ইরান ও ফ্রান্সের সম্পর্ক উষ্ণতর করার এখনই সময় : ফ্যাবিউস
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিউস বলেছেন, পরমাণু কর্মসূচিতে স্বাক্ষরের পর এ দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণতর করার এখনই সময়। বুধবার ইরানের তেহরানে ফরাসি দূতাবাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফ্যাবিউস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। ইরান ও বিশ্বের ছয় ক্ষমতাধর দেশের মধ্যে গত ১৪ জুলাই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর তিনি স্বল্প সময়ের জন্য তেহরান এলেও এটি মূলত বহু কাঙ্খিত সফর।
ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনার টেবিলে ফ্রান্সের প্রধান কূটনীতিক হিসেবে ফ্যাবিউস যেসব পদক্ষেপ নিয়েছেন সেসব অনেক বাহবা পেয়েছে এবং এর আলোকে যে চুক্তি হয়েছে ইরানকে অবশ্যই তা মেনে চলতে হবে। তিনি বলেন, আমরা দুটি বড় ও স্বাধীন দেশ। এটি সত্য যে, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে এ দুটি দেশের মধ্যে সম্পর্ক শীতল হলেও পারমানবিক চুক্তি স্বাক্ষরের সুবাদে এখন তা আর নেই।
ইরানে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিউসের একদিনের এই সফরকে দুই দেশের অর্থনৈতিক খাতে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।











