শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলাদেশের দিকেই আছে

news-image

এক অর্থে এটা তার কামব্যাক সিরিজ। বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর পাকিস্তান সিরিজটা খুব ভালো ছিল না। নিজেই একদিন বলছিলেন, ভারতের বিপক্ষে সিরিজেই আবার সেরা ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী। তখনই ইনজুরি ছিটকে দিয়েছিলো তাকে। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে স্বরূপেই ফিরে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 
আর বুধবার দারুণ ধৈর্য্যশীল ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, ইনজুরি তার কাছ থেকে ফর্ম কেড়ে নিতে পারেনি। দিনশেষে অবশ্য রিয়াদ নিজেকে নিয়ে নয়, দল নিয়েই ভাবছেন। আর সে ভাবনায় একটা জিনিস খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে, ম্যাচ এখনও তাদেরই হাতে, ‘আমার মনে জয় ৬০ ভাগ আমাদের দিকে। ৬৫-৩৫ ভাগও হতে পারে। সচরাচর এই সুযোগটি আমরা পাই না। সবাই এই বড় সুযোগটি ব্যবহার করতে চাইবে। কালকের প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সেশনে আমরা যতকম উইকেট হারিয়ে, আমাদের ব্যাটিং শক্তি অনুযায়ি ব্যাটিং করতে পারি। তাহলে এটা আমাদের জন্যই ভাল। আশা করি বড় স্কোর করতে পারব।’ 
বাংলাদেশের ব্যাটসম্যানরা সাধারণত একটু স্ট্রোক প্লে করতে পছন্দ করেন। কিন্তু দ্বিতীয় দিনে দেখা গেলো তামিম ইকবালও ধীরে চলার নীতি নিলেন। রিয়াদ বলছেন, উইকেট আর ভালো বোলিং বিবেচনায়ই এই ব্যাটিং স্টাইল, ‘আমার মনে হয় উইকেটের জন্যই। উইকেটটা খুব ভাল নয়। একটু কষ্ট করে ব্যাটিং করতে হচ্ছিল। ওরাও খুব ভাল এরিয়ায় বোলিং করছিল। আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, তখন আমাদের চিন্তা ছিল বড় একটি জুটি গড়া, জুটিটা যত বড় করা যায়। দূর্ভাগ্যজনক ভাবে তামিম আউট হয়ে যায়। তামিম আউট হওয়ার পর আমিও আউট হয়ে গেলাম।’ 
তবে সার কথা হলো, ব্যাটিংয়ের সময় এতো কিছু মাথায় কখনোই রাখেন না রিয়াদ, ‘আমি এতো বেশি খুব একটা চিন্তা করি না। আসলে নরম্যাল ব্যাটিং করার চেষ্টা করেছি। বাজে বোলিংয়ের জন্য অপেক্ষা করেছি। আমরা জানতাম আমাদের জন্য রান করাটা এতো সহজ হবে না। আমাদের একটু সচেতন থেকেই ব্যাটিং করতে হবে।’ 
আর ব্যাটিংয়ে এই যে একটা ভালো অবস্থায় আছেন, সে জন্য কৃতিত্ব দিচ্ছেন তিনি ওপেনারদের, ‘আমরা সব সময় বিশ্বাস করি আমাদের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলি। তামিম-ইমরুল খুব ভাল শুরু করেছিল। ইমরুল-সৌরভ হয়তো আজকে ঠিকমত ক্লিক করতে পারেনি। আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম আমাদের পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করার। তাহলে আমাদের চান্সটা বেশি থাকবে। আমার মনে হয় প্রথম ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কারন পিচটাও কিছুটা হলেও রাফ হচ্ছে। এই জিনিসটা হয়তো আমাদের স্পিনারদের জন্য হেল্পফুল হবে।’একটা ব্যাপাররে ইতিমধ্যে টেস্টেও বাংলাদেশের ব্যাটসম্যানরা দৃষ্টি কেড়েছেন। টেস্ট র‍্যাংকিংয়ের সেরা দরে থাকা তিন বোলার স্টেইন, মরকেল ও ফিল্যান্ডারকে সারা দিন ধরে হতাশ করেছেন। রিয়াদ বলছিলেন, ‘সিরিজ শুরুর আগে আমরা সবার ভিডিও গুলো দেখি। মরকেল, স্টেন, ফিল্যান্ডার  সবাই ছিল। এছাড়া যে স্পিনারটা বোলিং করছে সেও মোটামুটি টার্ন পাচ্ছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। কিছু কঠিন এরিয়াও তৈরি হচ্ছে।’