মায়ানমারের বোমায় কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে লোকজন
টেকনাফ প্রতিনিধি : মায়ানমারের রাখাইনের মংডুতে জান্তা বাহিনী ও সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ চলছে। সেখাকার বোমা হামলার শব্দে কাঁপছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকার বাড়িঘর।
রবিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বোমা বিস্ফোরণ হয়। এতে টেকনাফ পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং, সাবরাং, শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন আতঙ্কিত।
রোহিঙ্গারা জানান, মায়ানমার চলমান যুদ্ধে মংডুর নয়াবাজার, মংনিপাড়া, হাইন্দাপাড়া, নলবন্না এলাকাগুলোয় অবস্থান করেছে আরাকান আর্মি। এসব এলাকায় আশ্রয় নিয়ে তারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দুই গ্রুপের হামলায় অনেক আহত হয়েছেন।
জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমুড়া, লেদা, আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, নাফমুড়াপাড়া, ফুলের ডেইল, হোয়াইক্যং ইউনিয়নে উংচিপ্রাং, হারাংখালী, মিনাবাজার, উলুবনিয়া, বাজারপাড়া, কানজরপাড়া, পৌরসভার নাইট্যংপাড়া, কায়ুকখালীপাড়া, পুরাতন পল্লানপাড়া, ইসলামাবাদ, অলিয়াবাদ, জালিয়াপাড়া, কুলালপাড়া, খাংগার ডেইল, ডেইলপাড়া, কলেজপাড়া; সদর ইউনিয়নের চকবাজার, নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাবিরপাড়া, সাবরাং ইউনিয়নের মগপাড়া, আছারবনিয়া, ডেগিল্ল্যা বিল, মন্ডলপাড়া, নয়াপাড়া, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া, দাংগরপাড়া এলাকার লোকজন আতঙ্কে রয়েছে।
টেকনাফ ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোশারফ হোসেন বলেন, আমার চাকরি জীবনে দুই বছর টেকনাফে অবস্থান। সোমবার রাত দেড়টায় মায়ানমারের বোমার বিকট শব্দে বিল্ডিং পর্যন্ত মনে হচ্ছে ভেঙে পড়বে। ভারী শব্দে ঘুমানো যায় না।
হ্নীলা দরগা এলাকার বাসিন্দার সাইফুল করিম খবরের কাগজকে বলেন, মায়ানমারে এমন শব্দ কোনো দিন শুনিনি। কবে শেষ হবে যুদ্ধ? শান্তিতে নেই সীমান্ত এলাকার লোকজন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন খবরের কাগজকে বলেন, রাত দেড়টায় মায়ানমারের বোমার আওয়াজে বিল্ডিংয়ের দরজা-জানালা থর থর করে কাঁপছিল।
এদিকে, টেকনাফ উপজেলার সীমান্ত সড়ক, হোয়াইক্যং ইউনিয়ন থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বাড়িয়েছে।











