রাজধানীর কোরবানির হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি
পবিত্র ঈদুল ফিতরের আমেজ শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। রোজার ঈদের ২ মাস ১০ দিনের মাথায় কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। সে হিসেবে কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই। কোরবানির ঈদের প্রস্তুতি হিসেবে পশু বেচা-কেনার যেহেতু একটি বড় বিষয় থাকে সেহেতু ঢাকা দুই সিটি কর্পোরেশনে এখন থেকেই শুরু করে দিয়েছে সে কার্যক্রম। ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে খবর নিয়ে জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর সম্ভাব্য অস্থায়ী হাটগুলো ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৮/১০ দিনের মধ্যে টেন্ডার ড্র করা সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, গত কয়েক বছর ধরে ঘুরে-ফিরে একই সিন্ডিকেটের সদস্যরা কোরবানীর পশুর হাটের ইজারা পাচ্ছেন। সিন্ডিকেটের মাধ্যমে আপোষ-মীমাংসায় কম মূল্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ভাগ-বাটোয়ারা করে ইজারা দেয়া নেয়া হয়। অভিযোগ রয়েছে, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ বড় বড় কর্মকর্তারা ডেকে এনে সরকার দলীয় নেতাকর্মীদের কোরবানির পশুর হাটগুলো নামমাত্র মূল্যে ইজারা দিয়ে দেন। যাতে তারা সরকারের কাছে নিজেদের আস্থাভাজন কর্তকর্তা বলে পরিচয় দিতে পারেন। এছাড়া এ সময় ডিএসসিসি ও ডিএনসিসির সম্পত্তি বিভাগের সামনে এবং আঞ্চলিক অফিসে প্রতিদিন ‘মহড়া’ দেন ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। এতে সকল ইজারা প্রার্থীর পক্ষে নির্বিঘেœ দরপত্র জমা দেয়া সম্ভব হয় না। এ নিয়ে গত বছরও কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সিন্ডিকেটের বাইরে কারও পক্ষে সিডিউল সংগ্রহ ও জমা দেয়া সম্ভব হয় না। ডিএসসিসির ও ডিএনসিসির অস্থায়ী গরুর হাটগুলোর ইজারা ক্ষমতাসীনদের আয়ত্তে রাখতে সব সময়ই নেয়া হয় নানা কৌশল। এর মধ্যে একই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিভিন্ন নামে-বেনামে নামমাত্র মূল্য দিয়ে দরপত্র জমা দিয়ে থাকেন। যে কারণে নিজেদের কাক্সিক্ষত দামে ইজারা পেতে সহজ হয়ে যায়। এতে প্রতি বছর সিটি কর্পোরেশন কোটি কোটি টাকার রাজস্ব হারায়।অনুসন্ধানে দেখা গেছে, গত বছর সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণে রাজধানী ঢাকার অস্থায়ী ১৭টি কোরবানি পশুরহাট থেকে শত কোটি টাকা রাজস্ব হারিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। এ বছর হাটগুলো থেকে কমপক্ষে ১০০ কোটি টাকা হাসিল উত্তোলন করেছে ইজারাদাররা। অথচ হাটগুলোর ইজারা থেকে ডিসিসি পেয়েছে মাত্র সাড়ে ৯ কোটি টাকা। সিটি কর্পোরেশন চাইলে হাটগুলো থেকে আরো অন্তত ৬ থেকে ৭ গুণ রাজস্ব আয় করতে পারত।সূত্র জানায়, এ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অস্থায়ী ১০টি কোরবানির পশুর হাটের ইজারা দেয়া হয়। হাটগুলোতে প্রায় ২ লাখ গরু বিক্রি হয়েছে। সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ খালিদ আহম্মেদ ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন এমন তথ্য জানিয়েছেন।যদিও সংস্থাটির পক্ষ থেকে ইজারাদারদের কাছে বিক্রীত পশুর সংখ্যা জানতে চাইলে ইজারাদাররা জানিয়েছে, ১০টি হাটে এ বছর ৮৮ হাজার ৯০৭ গরু ও ৬ হাজার ৮৭৩টি ছাগল বিক্রি হয়েছে। তবে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে ডিএসসিসি। একই সঙ্গে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক জানান, তার সংস্থার আওতায় এ বছর প্রায় ৩ লক্ষাধিক কোরবানি পশু জবাই হয়েছে। বিক্রি হয়েছে আরো বেশি। ফলে প্রাথমিক হিসাব মতে এ বছর দুই সিটি কর্পোরেশনের হাটে পশু বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ। প্রতিটি পশুর গড় মূল্য ৪০ হাজার টাকা করে ধরা হলে এর মূল্য দাঁড়ায় দুই হাজার কোটি টাকা।সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী পশুর বিক্রয় মূলের ৫ শতাংশ হাসিল হিসেবে আদায় করার নিয়ম রয়েছে ইজারাদারদের। এ হিসাবে ৫ লাখ গরুর গড় মূল্য দুই হাজার কোটি টাকা থেকে ইজারাদারদের আয় হয়েছে ১০০ কোটি টাকা। হিসাব মতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই লাখ কোরবানি পশুর বিক্রীত মূল ৮০০ কোটি টাকা থেকে ইজারাদাররা আয় করেছেন ৪০ কোটি টাকা। কিন্তু ডিএসসিসিকে দিয়েছে মাত্র তিন কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৯৮ টাকা।অপরদিকে, উত্তর সিটি কর্পোরেশনের তিন লাখ কোরবানি পশুর বিক্রীত মূল্য ১২০০ কোটি টাকা থেকে ইজারাদাররা আয় করেছেন ৬০ কোটি টাকা। কিন্তু ইজারাদারদের থেকে সংস্থাটি রাজস্ব পেয়েছে মাত্র ছয় কোটি ৩৩ লাখ ৪৬৯ টাকা। এ হিসাবে সংস্থা দু’টি থেকে ইজারাদাররা হাসিল আদায় করেছে ১০০ কোটি টাকা। দুই সিটি কর্পোরেশনকে নয় কোটি ৬৬ লাখ ১৪ হাজার ২৬৭ টাকা রাজস্ব দিয়ে তারা আয় করেছে ৮৯ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৭৩৩ টাকা।জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোনো ধরনের সিন্ডিকেট হয়নি। নিয়ম অনুযায়ী যারাই টেন্ডারপ্রাপ্ত তাদেরই ইজারা দেয়া হয়ে থাকে। ডিএনসিসি ইচ্ছা করলে হাটগুলো থেকে আরো রাজস্ব আয় করতে পারে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি সঠিক কোনো মতামত দেননি।এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মেদ বলেন, আসলে ইজারাদাররা যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। তারা আমাদের কাছে প্রকৃত তথ্য গোপন করেছে। আমরা ধারণা করছি, গত বছর ডিএসসিসির আওতায় সর্বমোট দুই লাখ পশু কোরবানি হয়েছে। তবে কোরবানির হাটে পশু বেচাবিক্রি হয়েছে তার চেয়েও বেশি। এ হিসাব অনুযায়ী উপরোক্ত আয় হওয়াটা সঠিক বলেও মন্তব্য করেন তিনি। তবে সঠিক সংখ্যা জানার জন্য গত বছর ২০ অক্টোবর ডিএসসিসি প্রশাসকের নিয়মিত দিক-নির্দেশনামূলক সভায় সংস্থাকে বিক্রীত পশুর সঠিক সংখ্যা জানানোর জন্য সম্পত্তি কর্মকর্তাকে প্রশাসকের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল।এ বছর থেকে যাতে তথ্য গোপনের সুযোগ না থাকে সে ব্যবস্থা নেয়ার উদ্যোগ ডিএসসিসির পক্ষ থেকে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ জন্য সংস্থাটির পক্ষ থেকে পশুর হাসিল আদায়ে রসিদ বই করে দেয়া হবে। কাজ শেষে বইগুলোর মুড়ি কর্পোরেশনে জমা দিতে হবে ইজারাদারদের। এ থেকেই পুরো চিত্র পেয়ে যাবে কর্পোরেশন। ফলে কোরবানি হাট থেকে সিটি কর্পোরেশন তাদের কাক্সিক্ষত লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় করতে পারবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, গত বছরের ডিএসসিসির অস্থায়ী ১০টি পশুর হাট হচ্ছে, মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ ও সংলগ্ন এলাকা, উত্তর শাজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ঝিকাতলা-হাজারীবাগ হাট, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবের মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা এবং কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা বাঁধসংলগ্ন জায়গা।উত্তর সিটি কর্পোরেশনের ৭টি পশুর হাট হচ্ছে- উত্তরা আজমপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠের হাট, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথসংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, বারিধারা জে ব্লকের খালি জায়গা, বনানী রেলওয়ে স্টেশনের জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পে হাট ও মিরপুর ৬নং ওয়ার্ড ইস্টার্ন হাউজিংয়ের হাট।এছাড়াও জেলা প্রশাসকের অনুমতি ক্রমে ও বিভিন্ন স্থানের স্থানীয় প্রভাবশালীদের নিজস্ব উদ্যোগে ঢাকা শহর ও এর আশপাশে আরও ৮/১০টি বড় বড় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হয়েছি। যা থেকে সরকারি রাজস্বকোষে কোন অর্থ যায়নি।











