
বনেররাজার এই ঘোষণা রাজ্যময় ছড়িয়ে দেয়া হলো। খবর পেয়ে চড়–ই ছুটে এলো রাজদরবারে। চড়–ই জানলÑ এ কাজ টোনাটুনির। তার বাসা চুরি করেই ওরা এমন কাণ্ড বাধিয়েছে। রাজাকে পুরো ঘটনা বলল চড়–ই। সিংহ, চড়–ইকে অপরাধীদের সন্ধান দেয়ায় পুরস্কৃত করল। আর ঘোষণা করল টোনাটুনিকে ধরে এনে মৃত্যুদণ্ড দেয়া হবে।
এই খবর পেয়ে টোনাটুনি পালিয়ে বেড়ায়। কিন্তু বেশিদিন পালিয়ে থাকতে পারল না। রাজার সৈন্যদের কাছে ধরা পড়ে গেল।
রাজদরবারে বিচার বসল। বিচারে টোনাটুনির মৃত্যুদণ্ডের রায় হলো। মৃতুদণ্ডের আগ পর্যন্ত তাদের খাঁচায় পুরতে বলা হলো।
দরবার ত্যাগ করার আগে টুনি সবিনয়ে রাজাকে বলল, ‘রাজা মশাই আমার একটা আর্জি ছিল। আপনি চাইলে সেটা পূরণ হতে পারে।’
31
সিংহ বলল, ‘আর্জি পেশ করো।’
টুনি বলল, ‘বন্দি হওয়ার আগে আমি টোনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই।’
অনুমতি দেয়া হলো। টোনাটুনি দরবারের পাশের কক্ষে গিয়ে একান্তে কথাবার্তা শেষে বেরিয়ে এলো। দরবার ত্যাগের আগে রাজাকে কুর্নিশ করার নিয়ম। নিয়ম পালন করতে গিয়ে প্রহরীর হাত থেকে ছাড়া পেয়ে টোনাটুনি ফুড়–ৎ। যাওয়র সময় ঠোঁটে করে রাজার মুকুট নিয়ে গেল।
সিংহ ক্ষেপে গেল। নিজেই বের হলো টোনাটুনির খোঁজে।
এদিকে টোনাটুনি মুকুট নিয়ে উড়তে উড়তে বনের শেষপ্রান্তে এসে মুকুটটা আর ঠোঁটে ধরে রাখতে পারল না। বনের শেষপ্রান্তে গাছের সাথে এক পাগল শিয়ালকে বেঁধে রাখা হয়েছে। মুকুটটা শিয়ালের মাথায় পড়ল। শিয়াল অবাক। সেই সাথে খুশিও। সে ভাবলÑ এই তো সুযোগ। এই সুযোগে নিজকে বনেররাজা ঘোষণা করতে হবে। তাহলে সবাই তাকে কুর্নিশ করবে, মান্য করবে।
তখন এক খরগোশ যাচ্ছিল । হুকুম করার ভঙ্গিতে খরগোশকে ডাকল শিয়াল। খরগোশ অবাক পাগল শিয়ালের মাথায় রাজমুকুট! শিয়াল কি তাহলে বনেররাজা হয়ে গেছে!
খরগোশ ভাবলÑ শিয়াল যেহেতু রাজা হয়ে গেছে, তাকে চাটুকারি করে হলেও বশে রাখতে হবে। ভাবনামতো শিয়ালের সামনে এসে কুর্নিশ করে খরগোশ বলল, ‘হুকুম করুন হুজুর।’
শিয়াল বলল, ‘আমি এখন বনেররাজা। আমার বাঁধন খুলে দে।’
খরগোশ হুকুম পালন করল।
একে একে বনের সব পশুপাখি পাগল শিয়ালের রাজা হবার খবর জেনে গেল। তারা শিয়ালকে রাজা বলে মেনে নিয়ে তার হুকুম পালন করতে শুরু করল।
অন্যদিকে সিংহ মুকুট খুঁজতে খুঁজতে শিয়ালের কাছে এলো। সিংহ তার মুকুট ফেরত চাইল।
শিয়াল বলল, ‘এ মুকুট আমার। আমি এখন এ রাজ্যের রাজা।’
সিংহ গর্জন তুলে শিয়ালকে ধরতে গেলে শিয়াল তার সৈন্যদের হুকুম করল ‘এই পাগল সিংহকে বন্দি করো।’
সিংহকে বন্দি করা হলো। শিয়াল রাজা হয়ে রাজ্য শাসন করতে লাগল।
আর সেই টোনাটুনি?
শিয়াল ওদের শেষবারের মতো ক্ষমা করে দিল। কেননা ওদের কারণেই তো শিয়াল বনেররাজা হতে পেরেছে।
টোনাটুনি সুখে-শান্তিতে বসবাস করতে লাগল। তারা আর কখনো অন্যের ক্ষতি করেনি।হ