শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য হুমায়ূন আহমেদ

news-image

অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস : প্রত্যেক লেখক তার লেখার মাধ্যমে একটা জগৎ তৈরি করেন। সেই মানস জগতটা তৈরি যদি করতে পারেন, তা হলে বোধ করি লেখক হিসেবে তার উদ্দেশ্যের বারআনা সিদ্ধি ঘটে যায়। এমন জগৎ তৈরি করার ব্যাপারটা একেবারে কৌশলগতভাবে হুমায়ূন আহমেদ বোধ করেছিলেন। এদিক থেকে কথা শিল্পি শরৎচন্দ্রের সাথে একমাত্র কিছুটা তুলনা মেলে। পাঠক প্রিয়তা লেখকের একটা বিরাট পাওনা। সেটা যেমন শরৎচন্দ্র পেয়েছিলেন বাংলাদেশী লেখকদের মধ্যে একমাত্র হুমায়ূন আহমেদের ভাগ্যে ঘটেছিল। হুমায়ূন আহমেদ শরৎচন্দ্রের চেয়ে আরো দর্শক নন্দিত হয়েছিল আরো কয়েকটি কারণে। হুমায়ূন আহমেদর গল্প, উপন্যাস, টেলিভিশন ও চলচ্চিত্রে চিত্রায়িত হয়ে যেভাবে দর্শক নন্দিত হয়েছে বাংলা সাহিত্যের আর কোন লেখক একমাত্র রবীন্দ্রনাথ বাদে আর কারোও তেমন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগের অধ্যাপক হুমায়ূন আহমেদ ১৯৮৪ সালে ‘এই সব দিন রাত্রি’ ধারাবাহিক বাংলাদেশের টিভি পর্দায় প্রদর্শন করে তার যাত্রা শুরু করেন। এই নাটকে বাঙালি মধ্যবিত্ত জীবনের চেনাগ-ির মধ্যে বাবা-মা, ভাই বোনদের ভালোবাসা, অভাব আর বেদনাকে ছোট্ট ঘটনায়, সংক্ষেপে, হাস্যে আর নীরব ক্রন্দনে মূর্ত করেছিলেন তিনি। সেই চুরাশিতে পাক্ষিকভাবে প্রতি রোববার রাত সাড়ে আটটার সময় এই নাটক প্রদর্শন কালে রাস্তাঘাট শূন্য করে মানুষ বসে থাকতেন। এরপর একে একে ‘বহুব্রীহি’ (১৯৮৭), ‘অয়োময়’ (১৯৯০), ‘কোথাও কেউ নেই’ (১৯৯১), টেলিভিশনে একের পর এক মূল্যবান ধারাবাহিক দর্শক প্রিয়তার নতুন নতুন চূড়া স্পর্শ করে। কোথাও কেউ নেই এর বাকের চরিত্র ‘বাকের ভাই’’র ফাঁসির আদেশ বাতিলের জন্য তো পথে প্রান্তরে মিছিল শুরু হয়েছিল। এমন হৃদয় ছুয়ে যাওয়া টিভি সিরিয়াল আর কখনও কোথাও হয়েছে বলে মনে হয় না। ১৯৮৫ সাল পর্যন্ত প্যাকেজ শুরুর আগে এক দশকের বেশি সময় বিটিভির ঈদের নাটকের অপরিহার্য নাট্যকার ছিলেন হুমায়ূন আহমেদ। ‘এসো নীপবনে’ ‘একদিন হঠাৎ’সহ বেশ কয়েকটি একখ-ের নাটকে হুমায়ূন আহমেদ তার তুলনা রহিত গল্প সংলাপ নির্মাণে শ্রেষ্ঠত্বের পরিচয় দেন। বিশেষ নাটক ছাড়াও খ- নাটক হিসেবে ‘খেলা’ ‘অসময়’ ‘চোখ’ ‘কুসুম’ ‘মাটির পিঞ্জিরার সাথে বন্দি হইয়া’ ইত্যাদি নাটকে তিনি জীবন নিয়ে, জীবনের অসাম্য নিয়ে, মূল্যবোধ নিয়ে, নানা সঙ্কট- দ্বিধা-সংশয় নিয়ে তীব্রতর প্রশ্নটিই প্রকাশ করেন তিনি। উপন্যাসের চলচ্চিত্রায়ন (১৯৯৬) সাল থেকে শুরু। ‘আগুনের পরশমণি ’ ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৮), ‘দুই দুয়ারী’ (২০০২), ‘চন্দ্র কথা’ (২০০৩), ‘শ্যামল ছায়া’ (২০০৪), এ সবগুলোর রচয়িতা ও নির্মাতা হুমায়ূন আহমেদ। এর মধ্যে ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। অন্য তিনটিতে মানবিক সম্পর্ক প্রাধান্য পেয়েছে। কাহিনী প্রয়োগে, উপস্থাপনায়, বিন্যাসে আগুনের পরশমণি হুমায়ূন আহমেদের সেরা উপস্থাপনা বলা যেতে পারে। কথা শিল্পী, নাট্যকার হুমায়ূন আহমেদের পরিচিত স্বাভাবিক চেতনার জীবন রসিক রূপকার হুমায়ূন আহমেদের সেই আলোক সামান্য দক্ষতা তার চলচ্চিত্রে প্রকাশের চেষ্টা করেননি। বেঁচে থাকলে তার কাছ থেকে আরো জীবন ঘনিষ্ট চলচ্চিত্র ও নাটক আমরা নিশ্চয়ই পেতাম।