শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ

news-image

দেশের জাতীয় মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমপ্রতি মহাসড়কে বড় যানবাহনের চাপায় অটোরিকশা আরোহীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সচিবালয়ে এ বিষয়ে এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতীয় মহাসড়কে সিএনজি চলতে পারবে না, আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সরকার উদ্যোগী হওয়ায় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচল কমে গেছে। নতুন উপসর্গ মহাসড়কে সিএনজি (অটোরিকশা), অতীতে এতো সিএনজি অটোরিকশা ছিল না, এসব অটোরিকশা দুর্ঘটনা ঘটাচ্ছে। এর আগে গত বছর হাইকোর্টের নির্দেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নসিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়া হয়। পরে সরকারও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধে কঠোর হয়। কিন্তু গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়ে যায় কয়েকগুণ। সচিবালয়ে গতকালের মনিটরিং সভায় সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার বিষয়গুলো আলোচিত হয়। সভা শেষে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা এবং তাদের কর্মস্থলে ফেরার পথ অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি নির্বিঘ্ন ছিল। এবার প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। গত বছর ছিল ৯০ জন। কিন্তু এতে স্বস্তির কোন কারণ নেই, প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি, এসব ঘটনা বেদনাদায়ক। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার প্রস্তুতিও আমরা শুরু করতে যাচ্ছি। ঢাকা মহানগরীর এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলো নির্বিঘ্ন করতে এখন থেকে কাজ শুরু হয়েছে। এবার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের উপর ও আশেপাশে কোরবানির পশুরহাট না বসানোর বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। যোগাযোগ মন্ত্রী বলেন, দুর্ঘটনাস্থলের সড়কে কোন সমস্যা ছিল না। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালনাই দুর্ঘটনার কারণ। সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।