ধেয়ে আসছে ঘূর্ণিঝড়: ৭ নাম্বার বিপদ সংকেত
আজ বিকালে আঘাত হানতে পারে : উপকূলের লোকজনকে নিরাপদে সরে যাওয়ার মাইকিং
বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসছে। আজ বিকাল নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এজন্য চট্টগ্রাম এবং কক্সবাজারসহ সমুদ্রবন্দরগুলোকে ৭ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, টেকনাফ, চকরিয়া এবং পেকুয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় লোকজনকে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। রাত ১১টা পর্যন্ত প্রায় ৫-৬ হাজার লোককে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহা রাত ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি করেন। সেখান থেকে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাইকিং করতে বলা হয়েছে। এরপরই সব উপজেলায় মাইকিং করে লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।
এ ব্যাপারে রাত সোয়া ১১টার দিকে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন জানান, সেখানে এখন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে, লোকজনকে তিনটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। এর আগে পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সন্ধ্যা ৬টায়
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার দুপুর কিংবা বিকাল নাগাদ বরিশাল ও চট্টগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ নীলুফার জাহান। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নাম্বারের পরিবর্তে ৭ নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এছাড়া নিম্নচাপটি উপকূল অতিক্রমের সময় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।











