নুহাশপল্লীর শেষ অংক
২৩ জুলাই ২০১২, ভোরবেলা হুমায়ূন আহমেদের লাশ এসে পৌঁছে ঢাকায়। সেখান থেকে শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি শেষে তাকে পাঠিয়ে দেয়া হয় হিমঘরে। লাশ কোথায় দাফন হবে এ নিয়ে ফয়সালা হতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। মধ্যরাতে সিদ্ধান্ত হয় লাশ দাফন হবে নুহাশপল্লীতেই লিচুগাছের তলায়। সকাল সাড়ে ৯টায় লাশবাহী গাড়ি ঢাকা থেকে রওনা দেয়। এসে পৌঁছে দুপুর ১২টার দিকে। পিরুজালি বাজারের মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার পথের প্রায় পুরোটুকুই গাড়িতে ঠাসা। এ সড়ক এর আগে কখনও দেখেনি এমন গাড়ির স্রোত। নুহাশপল্লীর মাঠের সবুজ নরম ঘাসের ডগায় এত শত পায়ের ছাপও না। বৃষ্টির মধ্যেই তিন থেকে চারটি টেলিভিশন অনলাইন ব্রডকাস্টিং শুরু করেছে তার দাফনের প্রক্রিয়ার। লিচুতলায় শুরু হয়েছে কবরের জন্য আয়োজন। সবকিছু একা সামলাচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আলী, শাওনের বাবা। আরেকটা ছোট শামিয়ানার নিচে রাখা হয়েছে তার কফিন। এক সময় দেখি, ‘নয় নম্বর বিপদ সংকেত’-এর চিত্রনাট্যের যেন বাস্তব রূপ নিয়ে তার কফিনের পাশে এসে দাঁড়িয়েছে তার পুত্র-কন্যারা। হায়রে নিয়তি! হঠাৎ করে ‘নয় নম্বর বিপদ সংকেত’-এর একটা দৃশ্য আমার চোখে ভেসে উঠল। ‘নয় নম্বর বিপদ সংকেত’-এ দেখা যায়, একাকীত্বে ভুগছেন সোবহান সাহেব। বাইনোকুলার দিয়ে তিনি শূন্য বাড়িঘর দেখেন। ছেলেমেয়েদের জন্য আকুল হন। তিনি বলেন, ‘আমার দুটো মেয়ে। তিনজন নাতি-নাতনি। কেউ এখানে আসে না। স্বর্গ বানিয়ে রেখেছি। তারপরও এখানে কেউ আসে না।’ এখন কীভাবে ছেলেমেয়েদের আনা যায়? সোবহান সাহেবের ম্যানেজার জানান, তিনি মারা গেছেন শুনে তার ছেলেমেয়েরা আসবে। সত্যিই তাই, বাবার মৃত্যুর কথা শুনে ছেলেমেয়েরা হাজির হয়। বড় মেয়ে বাবার খাটিয়ার পাশে গিয়ে বলে, ‘ও বাবাগো ও বাবা। তুমি কীভাবে চলে গেলে? এখন কাকে আমি বাবা ডাকব?’ তখন সোবাহান সাহেব খাটিয়া থেকে উঠে বসে বলেন, থাপড়ায়ে দাঁত ফেলে দেব। তিন বছরে একবার খোঁজ নিয়েছিস ফাজিল মেয়ে! বলে কাকে আমি বাবা ডাকব! বাপের প্রতি নির্মম অভিমানে যে কন্যারা তার জীবদ্দশায় এ নুহাশপল্লীর চত্বর থেকে দূরে ছিলেন তারা এখন শামিল হয়েছেন শবযাত্রার বিদায়ী আয়োজনে। সিনেমার মতো যদি এখন কফিন খুলে বেরিয়ে এসে হুমায়ূন বলতেন- এই, আমি কিন্তু মৃত্যুর অভিনয় করলাম। মরিনি, দেখলাম- আমার মৃত্যুর পর তোমরা কে কী করবে তার জন্য এই মৃত্যু-মৃত্যু খেলাটা খেলেছিলাম মাত্র। আসো, আমার ঘরে আসো, বসো। এই কুসুম, তুমি একটু রেস্ট নাও আমি আমার মেয়েদের সঙ্গে একটু গল্প করব, আর আমার স্যুটকেসটা দাও তো, নিউইয়র্ক থেকে আমার নাতি-নাতনির জন্য যে কাপড়গুলো কিনেছি, ওগুলো বের করো।
এমন তো তিনি শুরু করেছিলেন ১৯৯৫-৯৬ সালে, সেই ‘আজ রবিবার’ থেকে। ‘আজ রবিবার’-এ বৃদ্ধ পিতা তার কবরের ডিজাইন করিয়েছিল, পাগলা মামা কফিনের ভেতর শুয়ে কবরের স্বাদ নিয়েছিল। তার ১৫-১৬ বছর পর যখন এই নুহাশপল্লীকে নিয়েই ছবি বানালেন ‘নয় নম্বর বিপদ সংকেত’-তখনও কিন্তু সেই চিন্তারই প্রকাশ ঘটালেন। মাঝখানে তার নিজের চরিত্রটা নিয়ে এলেন।
সিনেমা বা নাটকের কাহিনী বদল হয়ে যায় নিমেষে। মানুষ আরও কতগুলো মানুষকে নিয়ে অনেক নাটকীয় ঘটনার জন্ম দেয়, মৃত্যু দেয়। সে যা চায় তা-ই পারে। কিন্তু এই বিশ্ব নাট্যমঞ্চে আমাদের মতো তুচ্ছ মানুষকে নিয়ে যে নাট্যকার-নির্দেশক নাটক সাজিয়েছেন তার নির্দেশকে অবজ্ঞা করবে এমন সাধ্য কোন নটের? যদি তা-ই হতো, তাহলে এই ডেথ সিনকে ইমপ্রোভাইজ করে কফিন থেকে বেরিয়ে আসা হয়তো কোনো ব্যাপারই ছিল না। পৃথিবীর এই রঙ্গমঞ্চে হুমায়ূন আহমেদ নামক যে চরিত্রের আবির্ভাব ঘটেছিল ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার এক গ্রামে, এই চরিত্রের সমাপ্তি ঘটে গেছে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে। চরিত্রের সমাপ্তি ঘটলেও মঞ্চ থেকে নিষ্ক্রান্ত হওয়ার জন্য তার এক্সিট পয়েন্ট ঠিক করে রেখেছেন এই নাট্য পরিচালক। তার জন্য রেখেছেন এই নুহাশপল্লীর সবুজ চত্বর।
কফিনের সামনে দেখি নুহাশ। নুহাশ পরেছে বেদানার রঙে রাঙানো নীল রঙ একটা পাঞ্জাবি। বিমানবন্দরে যখন বাবার লাশ নিতে এসেছিল, তখন তার গায়ে ছিল হলুদ রঙের ফতুয়া। যেন বাবার তৈরি চরিত্র ‘হিমু’র সাজ নিয়েছিল। কাকতালীয় হলেও সত্যি যে, আড়াই মাস আগে চিকিৎসা বিরতিতে যখন হুমায়ূন এসে নামেন ঢাকার এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তখন তার দুই পুত্র নিষাদ আর নিনিতও হলুদ রঙের টি-শার্ট গায়ে দিয়ে এসেছিল। কবরের পাশে এসে কফিন নামানো হয়। ওপাশে নুহাশ দাঁড়িয়ে। নুহাশের এখন যা বয়স, ১৯৮৫ সালে আমার বয়স অনেকটা সে রকমই ছিল। নুহাশ কী করবে সে জানে না। একজন বলল, নুহাশ, তুমি নামো। সে সময় আমি কিন্তু সাহস পাইনি, নুহাশ পেয়েছে। কাদামাখা কবরের গর্তে নেমে গেল নুহাশ। এবার লাশ কবরে নামানোর পালা। তার পা যেদিকে আছে, আমি সে পাশে দাঁড়ানো। লাশ নামানোর জন্য ওটাকে হাত দিয়ে ধরতে হয়। আমি এই জীবনে কোনো লাশ ছুঁইনি। আজ ছোঁব। আমি, অনেকের সঙ্গেই একটা পা ধরলাম। ডিপ ফ্রিজের ভেতর থেকে লম্বা মাছ বের করে আনলে ওটাকে যে রকম শীতল-শক্ত মনে হয়, পা’টাও দেখি সে রকম। হিমঘরে থেকে পুরো শরীরটা হিমায়িত। তারপরের প্রক্রিয়াগুলো খুবই স্বাভাবিক। আমি বারবার নুহাশকে দেখি এবং ২৭ বছর আগের আমাকে দেখি। বৃষ্টি থেমে যায় একসময়। ধীরে ধীরে মানুষের স্রোতেও ভাটা পড়ে। নুহাশপল্লীর সবুজ ঘাসের চত্বর কাদার প্রলেপে ঢেকে যায়। অনেক দূরে একটা গাছের তলায় বসে থাকি।
আমার মা’র ফোন আসে। বলেন, চিন্তা করিস না, মিলাদের সব ব্যবস্থা ঠিক আছে। আজ তোর বাবার জন্য দোয়ার সময় একসঙ্গে হুমায়ূন আহমেদের জন্য দোয়া হবে। ২৭ বছর আগে ১৯৮৫ সালের ২৪ জুলাই আমার বাবাকে কবর দিয়ে এসে পুকুরপাড়ে বসেছিলাম। আজ বসে আছি নুহাশপল্লীর জাপানি বটের তলায়। আমার কি কান্না আসছে এখন? আমি ঠিক বলতে পারব না।
এই জগৎ নাট্যের নাটশালার নটবর তার তৈরি নট-নটিদের নিয়ে কখন কী আসর সাজান আমরা বুঝতে পারি না।











