সাকার রায়কে ঘিরে উত্তপ্ত চট্টগ্রাম, বিজিবি মোতায়েন
মানবতাবিরোধী অপরাধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালর রায়ে ফাঁসিতে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়কে কেন্দ্র চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে সাকা চৌধুরীর জন্মস্থান রাউজান ও তার এক সময়কার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড ও এলিট ফোর্স র্যাব। বিজিবি টহল থাকছে সীতাকুণ্ড ও হাটহাজারিতেও। সাকা চৌধুরীর মামলার সাক্ষীদের বাড়িতে বসানো হয়েছে পুলিশের প্রহরা। এ ছাড়া সাকার ক্যাডার বাহিনী যাতে কোন ধরনের নাশকতা করতে না পারে সেজন্য রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর লোকজনও সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সাকার ফাঁসি ছাড়া অন্য কোন শাস্তি হলে চট্টগ্রামবাসীকে রাজপথে নেমে আসারও আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের নেতারা। মঙ্গলবার বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ থেকে এ আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা। সাকা’র ফাঁসির রায় বহাল রাখার দাবিতে মিছিলও করেছে সংগঠনটি। এদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সত্য হলে গণজাগরণ মঞ্চের পাশাপাশি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন বুধবার সকাল থেকে একাত্তরের টর্চার সেল গুডস হলের অদূরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন নগরীতে এবং সাকা’র জন্মস্থান রাউজানে বুধবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকেলে চোরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত গণজাগরণ মঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা.চন্দন দাশ। সমাবেশে মুক্তিযোদ্ধা ও সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী কাজী নূরুল আবসার বলেন, সালাহউদ্দিন কাদের একজন নরঘাতক। সে একজন পশু। একাত্তরে তাকে মারতে চেয়েছিলাম, পারিনি। এখন ফাঁসিতেই তার মৃত্যু চাই। আপিল বিভাগের রায়ে যেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল থাকে, আমার মত হাজারো মুক্তিযোদ্ধার দাবি শুধু সেটাই। এক মুহূর্ত বিলম্ব না করে তাকে যেন ফাঁসি দেয়া হয়। এ মুহূর্তে তার ফাঁসি হওয়া উচিৎ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বাঙালি ষড়যন্ত্র প্রতিহত করতে জানে। কুখ্যাত আলবদর আব্দুল কাদের মোল্লারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সেই রায়ের পর বাংলাদেশে কী হয়েছিল সেটা আমরা ভুলে যায়নি। লক্ষ কোটি মুক্তিকামী জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল। দিনের পর দিন রাজপথে অবস্থান নিয়ে আপিলে কাদের মোল্লার ফাঁসির রায় জনতা আদায় করে নিয়েছে। সেই কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন সাজা দেয়া হলে জনতা রাজপথে নেমে আসবে।
গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব শরীফ চৌহান বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের কলঙ্ক, বাংলাদেশের কলঙ্ক। একজন গণধিকৃত যুদ্ধাপরাধী রাজনীতির নামে পুনর্বাসিত হয়ে মন্ত্রী-এমপি হয়েছিলেন এটা আমাদের জন্য লজ্জার। আমরা চট্টগ্রামবাসী কলঙ্কমুক্ত হতে চাই। এজন্য আমরা সালাহউদ্দিন কাদেরের ফাঁসির রায় যাতে বহাল থাকে আদালতের কাছে সেই আহ্বান জানাচ্ছি। যদি রায়ে জনআকাঙ্খা পূরণ না হয়, যদি বাতাসে ভাসা ষড়যন্ত্রের গুজব সত্যি হয়ে যায় তাহলে চট্টগ্রামবাসী ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারির মত আবারো রাজপথে নেমে আসবে। আমরা আবারো রাজপথে বসে দাবি আদায় করে তারপর ঘরে ফিরব।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শিলা দে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অনুপ বিশ্বাস, গেরিলা মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, আবৃত্তিকার পঞ্চানন চক্রবর্তী, শিক্ষিকা সালমা জাহান মিলি, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নোবেল, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরি জয় প্রমুখ।











