,

নতুন মেয়াদে প্রথম বিদেশ সফরে জার্মানির পথে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০ মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে। খবর-বাসস

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি সকালে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) -এর প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনের একই বৈঠক কক্ষে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং কনফারেন্স হলে হোটেল বেইরিশার হফ-এ কনফারেন্স চেয়ারের বক্তব্যকে স্বাগত জানাতে পারেন।

একই দিন বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ সম্মেলনস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী হোটেল বেইরিশার হফ-এ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গেও বৈঠক করবেন। শেখ হাসিনা এরপর হোটেল বেইরিশার হফের মেইন হল আই-এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন। রাতে জার্মানিতে বার্গারহাউস গার্চিং-এ প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি সংবর্ধনায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

১৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী হোটেল বেইেরিশার হফ-এ কিংডম অব নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হোটেল বেইরিশার হফ-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেনজা শুলজে সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা ও ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে বৈঠকটি কনফারেন্স ভেন্যু’র গার্ডেন সেলুনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী পরে কিসারসাল মিউনিখের বাসভবনে ইওয়াল্ড ভন ক্লিস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী (মিউনিখ সময়) ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় (ঢাকা সময়) প্রধানমন্ত্রীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত