শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর ঘোষণার পরদিনই অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১০

news-image

মহাড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরের দিনই গাজীপুরে  ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অটোরিকশা দুর্ঘটনায় চালক-শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-জয়দেবপুর মহাসড়কে হায়দরাবাদ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৮ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর স্টেশন মাস্টার শহিদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়েছি হায়দরাবাদ রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেন এসে ধাক্কা দিলে আটজন আরোহীর মৃত্যু হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠান হয়। তিনজন শিশু ও চালকসহ অটোরিকশার আট যাত্রী সবাই মারা গেছেন। তবে তিনি  নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন তার মধ্যে একজন ছাত্র ছিলেন। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার দরবেশ আলী (৩৭) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগর এলাকার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইনজামামুল হক (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরাইল উপজেলার ইসলামবাদ নামক স্থানে পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়াগামী অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। অটোরিকশাই দুর্ঘটনার মূল কারণ। সড়ক দুর্ঘটনা আর না ঘটুক সেদিকে লক্ষ্য রেখেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার ঈদে ঘরমুখো এবং কর্মস্থল মুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে গঠিত মনিটরিং কমিটির পর্যালোচনা সভায় জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভাশেষে মন্ত্রী সাংবাদিকদের জানান,  মহাসড়কে অটোরিকশা চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। এ জন্য মহাসড়কে আর অটোরিকশা চলতে পারবে না বলে মন্ত্রী ঘোষণা দেন। কিন্তু মন্ত্রীর এই ঘোষণার পরদিনই ঢাকা-জয়দেবপুর  মহাসড়কের গাজীপুরে এবং ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় দুটি অটোরিকশা দুর্ঘটনা ঘটলো।