বিএনপির পথে জাপা সাড়ে ছয় বছর ধরে সংসদে বিরোধী দলীয় উপনেতা নেই
নবম জাতীয় সংসদের পুরো পাঁচ বছর মেয়াদ শেষ হয়েছিল বিরোধী দলীয় উপনেতা ছাড়াই। ওই সংসদের প্রধান বিরোধী দল বিএনপি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কাউকে এই পদে মনোনয়ন দিতে পারেনি। এখন বিএনপির পথ ধরছে বর্তমান দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা)। এইচএম এরশাদের দলও অভ্যন্তরীণ কোন্দলে গত দেড় বছরেও কাউকে বিরোধী দলীয় উপনেতা করতে পারেনি।
প্রসঙ্গত, অষ্টম সংসদে ট্রেজারি বেঞ্চে ছিল বিএনপি। ২০০১ সালে সরকার গঠনের পর পরই বিএনপি তত্কালীন পররাষ্ট্র মন্ত্রী অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীকে সংসদ উপনেতা নিয়োগ করে। কিছুদিনের মাথায় তিনি রাষ্ট্রপতি হওয়ার পর অষ্টম সংসদের একেবারে শেষদিন পর্যন্ত দলীয় কোন্দলের কারণে বিএনপি আর কাউকে সংসদ উপনেতা করেনি। তখনকার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও তত্কালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বিরোধের কারণে শেষ পর্যন্ত কাউকেই উপনেতার পদে বসাতে পারেনি বিএনপি। আর নবম সংসদে বিরোধী দলে থাকতে দলের স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত বিরোধী দলীয় উপনেতা ছাড়াই পুরো সংসদের মেয়াদ অতিবাহিত করেছিল বিএনপি। তবে সরকারে বা বিরোধী দলে থাকতে কখনও সংসদ উপনেতা কিংবা বিরোধী দলীয় উপনেতার পদ খালি রাখেনি আওয়ামী লীগ।
বাংলাদেশ জাতীয় সংসদ সর্বশেষ বিরোধী দলীয় উপনেতা পেয়েছিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অষ্টম সংসদে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় সর্বশেষ তিনিই ছিলেন বিরোধী দলীয় উপনেতা। এবার দশম সংসদে মূলত বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের পছন্দের দ্বন্দ্বের কারণেই এখনও কাউকে বিরোধী দলীয় উপনেতা করতে পারেনি দলটি। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলীয় উপনেতা মনোনীত করা হয়েছে জানিয়ে গত বছরের ২৭ জুলাই ও ৮ সেপ্টেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দুই দফা চিঠি দিয়েছিলেন রওশন এরশাদ। তার এই সিদ্ধান্তে বাগড়া দেন এরশাদ, তিনিও স্পিকারকে দুই দফা চিঠি দেন। গত বছরের জুলাইয়ের শেষদিকে জাপার সংসদীয় দলের বৈঠক ডেকে ফিরোজ রশীদকে বিরোধী দলীয় উপনেতা করার সিদ্ধান্ত নেন রওশন। তখন ৭ আগস্ট এক বিবৃতিতে এরশাদ জানান, বিরোধী দলীয় উপনেতার বিষয়ে জাপা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। পরে এরশাদের একটি চিঠি স্পিকারকে দিয়ে আসেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ওই চিঠিতেও এরশাদ স্পিকারকে জানান, বিরোধী দলীয় উপনেতা কাকে করা হবে-এ বিষয়ে জাপা এখনও সিদ্ধান্ত নেয়নি। এনিয়ে বিরোধের জের ধরেই ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়কের পদ থেকে তখন ফিরোজ রশীদকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। এরপর গত বছরের ৯ সেপ্টেম্বর স্পিকারকে দেয়া দ্বিতীয় চিঠিতে এরশাদ লেখেন ‘জাপার গঠনতন্ত্র অনুযায়ী বিরোধী দলীয় উপনেতা মনোনয়নের এখিতয়ার দলীয় চেয়ারম্যানের।’ সেই ক্ষমতাবলে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে বিরোধী দলীয় উপনেতা মনোনয়ন করা হয়েছে জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তিনি স্পিকারকে অনুরোধ জানান। এখনও বিরোধী দলীয় উপনেতার পদ শূন্য থাকার বিষয়ে জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু গতকাল ‘ইত্তেফাককে’ বলেন বিএনপি উপনেতা দিতে পারেনি বলে আমরাও পারবো না-বিষয়টি তা নয়। বর্তমান সংসদে মেয়াদ এখনও আরও প্রায় সাড়ে তিন বছরের মতো আছে। এরমধ্যে হয়ে যাবে। তবে এ ব্যাপারে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’ আর বিরোধী দলীয় নেতা রওশনের রাজনৈতিক সচিব ফখরুল ইমাম এমপি ইত্তেফাককে জানান, রওশন ও এরশাদ দুই দফা করে স্পিকারকে পাল্টাপাল্টি চিঠি দেয়ার পর বিষয়টি ওইভাবেই পড়ে আছে। এ বিষয়ে নতুন করে কোনো অগ্রগতি নেই। তার মতে, বিরোধী দলীয় উপনেতার পদটি সংসদের একটি গুরুত্বপূর্ণ অংশ, যাকেই করা হোক-একজনকে করা উচিত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, তিনি রওশন ও এরশাদের কাছ থেকে চিঠি পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। জাপা সূত্রে জানা গেছে, বিরোধী দলীয় উপনেতার পদ নিয়ে দলীয় দ্বন্দ্ব মেটাতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পৃথকভাবে গিয়েছিলেন এরশাদ ও রওশন। তাতেও মতৈক্যে পৌঁছুতে পারেননি তারা দু’জন।











