ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আকাশে পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সম্মেলনে সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দু’দিনব্যাপী (শনি ও রোববার) এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, এ সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে ছাত্রলীগের নতুন কমিটি। তাছাড়া সিন্ডিকেটর দৌরাত্ম ঠেকিয়ে মেধাবী, দক্ষ ও যোগ্যদের নেতৃত্বে আনতে সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্বের বয়সের কোঠাও এক বছর বাড়ানো হতে পারে। ছাত্রলীগের নতুন কমিটি গঠনের এসব বিষয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে।











