শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকা চৌধুরী জঘন্য লোক, উচিত শিক্ষা হয়েছে: নৌ-মন্ত্রী

news-image

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
একই সঙ্গে তিনি এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে মন্ত্রী এই দাবি জানান। শাজাহান খান বলেন, ‘গণহত্যাকারীর বিচার হয়েছে। এই রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সাকা চৌধুরী একটা কুরুচীপূর্ণ জঘন্য লোক। তার হাসির সঙ্গে ১৯৭১ সালের জানোয়ারদের হাসির মিল খুঁজে পাওয়া যায়। তার উচিত শিক্ষা হয়েছে।’ রায় কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে মন্তব্য করে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়াও গণহত্যাকারীদের নায়িকা। বিশেষ আদালতে তার বিচার করতে হবে। যিনি মানুষ খুন করে গণতন্ত্র হত্যা করতে চান, তার বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে খালেদা জিয়া নির্বাচন আসতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা চাই আপনি নির্বাচনে আসুন। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ। সেখানেই আসতে পারবেন।’ তবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে আসতে চাইলেই তো হবে না। পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা ও সম্পদ নষ্টের অভিযোগে বিচারে তার সাজা হলে হয়তো তিনি নির্বাচনের বাইরেই থাকবেন।’ আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, আব্দুর রাজ্জাক প্রমুখ।