পাঞ্জাবে জঙ্গি হামলা, নিহত ১৬, দিল্লিতে লাল সতর্কতা
জঙ্গি হামলায় পাঞ্জাবে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার পর ভারতজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা। রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সংসদ ভবনে। জম্মু-কাশ্মীর, পাকিস্তান সীমান্ত অঞ্চলেও বাড়ানো হয়েছে সতর্কতা। তবে সন্দেহের তীর পাকিস্তানের দিকে ছুড়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, আক্রান্ত হলে হাত গুটিয়ে বসে থাকবো না। গতকাল আত্মঘাতী জঙ্গি হানায় পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর রক্তে রঞ্জিত হয়েছে। জঙ্গিরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে মানুষ। তাদের হাত থেকে রেহাই পায় নি গাড়ি, বাস, থানা ও হাসপাতাল। সব স্থানেই গুলি করে তারা রক্তস্রোত বইয়ে দিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক এসপি সহ ৬ পুলিশকর্মীও। খতম হয়েছে দুই জঙ্গি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান বিষয়ে আমরা শান্তি চাই। কিন্তু, দেশের সম্মান বিসর্জন দিয়ে নয়। আমরা প্রথমে হামলা চালাই না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যখন ভাল সম্পর্ক গড়তে চাইছি, তখন কেন বার বার সীমান্তে হামলা চালানো হচ্ছে তা বুঝতে পারছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী, নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের দৃশ্য প্রচার করা হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এ সময় এসব চ্যানেলের নিয়মিত সমপ্রচার বন্ধ করে সরাসরি সমপ্রচার করা হয় ওই হামলার দৃশ্য। সকালে ওই হামলার পর পরই চূড়ান্ত সতর্কতা নেয়া হয়েছে ঘটনাস্থলের প্রতিবেশী রাজ্য জম্মু ও কাশ্মীরে। সকালেই প্রথম সারির মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ হামলার পেছনে পাকিস্তানের মদতপুষ্ট লস্করের হাত আছে। ভারতের মিডিয়া জানিয়েছে- সেনা ও পুলিশ সূত্র বলেছে, পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে জম্মু-কাশ্মীর ঘেঁষা পাঞ্জাব প্রদেশের সীমান্ত শহর গুরুদাসপুরে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। পাঠানকোট থেকে ২৫ কিলোমিটার দূরে গুরুদাসপুর জেলার তৃতীয় বৃহত্তম শহর দিননগর। সেনাবাহিনীর পোশাক পরে জঙ্গিরা প্রথমে সেখানে রাস্তার পাশের একটি খাবারের দোকানে হামলা চালায়। এরপর তারা অমৃতসর-পাঠানকোট জাতীয় সড়কে একটি চলন্ত বাসে গুলি চালায়। সেখানে মারা যান তিন বাসযাত্রী। বাসটি পাঞ্জাব থেকে জম্মু যাচ্ছিল। সেখান থেকে তারা এক মারুতি-চালককে গুলি করে তার গাড়িটি কেড়ে নেয়। সেই গাড়ি নিয়েই তারা দিননগর থানার কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। সেখানে গুলিবিদ্ধ হয় ৫ জন। এরপর তারা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সেনাবাহিনীর পোশাকে দীননগর থানায় ঢুকে পড়ে। অতর্কিতে হামলায় থানার ভেতরে থাকা ছয় পুলিশ কর্মীর মৃত্যু হয়। মারা যান লকআপে থাকা তিন বন্দিও। গুলির লড়াইয়ে মারা যান গুরুদাসপুরের এসপি বলজিৎ সিং। সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে দু’জঙ্গির মৃত্যু হয়। জঙ্গি দলে এক মহিলাও ছিল বলে জানা গেছে। পাঞ্জাবে এ জঙ্গি হানায় গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক কিভাবে হামলা চালায় জঙ্গিরা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যখন জঙ্গিহানা চলছিল পুরোদমে তখনই পাঠানকোট থেকে দীননগর ট্রেন লাইনে উদ্ধার হয় পাঁচটি তাজা বোমা। পাঞ্জাব হামলার পেছনে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে বলে অনুমান সেনা গোয়েন্দাদের। হামলার পেছনে লস্কর-যোগও উড়িয়ে দিচ্ছেন না তারা। উঠে আসছে খালিস্তানপন্থিদের কথাও। সেনা গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের নারোয়াল দিয়ে ভারতে প্রবেশ করে জঙ্গিরা। এরপরই নাশকতার উদ্দেশ্যে গুরুদাসপুরের দিকে রওনা হয় তারা। হামলার কারণ বিশ্লেষণে উঠে এসেছে অন্য একটি তত্ত্বও। দিনকয়েক আগেই কাশ্মীর থেকে কয়েকজন জঙ্গিকে পাঞ্জাবে আনা হয়েছিল। তা নিয়ে বিরোধীরা প্রশ্নও তুলেছিল। সেই জঙ্গিদের ছাড়াতেই এদিনের হামলা বলে একটি মহলের ধারণা। এ ঘটনায় সারা দেশে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সময় তাদেরকে নিরাপত্তা প্রশ্নে আস্থা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাঞ্জাবের পুলিশের মহাপরিচালক সুমেধ সিং সাইনির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এল সি গয়াল। তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। দুটি হেলিকপ্টার সহ কুইক রিঅ্যাকশন টিম, বোম্ব স্কোয়াড, বিশাল পুলিশ বাহিনী সহ একটি গান ব্যাটল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাদের তরফ থেকে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনার পর পাকিস্তান সীমান্তজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। পাঞ্জাব ফ্রন্টিয়ারে বিএসএফের আইজি অনিল পালিওয়াল বলেন, আমরা সতর্ক। পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ওদিকে এমন ঘটনা নিয়ে কোন পক্ষের, বিশেষ করে কংগ্রেসের মতো পুরনো দলের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। আজ এ ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।
ওদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে- ভারতের গুরুদাসপুরে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলায় বেশ কতগুলো মূল্যবান প্রাণ ঝরে গেছে। আরও অনেকে আহত হয়েছেন। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। আমরা ভারতের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাই। এ ঘটনার নিন্দা জানাই।