শুধু টিভি নাটক ও চলচ্চিত্র নয়, তার ছোটগল্প ও উপন্যাসের সংখ্যা কম নয়। তবে উপন্যাসের চেয়ে গল্পের সংখ্যা কম। ছোটগল্প কম হওয়ার কারণ হিসেবে ধরে নেওয়া যায় উপন্যাস রচনার চাপে তিনি ছোটগল্পের দিকে নজর দেয়ার সময় পাননি।হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। মৃত্যু ১৯ জলাই ২০১২ সালে। পড়াশোনা করেন বগুড়া জেলা স্কুলে, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপনা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে পুরো সময়টা ব্যয় করেছেন লেখালেখিতে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। প্রথম প্রকাশিত গ্রন্থ উপন্যাস ‘নন্দিত নরকে’। তিনি লিখেছেন উপন্যাস, গল্প, নাটক, সায়েন্সফিকশন, শিশুতোষ রচনা। সৃষ্টি করেছেন হিমু ও মিসির আলী নামের অদ্ভুত দুই চরিত্র। প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘নন্দিত নরকে’ ‘নীল অপরাজিতা’ ‘প্রিয়তমেষু’ ‘জয়জয়ন্তী’ ‘দূরে কোথাও’ ‘মুক্তি যুদ্ধের উপন্যাস সমগ্র’ ‘কৃষ্ণপক্ষ’ ‘একিকা-’ ‘হিমু সমগ্র’ ‘ছবি বানানোর গল্প’ ‘জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল’ ‘দুই দুয়ারী’ ‘ময়ুরাক্ষী’ ‘এই সবদিন রাত্রি’ ‘জোছনা ও জননীর গল্প’ ‘শঙ্খনীল কারাগার’ ‘দেবী’ ‘কবি’ ‘নিষাদ’ ‘পাখি আমার একলা পাখি’ ‘পারাপার’ ‘নৃপতি’ ‘মঞ্চ নাটক’ ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ ‘বহুব্রীহি’ ‘ভয়’ ‘মে ফ্লাওয়ার’ ‘আমার আছে জল’ ‘অনিল বাগচীর একদিন’ ‘নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ’ ‘ভয়ঙ্কর ভুতুড়ে’ ‘নির্বাচিত ভূতের গল্প’ ‘মজার ভূত’ ‘ছোটদের সেরা গল্প’ ‘পেন্সিলে আঁকা পরী’ ‘আমি মিসির আলী’ ‘সমুদ্র বিলাশ’ ‘হিমু মামা’ ‘প্রেমের গল্প’ ‘আজ চিত্রার বিয়ে’ ‘এই শুভ্র! এই’ ‘আসমানীরা তিন বোন’ ‘উপন্যাস সমগ্র’ ‘কুটুমিয়া’ ‘একজন মায়াবতী’ প্রভৃতি।হুমায়ূন আহমেদ বাংলাদেশর সাহিত্যের প্রতি তরুণদের দৃষ্টি ফিরিয়েছেন। এক সময় পশ্চিম বঙ্গ নির্ভর যে পাঠক শ্রেণি ছিল তারা হুমায়ূন আহমেদের হাত ধরেই ঘরমুখো হয়েছেন এটা চরম বাস্তব। এখন বই মেলায় পাঠকরা নিহার রঞ্জন গুপ্ত, সমরেশ বসু, বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়, মহেশ্বেতা দেবী, তারা শঙ্কর বন্দোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই না খুঁজে হুমায়ূন আহমেদের বই খোঁজেন। কারণ, পাঠরা তার রচনার মধ্যে মৌলিকত্ব, জীবনকে দেখার স্বচ্ছ দৃষ্টি, মানুষের মনের ভেতর প্রবেশ করে তার ভেতরের