বাংলাদেশিসহ ৭২ জনের বিচার শুরু থাইল্যান্ডে
মানবপাচারের সঙ্গে জড়িত অভিযোগে থাইল্যান্ডে সেনাবাহিনীর এক জেনারেল, চার পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদসহ ৭২ জনের বিচার শুরু হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের কয়েকজন নাগরিকও আছে। আসামিদের মধ্যে অন্তত ৩০ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি জানায়, অভিযুক্তদের বেশির ভাগই থাইল্যান্ডের নাগরিক। এ ছাড়া থাইল্যান্ডে আটক মিয়ানমার ও বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিকও আছে। গত মে মাসে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের একটি জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত আস্তানায় গণকবর পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সাগরপথে মানবপাচার নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূলে সাগরে ভাসমান অবস্থায় পাচারকারীদের কয়েকটি নৌকা থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়, যারা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য। মিয়ানমারে সরকারের নির্যাতনের শিকার রোহিঙ্গারা কয়েক বছর ধরে সমুদ্রপথে ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ থেকেও কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারে করে নিয়মিত মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার ঘটনা ঘটছে। এই অভিবাসনপ্রত্যাশীদের পাচারকারীরা বিপজ্জনক সমুদ্রপথে ট্রলারে করে থাইল্যান্ডে নিয়ে যায়। গভীর জঙ্গলে বিভিন্ন শিবিরে আটকে পাচারকারীরা তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত বলে সেখান থেকে মুক্তি পাওয়ারা জানিয়েছে। পাচারকারীদের নির্যাতনে প্রাণ হারায় অনেকে। অভিযুক্ত ৭২ জনের বিরুদ্ধে মানবপাচার, বহুজাতিক অপরাধ নেটওয়ার্কের হয়ে কাজ করা এবং বিদেশি নাগরিকদের অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করানোর অভিযোগ আনা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র ওয়ানচাই রোজানাভং বিবিসিকে বলেন, 'আমরা প্রভাবশালী ব্যক্তিদের আইনের ঊর্ধ্বে যেতে দেব না। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করছি। চক্রটি আন্তর্জাতিক এবং এখানে বহু লোক জড়িত। মৃতদেহগুলো খুঁজে পাওয়ার পর আমাদের দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।'
থাই সেনাবাহিনীর যে জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর নাম মানাস কংপান। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন তিনি এই অফিসারকে লেফটেন্যান্ট জেনারেলের পদে উন্নীত করেন। থাই পুলিশের উপপ্রধান আয়েক আংসানানন্ত জানান, ৭২ জনকে চিহ্নিত ও গ্রেপ্তারের পর আরো ৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে। সন্দেহভাজনদের একটি বড় অংশ এ মুহূর্তে বিদেশের মাটিতে আত্মগোপন করে আছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আন্তর্জাতিক সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করা হবে। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এক সেনা কর্মকর্তা ছাড়াও চার পুলিশ কর্মকর্তা রয়েছেন। সূত্র : বিবিসি, এএফপি।