চিন্তা, ভাবনা, বোধ, অনুভূতি, তার আবেগ-নিরাবেগ এই বিষয়গুলো পান। তার ভাষা স্বচ্ছ। এটি এমন ভাষা যেখানে কোন চালাকি নেই, অথবা ইচ্ছে করেই কোন ভঙ্গী গ্রহণের বিষয় নেই। তার প্রথম দিকের উপন্যাসগুলোতে যে তীব্রতা ছিল জীবনকে দেখার এবং যেভাবে তিনি জীবনকে বিশ্লেষণ করতেন তার পরিণত সময়ের উপন্যাসে তিনি আগের স্থান থেকে অনেক দূরে সরে এসেছেন। এটা হয়। স্বয়ং রবীন্দ্রনাথ তার সুদীর্ঘ সাহিত্য জীবনে বারেবার বাঁক নিয়েছেন। এটা সব বড় লেখকদের বেলায় ঘটে থাকে। হুমায়ূন আহমেদের বেলায়ও তাই ঘটেছে। তাই তার পরিণত কালের উপন্যাস, নাটক, ছোট গল্পের চরিত্র চিত্রনে এসেছে ব্যাপক পরিবর্তন। তার অঙ্কিত চরিত্রগুলো প্রাণবন্ত, জীবন্ত। একদিকে তিনি যেমন হিমু, শুভ্র, মিসির আলীদের জগৎ তৈরি করেছেন, তেমনি তৈরি করেছেন রাবেয়া, মন্টু, রূপা, তিথিদেরও জগৎ এবং তৈরি করেছিলেন নিজস্ব ভাষা ভঙ্গি এবং সংলাপ রীতি। সংলাপ তৈরির এমন এক শৈলী তিনি তৈরি করেছিলেন যে, তার ঐ সংলাপ শোনা মাত্রই বোঝা যায় এটি হুমায়ূন আহমেদের সংলাপ।তার ছোটগল্পগুলোর পরিমিতি বোধ এবং সেই সঙ্গে আছে পাঠকের মনে ঘা দেয়ার ক্ষমতা। ছোটগল্পকার হিসেবে তাকে অনন্য করে তুলেছে সত্যিকারের পাঠক। ‘রূপা’র মতো প্রেমের গল্প আমাদের সম্পদ। বুড়ি, ‘একটি নীল বোতাম,’ ‘খাদক,’ ‘তুচ্ছ,’ ‘অসময়,’ ‘জীবন যাপন,’ ‘জলিল সাহেবের পিটিশন’ ইত্যাদি গল্প। তবে তার অনেক গল্পে কোথাও কোথাও খুবই সেন্টিমেন্টাল, কোথাও কোথাও খুবই ন্যাকা। কিন্তু তার গল্প যে অভিঘাত বা শক দিতে পারে সেটিও কিন্তু সত্যি। সবচেয়ে বড় কথা, তিনি একটা সময়কেও সেই সময়ের মানুষদের গল্পে হাজির করেছেন। নিম্ন মধ্যবিত্তের ছোট ছোট সুখ-দুঃখ বাঙময় হয়েছে সেখানে। তার ছোট গল্প আমাদের দেখিয়ে দেয় এদেশের বাস্তবতায় লেখকদের আরো কত দিকে নজর দেওয়ার সুযোগ আছে। হুমায়ূন আহমেদ তার সময়ের সুযোগটা কাজে লাগিয়েছেন। পরের লেখকরা তাদের সময়ের সুযোগটা তাদের মতো করে তৈরি করবেন। যদি সেটা হয়, তাহলে লেখকদের সেই উত্তরণ হুমায়ূন আহমেদের কাছে ঋণী থাকবে। তবে এ অবস্থা কতদিন চলবে সেটা একমাত্র মহাকালই বলতে পারে। কারণ সময় বড় পরিবর্তনশীল। কেননা, সমরেশ বসুর মত লেখকের কথা এখন সেভাবে আর কেউ বলে না। যেমন রবীন্দ্রনাথের মতো বিশ্বকবির সংশয় ছিল তার অবর্তমানে তার লেখা পাঠক কিভাবে গ্রহণ করবে। হুমায়ূন আহমেদেরও সে সংশয় ছিল। সে সংশয় আরো প্রবল হয়ে দেখা দিয়েছে তার অবর্তমানে। পাঠক সব সময় নতুনকে চায়। পুরনো জিনিস একসময় বাসী হয়ে যায়। তবে আশার কথা পুরনো জিনিসই একসময় ঐতিহ্য ও ইতিহাস হয়ে ওঠে। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ আজ একটা ঐতিহ্য, একটা ইতিহাস। এই ইতিহাস নিয়ে যত বেশি গবেষণা হবে তা থেকে তত বেশি রহস্য বেরিয়ে আসবে। তাই সাহিত্য পিয়াসুদের উচিৎ হুমায়ূন আহমেদকে বাঁচিয়ে রাখা। তার স্মৃতি, তার আরাধ্য সাধনাকে সিদ্ধির দিকে এগিয়ে নিতে হুমায়ূন প্রেমীদের এগিয়ে আসতে হবে।